Cyclone Midhili Update: বেগ আরও বাড়িয়ে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় মিধিলি! একনজরে বাংলার আবহাওয়ার পূর্বাভাস
Cyclone Midhili Update: শুক্রবার বিকেলে বাংলাদেশের খেপুপাড়ার কাছে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় মিধিলি। সেই সময় ঘূর্ণিঝড়ের বেগ ছিল ঘন্টায় ৬৫ থেকে ৭৫ কিমি। দমকা হাওয়ার বেগ ছিল ঘন্টায় ৮৫ কিমি। ল্যান্ডফলের বিষয়টি শেষ হতে তিন ঘন্টা সময় লাগবে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।
আলিপুর আবহাওয়া দফতরের তরফে এদিন বিকেলে জানানো হয়েছে, ঘূর্ণিঝড় মিধিলির থেকে এ রাজ্যে আর কোনও বড় ধরনের প্রভাব-এর আশঙ্কা নেই। উপকূলের দু এক জেলায় খুব হালকা বৃষ্টি এবং উপকূল সংলগ্ন এলাকায় একটু ঝড়ো হাওয়া ছাড়া আর তেমন কোন প্রভাব পড়বে না।

তবে সতর্কতা শুধুমাত্র মৎস্যজীবীদের জন্য থাকছে শনিবার সকাল পর্যন্ত। সমুদ্র উত্তাল থাকার কারণে শনিবার সকাল পর্যন্ত উত্তর ও বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করেছে আবহাওয়া দপ্তর।
এছাড়াও রাজ্যের উপকূলের জেলা পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা ও উত্তর ২৪ পরগনার সমুদ্র তীরবর্তী এলাকায় দমকা ঝড় হাওয়া থাকতে পারে। এর বেগ হতে পারে ঘন্টায় ৫০ থেকে ৬০ কিমি। এদিন রাত অথবা শনিবার সকাল পর্যন্ত এই ঝড়ো হাওয়া থাকতে পারে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।
আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী তিন চার দিন অর্থাৎ সোমবার পর্যন্ত আবহাওয়া একই রকম থাকবে। মেঘলা আকাশ কেটে পরিষ্কার আকাশের সম্ভাবনা রবিবার থেকে। ২৪ ঘন্টা পর থেকেই তাপমাত্রা কমতে শুরু করবে।
রাতের তাপমাত্রা ইতিমধ্যেই তিন থেকে চার ডিগ্রি বেড়ে গিয়েছিল। সেই রাতের তাপমাত্রা আবার ৩-৪ ডিগ্রি কমে স্বাভাবিক হবে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে। বাতাসে জলীয় বাষ্প থাকায় আবহাওয়া শুষ্ক হলে আর্দ্রতাজনিত অস্বস্তি সামান্য হতে পারে।
পাশাপাশি বলা হয়েছে, সকাল-সন্ধেয় হালকা শীতের আমেজ ফিরলেও এখনই জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই। রাতের তাপমাত্রা ও দিনের তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকবে বলেই অনুমান আবহাওয়াবিদদের।












Click it and Unblock the Notifications