বিজেপিতে মোহভঙ্গ বিধানসভার প্রার্থীর, ফলাফল প্রকাশের পরই দলবল নিয়ে তৃণমূলে যোগদান
বিজেপিতে মোহভঙ্গ বিধানসভার প্রার্থীর, ফলাফল প্রকাশের পরই দলবল নিয়ে তৃণমূলে যোগদান
ভোট মিটতেই বড়সড় ধাক্কা খেল গেরুয়া শিবিরে। মুর্শিদাবাদের সামশেরগঞ্জ ও জঙ্গিপুরের ফলাফ প্রকাশ হতে না হতেই বিজেপির প্রার্থী দলবদল করে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। সোমবার বিজেপি ছেড়ে প্রায় পাঁচ শতাধিক কর্মী নিয়ে তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। বিজেপি প্রার্থীদের এই দলবদলে বংলরা চার কেন্দ্রে আসন্ন উপনির্বাচনের আগে চাপে পদ্মশিবির।

প্রার্থীদের দলবদল বিজেপিকে চিন্তায় রেখেছে
বিজেপি তিন কেন্দ্রের ভোটে গোহারা হেরে এবার পাখির চোখ করতে চলেছে বাকি চার কেন্দ্রের উপনির্বাচনে। এই চার কেন্দ্রের মধ্যে দুটি কেন্দ্র বিজেপির দখলে ছিল, দুটি কেন্দ্র ছিল তৃণমূলের দখলে। দুটি কেন্দ্র ধরে রাখতে মরিয়া বিজেপি। এই পরিস্থিতিতে প্রার্থীদের দলবদল বিজেপিকে চিন্তায় রেখেছে। নতুন প্রার্থী খুঁজতে গিয়ে বিজেপি হিমশিম খাচ্ছে।

বিধানসভার বিজেপি প্রার্থী দলবল নিয়ে তৃণমূলে
সম্প্রতি মুর্শিদাবাদে ভোট হয়েছিল দুটি কেন্দ্রে। সামশেরগঞ্জ ও জঙ্গিপুরে ভোট গ্রহণ বাকি ছিল প্রার্থীর মৃত্যুর কারণে। সেই ভোটের ফলাফল প্রকাশের পর ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই পার্শ্ববর্তী বিধানসভা কেন্দ্র নবগ্রামের বিজেপি প্রার্থী মোহন হালদার দলবল নিয়ে ফুল বদলে তৃণমূলে যোগ দিলেন। সোমবার নবগ্রামের শিবপুরে একটি অনুষ্ঠানে তাঁর হাতে পতাকা তুলে দেন নবগ্রামের তৃণমূল বিধায়ক কানাইচন্দ্র মণ্ডল, জঙ্গিপুরের তৃণমূল কংগ্রেস সাংসদ খলিলুর রহমান প্রমুখ।

যাঁর কাছে পরাজয়, তাঁর হাত থেকেই পতাকা
একুশের বিধানসভা নির্বাচনে মুর্শিদাবাদের নবগ্রাম থেকে বিজেপির টিকিটে লড়েছিলেন মোহন হালদার। তাঁর বিপক্ষে ছিলেন তৃণমূলের কানাইচন্দ্র মণ্ডল। কানাইচন্দ্র মণ্ডল বিজেপির মোহন হালদারকে সাড়ে ৩৫ হাজারেরও বেশি ব্যবধানে পরাজিত করে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন। পরাজিত বিজেপি প্রার্থী মোহন হালদার সোমবার তাঁর হাত থেকেই পতাকা তুলে নিলেন।

নবাব-গড়ে বিজেপির সংগঠন আরও খর্ব হল
নবগ্রামের বিজেপি প্রার্থী মোহন হালদারের সঙ্গে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন বিজেপির তিন নম্বর মণ্ডল সভাপতি হাবলচন্দ্র মণ্ডল। সেইসঙ্গে ছিলেন মোহন হালদান ও হাবলচন্দ্র মণ্ডলের অনুগামীরাও। প্রায় ৫০০ কর্মী এদিন তৃণমূলের পতাকা তুলে নেন। এর ফলে নবাব-গড়ে বিজেপির সংগঠন আরও খর্ব হল। সংগঠন বাড়িয়ে নিল তৃণমূল।

রাজ্যে উন্নয়নের জোয়ারে গা ভাসাতেই তৃণমূলে
বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়ে মোহন হালদার বলেন, রাজ্যে উন্নয়নের জোয়ারে কাজ করতে চাই। বিজেপিতে থেকে কোনও কাজ পাচ্ছিলাম না। মানুষের জন্য কাজ করার জন্যই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলাম। কেন্দ্রের বিজেপি সরকারকে জনবিরোধী আখ্যা দিয়ে তিনি বলেন, রাজ্য সরকারকে বঞ্চনা করছে কেন্দ্র। তা সত্ত্বেও যেভাবে রাজ্য মানুষের পাশে থেকে কাজ করছে, সেই কাজে সামিল হতেই তৃণমূলের পতাকা হাতে তুলে নিলাম।

মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে স্বপ্ন পূরণ করবই
তিনি আরও বলেন, মুর্শিদাবাদের সমস্ত ব্লকে বিজেপি কর্মীরা তৃণমূলে যোগদান করছেন। এদিন আমরা বিজেপি প্রার্থীকে আমাদের দলে স্বাগত জানালাম। স্বাগত জানালাম বিজেপির মণ্ডল সভাপতিকে। মানুষের স্বতস্ফূর্ত যোগদানে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে গোটা বাংলা তথা বাঙালিরা যে স্বপ্ন দেখছে, সেই স্বপ্ন আমরা পূরণ করবই।

বিজেপিতে সুখের পায়রা, এখন যোগদান তৃণমূলে
নবগ্রামের বিজেপি প্রার্থীর দলবদল নিয়ে মুর্শিদাবাদ কেন্দ্রের বিজেপি বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ বলেন, ওনার মনে হয়েছে তৃণমূলে গেলে ব্যক্তিগতভাবে ভালো হবে। তাই উনি বিজেপি ছেড়ে তৃণমূলে গিয়েছেন। উনি বিজেপিতে সুখের পায়রা ছিলেন। নীতি-আদর্শের দল কোনওদিনও করেননি। তাই আজ বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন।

বিজেপির টিকিটে ভোটে প্রার্থী, হেরেই দলবদল
সম্প্রতি বিজেপিতে ভাঙনের পর ভাঙন চলছে। মুকুল রায়-সহ চার বিধায়ক বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। সর্বোপরি আসানসোলের বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়ও দলবদল করে যোগ দিয়েছেন তৃণমূলে। এছাড়া আরও এক বিধায়ক বিজেপি থেকে পদত্যাগ করেছেন। এখনও তিনি অন্য কোনও দলে যোগদান করেননি। তারপর বিজেপির টিকিটে ভোটে দাঁড়িয়ে হেরে যাওয়ার পর অনেক প্রার্থীই দলবদল করেছেন। তারমধ্যে এদিন মোহন হালদার ছাড়াও উল্লেযোগ্য গোসাবার বাবলু প্রামাণিক।












Click it and Unblock the Notifications