মৃত, অনুপস্থিত ও ভুয়ো ভোটারদের নাম যেন না থাকে, বিএলওদের সতর্ক করলেন মুখ্য নির্বাচনী আধিকারিক
পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনে (এসআইআর) নিযুক্ত বুথ-স্তরীয় আধিকারিকদের (বিএলও) বিশেষ নির্দেশ দিলেন। ১১ ডিসেম্বরের মধ্যে মৃত, অনুপস্থিত বা ভুয়ো ভোটারদের নাম বাদ দিতে ফর্মগুলি পুঙ্খানুপুঙ্খভাবে পুনরায় যাচাই করতে হবে বলে জানান তিনি।
এসআইআর-এর প্রথম দফার সময়সীমা ৪ ডিসেম্বর থেকে বাড়িয়ে ১১ ডিসেম্বর করা হয়েছে। বিএলওদের কাছে পাঠানো এক বার্তায় মনোজ আগরওয়াল ডেটা আপলোড করার সময় তাঁদের "সর্বোচ্চ সতর্কতা" অবলম্বন করতে বলেছেন।

ইতিমধ্যেই বিজেপি অভিযোগ করেছে প্রশাসনকে কাজে লাগিয়ে বিএলওদের উপর চাপ তৈরি করে ভুয়ো, মৃত ভোটারদের নাম তালিকায় রাখতে বাধ্য করছে তৃণমূলের হয়ে কাজ করা আইপ্যাক। এই আবহে মনোজ আগরওয়াল স্পষ্ট জানিয়েছেন, বিএলওদের নিশ্চিত করতে হবে যে প্রতিটি মৃত, অনুপস্থিত বা ভুয়ো ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। কারণ নির্বাচন কমিশনের লক্ষ্য যোগ্য ভোটারদের রাখা এবং অযোগ্যদের বাদ দেওয়া।
মুখ্য নির্বাচনী আধিকারিক আরও যোগ করেন, "অনিচ্ছাকৃতভাবে বা অন্য কোনওভাবে কোনো ভুল করা চলবে না।" তিনি হুঁশিয়ারি দিয়েছেন যে, যদি কোনও "ইচ্ছাকৃত ভুল" ধরা পড়ে, তবে কমিশন কঠোর আইনি পদক্ষেপ নেবে।
সিইও অফিসের কর্তা জানান, প্রথম দিকে ২,২০৮টি এবং দু'দিন আগে ৪৮০টি ভোটকেন্দ্র থেকে মৃত বা স্থানান্তরিত ভোটার না থাকার যে খবর এসেছিল, যাচাইয়ের পর এমন কেন্দ্রের সংখ্যা এখন মাত্র ৭টি। আধিকারিক বলেন, জেলাগুলোকে "পুঙ্খানুপুঙ্খভাবে পুনরায় যাচাই" করতে বলার পরেই এই সংশোধিত সংখ্যাটি এসেছে।
মনোজ আগরওয়াল তাঁর নোটে বিএলওদের স্মরণ করিয়ে দিয়েছেন যে, এসআইআর প্রক্রিয়ার জন্য তাঁরা নির্বাচন কমিশনে ডেপুটেশনে রয়েছেন এবং এই যাচাইকরণ কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি "যাঁরা প্রশংসনীয় কাজ করেছেন" সেইসব বিএলওদের ধন্যবাদ জানিয়ে বলেন, তাঁদের প্রশংসা করার জন্য কোনও শব্দ যথেষ্ট নয়।
তবে, মুখ্য নির্বাচনী আধিকারিকের এই বার্তায় বিএলও ঐক্য মঞ্চের দাবি নিয়ে কোনও উল্লেখ ছিল না। যেখানে গত এক মাসে এসআইআর প্রক্রিয়ার চাপ ও সময়সীমার কারণে চারজন বিএলও-র মৃত্যুর কথা বলা হয়েছিল এবং তাঁদের পরিবারের জন্য ক্ষতিপূরণের বিষয়েও কিছু জানানো হয়নি। যদিও এর পূর্বে এক উপ-মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছিলেন, এই অভিযোগ ও মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে প্রতিবেদন জমা দিতে জেলা নির্বাচন আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications