পাহাড়ে নির্বিচারে পুলিশের গুলি অগণতান্ত্রিক ও অমানবিক, ব্যাখ্যা দিলীপের
পাহাড় নিয়ে সর্বদল বৈঠকের পরও প্রশাসনের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ উঠল। ধরপাকড়ের নামে পুলিশ গুলি চালিয়ে হত্যা করছে মোর্চা সমর্থকদের, এটা যুক্তিযুক্ত নয়।
পাহাড় ইস্যুতে রাজ্য প্রশাসনের ভূমিকার কঠোর সমালোচনা করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। পাহাড়ের মানুষের উপর নির্বিচারে গুলি চালানো হচ্ছে বলে তিনি অভিযোগ করেন রাজ্য পুলিশের বিরুদ্ধে। এই ঘটনাকে তিনি অগণতান্ত্রিক ও অমানবিক বলেও ব্যাখ্যা করেন।
দিলীপবাবু বলেন, যাঁদের উপর রাজ্য প্রশাসন নির্বিচারে গুলি চালাচ্ছে, তাঁরা এ দেশে রয়েছেন, এ দেশের নাগরিক তাঁরা। তাঁরা এদেশের সংবিধান মানেন। তাই তাঁদের উপর গুলি চালানোর অধিকার নেই রাজ্য প্রশাসনের। কিন্তু সেই মানবিকতা উপেক্ষা করে পাহাড়ে গুলি চলছে। একবার নয়, একাধিকবার এই ঘটনা ঘটেছে।

এমনকী পাহাড় নিয়ে সর্বদল বৈঠকের পরও প্রশাসনের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ উঠল। ধরপাকড়ের নামে পুলিশ গুলি চালিয়ে হত্যা করছে মোর্চা সমর্থকদের, এটা যুক্তিযুক্ত নয়। রাজ্য মুখে বলছে, আলোচনার মাধ্যমে সমস্ত সমস্যার সমাধান করা হবে। কিন্তু কাজে তা করছে না। ফলে সংকট তীব্রতর হচ্ছে।
দিলীপবাবুর কথায়, কেন্দ্রীয় সরকার পাহাড়ে সমস্যার সমাধানে সমস্তরকম সাহায্য করতে প্রস্তুত। কিন্তু রাজ্যের তরফে কোনও উদ্যোগ নেই। তাঁরা বন্দুকের নল উঁচিয়ে সমাধানের রাস্তা তৈরিতে মন দিয়েছেন। কিন্তু আলোচনার টেবিলে আসছেন না। যদিও বা নবান্নে একবার সর্বদল বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী, তারপরই অশান্তির আঁচ দ্বিগুণ হয়ে গেল। রাজ্য সরকার নমনীয় না হলে পাহাড়ে শান্তি ফিরবে না বলেই মত বিজেপি রাজ্য সভাপতির।












Click it and Unblock the Notifications