ঘূর্ণিঝড় জাওয়াদে ফিরবে ইয়াসের স্মৃতি! ঘূর্ণিঝড়ের তাণ্ডব থেকে বাংলা কি রক্ষা পাবে
ঘূর্ণিঝড় জাওয়াদে ফিরবে ইয়াসের স্মৃতি! ঘূর্ণিঝড়ের তাণ্ডব থেকে বাংলা কি রক্ষা পাবে
বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে গভীর নিম্নচাপ। এই ঘূর্ণিঝড় জাওয়াদ নাম নিয়ে শক্তি বাড়িয়ে ধেয়ে আসছে ভারতীয় উপকূলের দিকে। অভিমুখ ওড়িশা উপকূলে। তা বলে বাদ যাবে না বাংলাও। ওড়িশা উপকূলে ধাক্কা খেয়ে শক্তি হারালেও বাংলা উপকূলকে ভাসাতে পারে ঘূর্ণিঝড় জাওয়াদ। এর ফলে ইয়াসের স্মৃতি ফিরিয়ে আনতে পারে জাওয়াদ।

ঘূর্ণিঝড় জাওয়াদের দাপটে বাংলার উপকূল উত্তাল হবে
ইয়াস ওড়িশায় আছড়ে পড়লেও বাংলার সমনুদ্র উপকূল তোলপাড় হয়ে গিয়েছিল। আম্ফানের মতো ঝড়ে বিধ্বস্ত না হলেও উত্তাল সমুদ্রে উপকূল তোলপাড় হয়ে গিয়েছিল। সেইসঙ্গে ছিল বৃষ্টির দাপট। এবারও বঙ্গোপসাগরে শক্তি সঞ্চয় করা ঘূর্ণিঝড় জাওয়াদের দাপটে বাংলার উপকূল উত্তাল হওয়ার আশঙ্কা থাকছে।

ঘূর্ণিঝড় জাওয়াদ উত্তর-পশ্চিম অভিমুখে এসে দিক বদলাবে
সৌদি আরবের দেওয়া নাম নিয়ে ঘূর্ণিঝড় জাওয়াদ উত্তর-পশ্চিম অভিমুখে এসে অন্ধ্রপ্রদেশ-ওড়িশা উপকূলের কাছে পৌঁছবে। তারপর গতি পরিবর্তন করে শনিবার সকালে উত্তর-উত্তর পূর্ব দিকে ওড়িশার উপকূল বরাবর এগিয়ে যাবে। রবিবার দুপুর বাব বিকেল নাগাদ এটি পুরীর কাছে পৌঁছবে।

বাংলার উপকূলে ঝড় আছড়ে পড়ার আশঙ্কা
তবে আবহবিদরা স্পষ্ট করতে পারেননি ঘূর্ণিঝড় পুরী উপকূলে ল্যান্ডফল করবে কি না। তা যদি আরও উপকূল ধরে এগিয়ে আসে তবে বাংলার বিপদ ঘটবে। তখন বাংলার উপকূলে ঝড় আছড়ে পড়ার আশঙ্কা তৈরি হবে। সমুদ্র উপকূলে ঝড়ের গতিবেগ ঘণ্টায় ৯০ থেকে ১০০ কিলোমিটার হবে। সর্বোচ্চ গতিবেগ হবে ১১০ কিলোমিটার ঘণ্টায়। রবিবার আছড়ে পড়ার পর শক্তি হারাবে জাওয়াদ।

শনিবার থেকে সোমবার পর্যন্ত বৃষ্টির সতর্কতা
ঘূর্ণিঝড় জাওয়াদের ফলে মৎস্যজীবীদের সতর্কবার্তা দেওয়া হয়েছে। সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা রয়েছে। বাংলায় এবার ঘূর্ণিঝড়ের জোর প্রভাব পড়তে চলেছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার থেকে সোমবার পর্যন্ত বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। শনিবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে প্রবল বৃষ্টির সম্ভাবনা থাকছে। ভারী বৃষ্টি হবে দুই ২৪ পরগনা, কলকাতা, হাওড়া ও ঝাড়গ্রামেও।

রবিবার বৃষ্টির প্রকোপ আরও বাড়বে
আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, রবিবার বৃষ্টির প্রকোপ আরও বাড়বে। সেইসঙ্গে ঝোড়ো হাওয়া ঝড়ে পরিণত হবে। অন্তত ৫০ কিলোমিটার বেগে ঝড় বইবে। দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনার পাশাপাশি কলকাতা, হাওড়া, ঝাড়গ্রাম, ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে। বৃষ্টি হবে বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, দুই বর্ধমান এবং উত্তরবঙ্গের মালদহেও। ৪০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া। বৃষ্টি চলবে সোমবারও।












Click it and Unblock the Notifications