নির্ধারিত শব্দের মধ্যেই উত্তর লিখতে হবে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের,জারি নির্দেশিকা
নির্ধারিত শব্দের মধ্যেই উত্তর লিখতে হবে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের,জারি নির্দেশিকা
উচ্চমাধ্যমিকে শব্দ সীমা বেঁধে দিল উচ্চমাধ্যমিক কাউন্সিল। এ সংক্রান্ত নির্দেশিকা রাজ্যের সব স্কুলে পাঠানো হয়েছে। নির্দেশিকায় রাজ্যের সব স্কুলকে বলা হয়েছে, উচ্চমাধ্যমিকে নির্ধারিত শব্দের মধ্যে কিভাবে উত্তর লিখতে হয় তার অনুশীলন করাতে পড়ুয়াদের। আগামী বছর থেকেই এই নতুন নিয়ম কার্যকর হবে বলে জানা গিয়েছে।

উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের এর আগেও নির্ধারিত শব্দের মধ্যে উত্তর লেখার জন্য বলা হয়েছিল। বোর্ডের সভাপতি মহুয়া দাস জানান, তবে স্কুলগুলিকে তাদের পড়ুয়াদের এবার নির্ধারিত শব্দ সীমাটি কঠোরভাবে অনুসরণ করার বিষয়ে আরও সতর্ক করতে বলা হয়েছে।
২০১৯ সাল পর্যন্ত উচ্চমাধ্যমিক পরীক্ষায় আলাদা উত্তরপত্র ব্যবহার হতো, কিছু প্রশ্নের ক্ষেত্রে শব্দের সীমা বেঁধে দেওয়া হতো। কিন্তু পড়ুয়ারা সেই নির্ধারিত শব্দ অতিক্রম করে উত্তর লিখত। অনেক পড়ুয়াই ৩০০ শব্দের অধিক উত্তর লিখত, যেখানে হয়ত ১০০ শব্দের মধ্যে লিখতে বলা হয়েছিল।
সরকারিভাবে বলা হয়েছে, 'আগে পড়ুয়ারা যে ভুল করেছে তা বদল হওয়া নিয়মে করতে পারবে না। যে শব্দ সীমা বেঁধে দেওয়া হবে, তার মধ্যেই উত্তর লিখতে হবে। যদি প্রশ্নের উত্তর ১০০ শব্দের মধ্যে লিখতে বলা হয়, তবে সেই নির্দিষ্ট উত্তর লেখার জন্য প্রশ্নপত্রে যে স্থানটি দেওয়া হবে তা সর্বাধিক ১৫০ শব্দের মধ্যেই লিখতে হবে। উত্তরগুলি সংক্ষিপ্ত এবং পয়েন্ট করে লিখতে হবে। উচ্চমাধ্যমিকের আগে পড়ুয়ারা এই শব্দ সীমা অনুশীলন করার জন্য অনেকটাই সময় পাবে।’
দুর্গাপুজোর আগেই সমস্ত স্কুলে বোর্ডের পক্ষ থেকে নির্দেশিকা পাঠানো হয়েছে এবং তার সঙ্গে শব্দ সীমা রয়েছে এমন বেশ কিছু প্রশ্নের চার্টও পাঠানো হয়েছে। চার বা পাঁচ নম্বরের প্রশ্নে নির্ধারিত ৮০ শব্দের মধ্যে উত্তর লিখতে হবে। সেটা খুব বেশি হলে ১০০ শব্দের হতে পারে। ছয় নম্বরের প্রশ্নের জন্য ১২০ শব্দের মধ্যে এবং সাত বা আট নম্বরের প্রশ্নের ক্ষেত্রে ১৫০ শব্দের উত্তর লিখতে হবে। প্রশ্নের উত্তর দীর্ঘ হলে চলবে না। ১০ নম্বরের প্রশ্নে ২০০ এবং ১৫ নম্বরের প্রশ্নে ৩০০ শব্দের মধ্যে উত্তর দিতে হবে।












Click it and Unblock the Notifications