বিজেপিতে মুকুল রায়ের অবস্থান কোথায়, স্পষ্ট করলেন দিলীপ ঘোষ
রাজ্য বিজেপির বিভিন্ন পর্যায়ের রদবদল হয়েছে। তাতে কোথাও কোনও পদে দেখা যায়নি মুকুল রায়কে। যা নিয়ে জল্পনা কম হয়নি। তবে এদিন সেই সব জল্পনায় জল ঢাললেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ।
রাজ্য বিজেপির বিভিন্ন পর্যায়ের রদবদল হয়েছে। তাতে কোথাও কোনও পদে দেখা যায়নি তৃণমূল কংগ্রেস থেকে আগত মুকুল রায়কে। যা নিয়ে জল্পনা কম হয়নি। তবে এদিন সেই সব জল্পনায় জল ঢাললেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। এদিন তিনি নদিয়ায় গিয়েছিলেন দলের এক অনুষ্ঠানে যোগ দিতে।

মুকুল রায় সর্বভারতীয় নেতা
দিলীপ ঘোষকে এদিন প্রশ্ন করা হয়েছিল, বিজেপি রাজ্য কমিটিতে কেন ঠাঁই হল না মুকুল রায়ের। সেই সময় দিলীপ ঘোষ স্পষ্ট বলেন, মুকুল রায় সর্বভারতীয় নেতা। দলের কেন্দ্রীয় নেতৃত্ব তাঁকে কাজে লাগাচ্ছে।

মুকুল রায়ের মন্ত্রী হওয়া নিয়ে দিলীপ ঘোষ
মুকুল রায়কে মন্ত্রী করা হবে কিনা, তা নিয়ে জল্পনা তুঙ্গে। এপ্রসঙ্গে দিন কয়েক আগে দিলীপ ঘোষ বলেন, তিনি তো কাউকে মন্ত্রী করেন না। কেন্দ্রীয় নেতৃত্ব ঠিক করবে কাকে মন্ত্রী করবে, কাকে করবে না। তিনি আরও বলেন, মুকুল দা বরিষ্ঠ নেতা। তিনি মন্ত্রী হতেই পারেন। তিনি বলেন মুকুলদা হচ্ছেন কিনা তিনি জানেন না। তবে বাংলা থেকে আরও অনেকে মন্ত্রী হচ্ছেন, এমন খবর আছে।

মুকুল রায়কে গুরুত্ব
অমিত শাহের ডাকে দিল্লি গিয়েছেন মুকুল রায়। তাঁকে আলাদা করে ডেকে পাঠানো হলেও, মুকুল রায়ের গুরুত্ব বেড়েছে দলের সাংগঠনিক পরিবর্তনের সময় থেকেই। দলের বিভিন্ন শাখায় শীর্ষে মুকুল অনুগামীদের অনেকেই জায়গা করে নিয়েছেন।

খুব শীঘ্রই বিশেষ দায়িত্ব মুকুল রায়কে
বিজেপি সূত্রে খবর, খুব শীঘ্রই বিশেষ দায়িত্ব দেওয়া হতে পারে মুকুল রায়কে। শোনা যাচ্ছে তাঁকে স্বরাষ্ট্র দফতরের রাষ্ট্রমন্ত্রীও করা হতে পারে। ২০২১-এর বিধানসভা নির্বাচনের আগে রাজ্য রাজনীতিতে মুকুল রায়ের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে।

মুকুল রায়ের অভিজ্ঞতাকে গুরুত্ব
তৃণমূল প্রতিষ্ঠার সময় থেকেই দল ছাড়ার আগে পর্যন্ত ঘাস ফুল শিবিরের অঘোষিত দ্বিতীয় ব্যক্তি ছিলেন মুকুল রায়। তৃণমূলের তরফে মুকুল রায় ২০০১, ২০০৬, ২০১১-র বিধানসভা ভোট কার্যত দলের তরফে পরিচালনা করেছিলেন। অন্যদিকে, ২০০৯ সালে লোকসভা নির্বাচনের পর বামেদের তরফে রাজ্যে প্রশাসনিক বাধন কার্যত আলগা হয়ে যায়। অনেকেই বলেন, মুকুল রায় ঘনিষ্ঠ পুলিশ আধিকারিকরা সেই সময় যথেষ্টই সাহায্য করেছিলেন। মুকুল রায়ের সেই সব অভিজ্ঞতাকে কাজে লাগাতে চায় বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব।












Click it and Unblock the Notifications