ভাই চাকরি পাওয়ায় বাড়িতে আগুন লাগাল দাদা, মৃত বেড়ে ৬
পারিবারিক বিবাদ কোন পর্যায়ে পৌঁছতে পারে তার নয়া নিদর্শন হয়ে রইল মালদহের মানিকচক গ্রাম।
পারিবারিক বিবাদ কোন পর্যায়ে পৌঁছতে পারে তার নয়া নিদর্শন হয়ে রইল মালদহের মানিকচক গ্রাম। এই এলাকার মদনটোলা গ্রামে ভাইয়ের বাড়িতে আগুন লাগানোর অভিযোগ উঠল দাদার বিরুদ্ধে। অভিযোগ পেয়ে পুলিশ তদন্তে নেমেছে। ঘটনায় মারা গিয়েছেন ৬ জন।

বাবার মৃত্যুর পর সবচেয়ে ছোট ছেলে সেই চাকরি পায়। যা সহ্য করতে পারেনি দাদা। পুলিশ সূত্রে খবর, গেদু মন্ডল রাজ্য পুলিশে কর্মরত ছিলেন। কর্মরত অবস্থায় তিনি মারা গেলে সরকারি নিয়ম মেনে বাড়ির একজনকে চাকরি দেওয়া হয়। সেইমতো বাড়ির ছোট ছেলে গোবিন্দ চাকরি পায়।
এই নিয়ে বিবাদ চলছিল বড় দাদা মাখনের সঙ্গে। অভিযোগ, আচমকা এই ঘটনায় ক্ষিপ্ত হয়ে মাখন দুই ভাই গোবিন্দ ও বিকাশের বাড়িতে আগুন লাগিয়ে দেয়। ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে প্রথমে চারজনের মৃত্যু হলে পরে আরও দুজন মারা গিয়েছেন। সবমিলিয়ে মোট ছয়জন মারা গিয়েছেন বলে খবর। এর মধ্যে বেশ দুজন শিশু ও এক কিশোরী রয়েছে।
সোমবার গোবিন্দ মন্ডল ও তাঁর দুই সন্তানের মৃত্যু হয়। রাত থেকে সকাল পর্যন্ত আরও তিনজনের মৃত্যু হয়েছে। গোবিন্দ মন্ডলের স্ত্রী, তাঁর ভাই ও ভাইয়ের মেয়ে। এছাড়া আরও দুজন মালদহ মেডিক্যাল কলেজে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।
এই ঘটনায় একজন গ্রেফতার হয়েছে। অভিযুক্ত মাখন মন্ডলের স্ত্রী কাঞ্চন মন্ডলকে গ্রেফতার করা হয়েছে। মাখন পলাতক। পুলিশের অভিযোগ, পেট্রোল ঢেলে পরিকল্পনা করে ভাইদের বাড়িতে আগুন লাগিয়েছে মাখন। ফরেনসিক রিপোর্ট এসে গেলে তাঁর ভিত্তিতেই পুলিশ তদন্ত এগিয়ে নিয়ে যাবে বলে জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications