সাবস্টেশন নিয়ে বৈঠক নিস্ফলা! তবে কি ফের আন্দোলনের পথে ভাঙড়
এদিনের ভাঙড়ের বৈঠককে কার্যত নিস্ফলা বলা যেতে পারে। এদিন কোনও সমাধান সূত্রে আসতে পারেনি প্রশাসন।
এদিন ভাঙড়ের আন্দোলনকারী, জমির মালিক, পুলিশ ও প্রশাসন একসঙ্গে বৈঠকে বসেছিল। পাওয়ার সাবস্টেশনের কাজ যে বন্ধ হয়ে গিয়েছে তা যাতে ফের শুরু হয় সেটা নিশ্চিত করতেই বৈঠক ছিল। তবে এদিনের বৈঠককে কার্যত নিস্ফলা বলা যেতে পারে। এদিন কোনও সমাধান সূত্রে আসতে পারেনি প্রশাসন।

এরপরে ফের ৩১ ডিসেম্বর জেলাশাসকের দফতরে একদফা বৈঠক হবে। গ্রামবাসীদের একটাই দাবি, ভাঙড়ে যে উন্নয়নের প্রতিশ্রুতি সরকার থেকে দেওয়া হয়েছিল, সেই কাজ শুরু হোক। এলাকার উন্নয়নের কাজ না করে শুরু সাবস্টেশনের কাজ হচ্ছে। যে দাবিগুলি ছিল তার কোনওটাই পূরণ হয়নি। ফলে দাবি পূরণে রাজি না হলে কাজ বন্ধই থাকবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
পোলেরহাট ২ নম্বর পঞ্চায়েত অফিসে বৈঠক হয়। বৈঠকে ফলপ্রসূ কিছু বের হয়নি। এদিন দাবিদাওয়া ফের পেশ করা হলেও তা নিয়ে প্রতিশ্রুতি পাওয়া যায়নি। যেমন এলাকায় হিমঘর তৈরি, স্কুলে ভোকেশনাল ট্রেনিংয়ের ব্যবস্থা, দুটি স্কুলকে উচ্চমাধ্যমিকে উত্তীর্ণ করা, রাস্তা আলোকিত করা, রাস্তা পাকা করা, বিদ্যুতায়নের সমস্যা সমাধান, গ্রামের পিছনে বিদ্যাধরী নদী সংষ্কার।
এর পাশাপাশি জমি রক্ষা কমিটির নামে যেসমস্ত মামলা রয়েছে তা প্রত্যাহার করে নেওয়া। এই সবগুলি নিয়েই সরকারের সঙ্গে চুক্তি হয়। তবে এখন দেখা যাচ্ছে পাওয়ার সাবস্টেশনের কাজ হলেও সরকার চুক্তি মেনে কাজ করছে না। উন্নয়ন হচ্ছে না। এই অভিযোগে কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। এবং দাবি না মানলে আগামিদিনে যে ফের ভাঙড় উত্তপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে তার আঁচ পাওয়া গিয়েছে।
প্রসঙ্গত, বৃহস্পতিবার সকাল থেকে ফের বন্ধ হয়ে যায় ভাঙড়ের বিতর্কিত পাওয়ার গ্রিডের সাবস্টেশনের কাজ। অভিযোগ কাজ বন্ধ করে দিয়েছে জমি জীবিকা বাস্তুতন্ত্র ও পরিবেশ রক্ষা কমিটির নেতৃত্ব। রাজ্য সরকার প্রতিশ্রুতি ভঙ্গ করায় কাজ বন্ধের কথা শোনা গিয়েছে। এদিন তাঁদের বক্তব্যেও সেই আঁচ পাওয়া গেল।












Click it and Unblock the Notifications