বাবুলের আশায় বসে রয়েছেন দিলীপ! মমতার কেন্দ্রে প্রচার-পরিকল্পনায় তরজা অব্যাহত
বাবুলের আশায় বসে রয়েছেন দিলীপ! মমতার কেন্দ্রে প্রচার-পরিকল্পনায় তরজা অব্যাহত
রাজনীতির পাট চুকিয়েছেন মাস দেড়েক আগে। শুধু কর্তব্যের খাতিরে সাংসদ পদে রয়েছেন। কিন্তু আর তাঁকে রাজনৈতিক মঞ্চে দেখা যাবে না। ফলাও করে বলেছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী খাতায় কলমে বিজেপির সাংসদ বাবুল সুপ্রিয়। কিন্তু তাঁর নাম বিজেপির প্রচারকের তালিকায় জ্বলজ্বল করতেই জল্পনার বাতাবরণ তৈরি হয়।

বাবুলের রাজনৈতিক সন্ন্যাস-পর্ব শেষ! জল্পনা
তবে কি বাবুল সুপ্রিয় ফিরছেন রাজনীতির অলিন্দে। রাজনৈতিক সন্ন্যাস-পর্ব শেষ! না, জল্পনার অবসান ঘটিয়ে বাবুল সুপ্রিয় জানিয়ে দিয়েছিলেন, তিনি তাঁর সিদ্ধান্ত অনড় রয়েছেন। ভবানীপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী তাঁর কাছের লোক হলেও তিনি প্রচার করবেন না। তিনি শুভেচ্ছা জানিয়েছেন, কিন্তু প্রচারে না করে দিয়েছেন।

বাবুল সুপ্রিয়কে নিয়ে দিলীপ ঘোষের বার্তা
বাবুলের এহেন বার্তার পরও কিন্তু আশায় রয়েছেন দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ জানান, এখন প্রচার সেভাবে শুরু হয়নি। পার্টি সিদ্ধান্ত নিয়েছে কাকে কাকে নামানো হবে প্রচারে। তারকা প্রচারকের তালিকা প্রকাশ করা হয়েছে। কিন্তু তারকা প্রচারকের তালিকায় থাকা রাজনীতি থেকে অবসর নেওয়া বাবুল সুপ্রিয় তো বলে দিয়েছেন তিনি প্রচার করবেন না। তখন দিলীপ ঘোষ বলেন, কারও সমস্যা থাকলে আলোচনা করা যাবে।

বিজেপি সিস্টেম মেনে বার্তা দিলীপের
বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ আরও বলেন, রাজনৈতিক মঞ্চে বাবুল সুপ্রিয় আসবেন না বপে জানিয়ে দিয়েছেন, এ ব্যাপারে আমি কিছু জানি না। আমাদের পার্টি বিজেপি একটি সিস্টেম মেনে চলে। সেই সিস্টেম অনুযায়ীই দল কথা বলবে। কারও সুবিধা-অসুবিধা থাকলে দলই সিদ্ধান্ত নেবে। তবে এখনও সময় আছে। দল চায় সবাইকে কাজে লাগাতে।

যতই তারকা প্রচারকের তালিকায় থাকুন বাবুল
বাবুল সুপ্রিয় এদিকে নাছোড়বান্দা। দল যতই তারকা প্রচারকের তালিকায় তাঁর নাম রাখুক, তিনি চান না আর রাজনৈতিক মঞ্চে উঠতে। তিনি তাঁর সিদ্ধান্তে অনড় রয়েছেন। বাবুল সুপ্রিয় অনুগামী নেত্রী প্রিয়াঙ্কা টিবরেওয়াল মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভবানীপুরে প্রার্থী হওয়ায় শুভেচ্ছা জানান বাবুল সুপ্রিয়। তারপর ট্রোলের বন্যা বয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। তার অদ্যাবধি পরেই তিনি জানিয়ে দেন বিজেপি প্রার্থীর হয়ে প্রচার করবেন না তিনি।

কেন্দ্রীয় মন্ত্রিত্ব চলে যাওয়ার পর বাবুল সুপ্রিয়
বাবুল সুপ্রিয় ২০১৪ ও ২০১৯-এর ভোটে জিতে দুবারই কেন্দ্রীয় মন্ত্রী হয়েছিলেন। তাঁকেই আবার ২০২১-এর নির্বাচনে টালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে প্রার্থী করা হয়। সেখানে অরূপ বিশ্বাসের বিরুদ্ধে তাঁর হারের পর থেকেই জল্পনা শুরু হতে থাকে। কেন্দ্রীয় মন্ত্রিত্ব চলে যায়। তারপরই রাজ্য রাজনীতিতে তোলপাড় ফেলে তিনি রাজনীতি ছাড়ার কথা ঘোষণা করে দেন।












Click it and Unblock the Notifications