পশ্চিমবঙ্গ জুড়ে পরপর পাঁচ দিন বজ্রবিদ্যুৎ-সহ ব্যাপক ঝড়-শিলাবৃষ্টির পূর্বাভাস! অরেঞ্জ ওয়ার্নিং আবহাওয়া দফতরের
ঝাড়খণ্ড এবং সংলগ্ন এলাকার ওপরে ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার কারণে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে প্রবেশ করছে। যে কারণে ২৩ মে থেকে ২৭ মের মধ্যে রাজ্য জুড়ে বজ্রবিদ্যুৎ-সহ ঝড় এবং শিলাবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার থেকে শনিবারের মধ্যে রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুৎ-সহ ঝড় হতে পারে। যে কারণে উত্তর ও দক্ষিণবঙ্গ জুড়ে অরেঞ্জ ওয়ার্নিং দিয়েছে আবহাওয়া দফতর। আবহাওয়া দফতর জানিয়েছে মাঠে থাকা ফসল, কাঁচা বাড়ির ক্ষতি হতে পারে। দৃশ্যমানতা কমে যেতে পারে। অন্যদিকে পাহাড়ি এলাকায় ধসও নামতে পারে।

সতর্কবার্তায় আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় ২৩ ও ২৪ মে ঘন্টায় ৫০-৬০ কিমি বেগে কালবৈশাখী বয়ে যেতে পারে। সঙ্গে বজ্রবিদ্যুৎ এবং কোনও কোনও জায়গায় শিলাবৃষ্টিও হতে পারে। ২৫ মে বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ-সহ ঘন্টায় ৫০-৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায়।
২৬ ও ২৭ মে শুক্রবার ও শনিবার দক্ষিণবঙ্গের কোনও কোনও জায়গায় ঘন্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সঙ্গে হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনার কথাও জানিয়েছে আবহাওয়া দফতর।

আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তরবঙ্গের জেলাগুলিতে ২৩ ও ২৪ মে ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। ২৫ মে কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ এবং ঘন্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। একইসঙ্গে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।
২৬ ও ২৭ মে অর্থাৎ শুক্রবার ও শনিবার উত্তরবঙ্গের জেলাগুলির কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। সতর্কতা জারি করে আবহাওয়া দফতর বলেছে বজ্রপাতের সময় পাকা ছাদের তলায় আশ্রয় নিতে হবে। গাছের তলায় থাকা যাবে না। ফাঁকা জায়গায় বেরনো যাবে না।












Click it and Unblock the Notifications