হেরেও উচ্ছ্বাসে মাতল বিজেপি, নৈতিক জয়ে পঞ্চায়েত দখলের স্বপ্নে বিভোর অনুপম-রা
অনুপম মল্লিকের কথায়, ‘আমরা প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করে দেড় লাখেরও বেশি ভোট বাড়িয়েছি। এর থেকে বড় প্রাপ্তী কী হতে পারে। তৃণমূল শত চেষ্টা করেও এই উত্থান আটকাতে পারেনি।
হেরেও উচ্ছ্বাস পদ্ম-শিবিরে। উলুবেড়িয়ায় তাঁদের বিপুল ভোট বৃদ্ধিতেই আশার আলো দেখছেন বিজেপি নেতারা। এমনকী উলুবেড়িয়াতে তাঁদেরই নৈতিক জয় হয়েছে বলে দাবি করলেন বিজেপি প্রার্থী অনুপম মল্লিক। তাঁর কথায়, 'আমরা প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করে দেড় লাখেরও বেশি ভোট বাড়িয়েছি। এর থেকে বড় প্রাপ্তী কী হতে পারে। তৃণমূল শত চেষ্টা করেও এই উত্থান আটকাতে পারেনি। ফলে উলুবেড়িয়ায় তৃণমূল কংগ্রেসের কাছে হারলেও, এটা আসলে নৈতিক জয় বিজেপির।'

২০০৯-এ তৃণমূল যখন পরিবর্তন এনেছিলে রাজ্যে। উলুবেড়িয়ায় হান্নান-মিথ ভেঙে দিয়েছিল, তখনই চুপিসারে উত্থান হয়েছিল বিজেপির। ৪২ হাজার ৪৪৩ ভোট পেয়েছিলেন বিজেপি প্রার্থী রাহুল চক্রবর্তী। সেই অগ্রগতির ধারা কিন্তু আজও বর্তমান। প্রায় ৯৫ হাজার ভোট বাড়িয়ে ২০১৪-র নির্বাচনে ১ লক্ষ ৩৭ হাজার ১৩৭ ভোট পায় বিজেপি। আর এবার তো দ্বিগুণেরও বেশি ভোট বাড়াল বিজেপি।
সেই কারণেই উলুবেড়িয়ার এই লড়াইকে শুধু দ্বিতীয় স্থানের লড়াই বলে এড়িয়ে যাওয়া যাবে না। সেই কথাই উঠে এসেছে বিজেপি প্রার্থীর বয়ানে। অনুপমবাবু বলেছেন, 'এই হারকে আমরা নৈতিক জয় হিসেবে দেখছি। আমাদের আর আটকে রাখা যাবে না। লাগামছাড়া সন্ত্রাস করেও তৃণমূল আমাদের ভোট প্রাপ্তী আটকাতে পারেনি। তার ওপর বহু মানুষ ভোট দিতে পারেননি।'

তাঁর দাবি, 'যে সমস্ত কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনী ছিল, সেইসব কেন্দ্রেই কেবলমাত্র মানুষ নিজের ভোট নিজে দিতে পেরেছেন। সর্বত্র কেন্দ্রীয় বাহিনীর নজরদারিতে ভোট হলে উলুবেড়িয়ার ভোটের ফল অন্যরকম হতেই পারত।' উলুবেড়িয়ায় ৪ লক্ষ ৭৪ হাজার ভোটের ব্যবধান শাসকের কাছে পরাজিত গেরুয়া শিবিরে রীতিমতো খুশির হাওয়া।
বিজেপি একটা লোকসভা কেন্দ্রে লক্ষাধিক ভোট বাড়িয়েছে। এই লক্ষাধিক ভোট-ব্যাঙ্ক বৃদ্ধিতে বিজেপি বেজায় খুশি। এই ভোটবৃদ্ধিকে প্রচারের আলোয় এনে পঞ্চায়েত যুদ্ধের ঘুঁটি সাজানো শুরু করে দিয়েছে। আর এই পথেই বাংলা দখলের স্বপ্ন দেখা শুরু করেছে বিজেপি। অনুপমবাবু আরও দাবি করেন, 'মানুষ তৃণমূলের অত্যাচারে অতীষ্ঠ। ফলে তাঁরা তৃণমূলের দিক থেকে সরে আসতে চাইছে।'
তবে শুধু বিজেপি-ই নয়, তৃণমূল প্রার্থীও জয়ের ব্যবধান বাড়িয়েছেন বিপুল। ফলাফলে দেখা গিয়েছে, বিজেপি যেমন ভোট বাড়িয়ে সিপিএমকে টেক্কা দিয়েছে, তেমনই তৃণমূলও বিশাল ভোট বাড়িয়ে সাজদার জয়ের ব্যবধানকে সীমাহীন করে দিয়েছে। বিজেপি যেখানে ১ লক্ষ ৫৫ হাজার ৮৮১ ভোট বাড়িয়েছে, তৃণমূল বাড়িয়েছে ১ লক্ষ ৯৬ হাজার ৪১৬ ভোট।












Click it and Unblock the Notifications