দলের নেতা-কর্মীদের ঘূর্ণিঝড় বিধ্বস্ত মানুষের পাশে থাকার নির্দেশ দিলীপের, তুলে ধরলেন 'ভয়ে'র কথাও
দলের নেতা-কর্মীদের ঘূর্ণিঝড় বিধ্বস্ত মানুষের পাশে থাকার নির্দেশ দিলীপের, তুলে ধরলেন 'ভয়ে'র কথাও
ধেয়ে আসছে ইয়াস (cyclone yaas)। আবহবিদরা বলছেন, বেগ হতে পারে আম্ফানের থেকে বেশি। সেই পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে দলের নেতা ও কর্মীদের নির্দেশ দিলেন, রাজ্য বিজেপির (bjp) সভাপতি দিলীপ ঘোষ (dilip ghosh)। এব্যাপারে বিভিন্ন জেলার সবস্তরে নেতাদের সতর্ক করা হয়েছে।

শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ইয়াস
আবহাওয়া দফতরের দেওয়া পূর্বাভাস অনুযায়ী ২৪ মে অর্থাৎ সোমবার সকাল নাগাদ নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হবে। আর পরবর্তী ২৪ ঘন্টায় তার শক্তি আরও বাড়বে। উত্তর ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে ২৬ মে অর্থাৎ বুধবার বিকেল নাগাদ ওড়িশার পারাদ্বীপ এবং সাগর দ্বীপের মধ্য আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।

ক্ষয়ক্ষতির আশঙ্কা জেলায় জেলায়
২০২০-র মে মাসে হওয়া ঘূর্ণিঝড় আম্ফানে সব থেকে বেশি ক্ষতি হয়েছিল, পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়। এবারও এই তিন জেলাতেই বেশি প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। যা নিয়ে এই তিন জেলা প্রশাসনকে সতর্ক করা হয়েছে। জেলা প্রশাসনের তরফ থেকে ফ্লাড সেন্টার খোলা থেকে বিভিন্ন সতর্কতা মূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এই তিন জেলা ছাড়াও কলকাতা-সহ আশপাশের জেলাগুলিতেও কমবেশি প্রভাব পড়তে পারে, আশঙ্কা করছে প্রশাসন।

দিলীপ ঘোষের নির্দেশ
আগে থেকেই দলের নেতা কর্মীদের ত্রাণ কার্যে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দিয়ে রেখেছেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। এদিন তিনি বলেছেন, সব জায়গাতেই নেতা-কর্মীদের সতর্ক থাকতে বলা হয়েছে। তিনি বলেছেন, ভোট পরবর্তী হিংসার কারণে বিভিন্ন জেলায় তাঁদের ত্রাণ শিবির রয়েছে। তার পাশাপাশি ঘূর্ণিঝড় হলে, সাধারণ মানুষের পাশে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। যেই কারণে খাবার থেকে ত্রিপল সব ধরনের সামগ্রীর ব্যবস্থা রাখার জন্য বলা হয়েছে।

রাজনৈতিক বাধার ভয়
দিলীপ ঘোষ এদিন গতবার আম্ফানের সময়ের অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন। তিনি বলেছেন, ত্রাণের কাজ করতে গিয়ে বাধা তৈরি হতে পারে। সুকান্ত মজুমদার, জন বার্লার মতো সাংসদকে ত্রাণের কাজে বাধা দেওয়া হয়েছিল। আর সুকান্ত মজুমদারকে তো হাইকোর্টের কাছেও যেতে হয়েছিল। তিনি বলেন, প্রশাসনের তরফে তাদের ত্রাণের কাজে বাধা দেওয়া হয়েছিল। করোনা পরিস্থিতিতেও সেই কজা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। তবে ঘূর্ণিঝড় বিধ্বস্ত মানুষদের পাশে দাঁড়াতে প্রশাসন যাতে বাধা না দেয় তার জন্য তিনি আগেভাগেই আবেদন করে রেখেছেন।












Click it and Unblock the Notifications