নন্দীগ্রামে লাশ গায়েব করেছিল সিপিএম, করোনায় দেহ লোপাট করছে তৃণমূল! বিস্ফোরক দিলীপ
নন্দীগ্রাম প্রসঙ্গে্ টেনে করোনা ইস্যুতে রাজ্য সরকারকে একহাত নিলেন বিজেপি সভাপতি দিলীপ ঘোষ।
নন্দীগ্রাম প্রসঙ্গে্ টেনে করোনা ইস্যুতে রাজ্য সরকারকে একহাত নিলেন বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। রাজ্য সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করে তিনি বলেন, নন্দীগ্রামে সিপিএম লাশ গায়েব করেছে, এখন করোনায় লাশ গায়েব করছে তৃণমূল সরকার। তাঁর এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে বিতর্ক চরমে উঠেছে।

সরাসরি অভিযোগ দেহ লোপাটের
করোনায় আক্রান্ত ও মৃত্যু নিয়ে তথ্য গোপন করা হচ্ছে বলে বিজেপি সাংসদ আগেও সরব হয়েছিলেন। এবার তিনি সরাসরি অভিযোগ আনলেন দেহ লোপাটের। শনিবার সাংবাদিক বৈঠকে দিলীপ ঘোষ বলেন, রাজ্য যে তথ্য সামনে এনেছে, তার থেকে অন্তত চারগুণ মানুষ আক্রান্ত হয়েছেন। মৃত্যুও হয়েছে বেশি।

ভয় দেখিয়ে তথ্য গোপন
বিজেপি রাজ্য সভাপতি আরও বলেন, ভয় দেখিয়ে ডাক্তার, হাসপাতাল কর্তৃপক্ষ, পুলিশ-প্রশাসনের মুখ বন্ধ রাখা হয়েছে। এমনকী সংবাদমাধ্যমেরও কণ্ঠরোধ করা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন। দিলীপবাবু আরও বলেন, কিছু তথ্য সামনে এলেও সংবাদমাধ্যমকে তা লিখতে দেওয়া হচ্ছে না। তা বুমেরাং হতে পারে।

অডিট কমিটি মৃত্যুর কারণ জানতে
তিনি বলেন, নবান্ন একটি অডিট কমিটি তৈরি করেছে। করোনায় মৃতদের পূর্বের কোনও অসুস্থতা ছিল কি না খতিয়ে দেখার জন্যই এই কমিটি করা হয়। যাদেরই হৃদরোগ বা কঠিন কোনও সমস্যা ছিল বলে জানা যাচ্ছে, তাদের করোনায় মৃত বলে গণ্য করা হচ্ছে না। সেই দেহ লোপাট করে দেওয়া হচ্ছে।

লকডাউন মানছে না সরকার
এদিন লকডাউন মানা হচ্ছে না বলেও চাঞ্চল্যকর অভিযোগ করেন দিলীপ ঘোষ। তিনি মুখ্যমন্ত্রী ও তাঁর সঙ্গীদের বিরুদ্ধেই লকডাউন ভাঙার অভিযোগ করেন। দিলীপ ঘোষ বলেন, তৃণমূলের সঙ্গীরাই লকডাউন ভেঙে রাস্তায় নামছে। সরকার বা সরকারের প্রতিনিধিরাই যদি এমন করে, তাহলে মানুষ কেন ঘরবন্দি থাকবে!

রেশন দুর্নীতি নিয়ে দিলীপ
এদিন রেশন দুর্নীতি নিয়েও শাসকদলকে কাঠগড়ায় তোলেন দিলীপ ঘোষ। তিনি বলেন, মুখ্যমন্ত্রীর গাফিলতির কারণেই এই রেশন দুর্নীতি ঘটেছে। এরপরই তৃণমূলের নেতা-মন্ত্রীরা দিলীপকে পাল্টা দেন। দিলীপবাবুকে নিয়ে আর কী বলব। উনি তো গরুর দুধে সোনা পান, করোনাতেও হয়তো কিছু পেয়ে থাকবেন।












Click it and Unblock the Notifications