সুপ্রিম কোর্টেও জামিন মিলল না, পুজো জেলেই কাটাতে হবে মানিককে
আশাপূরণ হল না প্রাক্তন পর্ষদ সভাপতির। সুপ্রিম কোর্ট মানিক ভট্টাচার্যের আবেদনে সাড়া দিল না। জামিন পেলেন না নদিয়ার নাকাশিপাড়ার বিধায়ক মানিক ভট্টাচার্য। পুজোর সময় তাকে জেল হাজতেই থাকতে হবে।
কলকাতা হাইকোর্টে একের পর এক জামিনের আবেদন নামঞ্জুর হয়েছে। আবেদন হলেও শুনানি পিছিয়ে যাচ্ছে। দীর্ঘ হচ্ছে জেলজীবন। এই অবস্থায় সর্বোচ্চ আদালতে দ্বারস্ত হয়েছিলেন মানিক ভট্টাচার্য। আইনজীবীদের তরফ থেকে জামিনের আবেদন করা হয়। কিন্তু পঞ্চমীর সকালে শুকনো মুখেই ফিরতে হল তাদের। জামিন পাওয়া গেল না।

শুধু তাই নয়, কলকাতা হাইকোর্ট এই মামলার বিচার করছে। কাজেই জামিনের সিদ্ধান্ত কলকাতা হাইকোর্ট নেবে। একথাও পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ এই সিদ্ধান্ত জানিয়েছে। বিচারপতি এ এস বোপান্না ও পিএস নরসিংহের ডিভিশন বেঞ্চে আবেদন করা হয়েছিল। বিচারপতিরা শুক্রবার এই বক্তব্য জানিয়ে দিয়েছেন।
সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চে মানিক ভট্টাচার্যের শারীরিক অবস্থার কথা জানিয়ে জামিনের আবেদন করা হয়েছিল। আইনজীবীর তরফে জানানো হয়, এক বছরের বেশি সময় ধরে তার মক্কেল জেল হাজতে রয়েছেন। বাইপাস সার্জারি হয়ে গিয়েছে তার। শারীরিক অবস্থা মোটেও ভালো নয়।
চার্জশিটে মানিক ভট্টাচার্যের নাম রয়েছে। শারীরিক অবস্থার কথা চিন্তা করে সুপ্রিম কোর্ট মানিক ভট্টাচার্যকে জামিন দিক। কিন্তু এই আবেদনে সাড়া দেয়নি সুপ্রিম কোর্ট। জানানো হয়েছে, এই বিষয়ে বিচারপতিরা কোনও হস্তক্ষেপ করতে পারবে না।
কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে মানিক ভট্টাচার্যের মামলা চলছে। সেখানেই মামলা চলবে। বিচারপতি যে সিদ্ধান্ত নেবেন, তাই মানতে হবে। তবে পরবর্তী শুনানিতে যাতে জামিনের বিষয়ে কথা হতে পারে, সুপ্রিম কোর্ট সে কথা বলেছে। আগামী ১৭ নভেম্বর কলকাতা হাইকোর্টে এই মামলার শুনানি রয়েছে। অর্থাৎ বাকি দিনগুলো হাজতেই থাকতে হবে মানিক ভট্টাচার্যকে।












Click it and Unblock the Notifications