পশ্চিমবঙ্গের নজিরের তুলনা বাংলাদেশের সঙ্গে! বিধানসভা চলছে মমতার পছন্দে, কটাক্ষ অধীরের
পশ্চিমবঙ্গের নজিরের তুলনা বাংলাদেশের সঙ্গে! বিধানসভা চলছে মমতার পছন্দে, কটাক্ষ অধীরের
বিধানসভার অধিবেশনে অনুপস্থিত বিজেপি (BJP)। যা নিয়ে এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) দিকে আক্রমণ শানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী (Adhir Chowdhury)। পাশাপাশি বিজেপিকেও নিশানা করেন তিনি। অন্যদিকে মুখ্যমন্ত্রী যেভাবে রাজ্যে শিল্পায়ন করতে চাইছেন, সেই পদ্ধতিকে কটাক্ষ করেছেন অধীর চৌধুরী।

বিধানসভায় অনুপস্থিত বিজেপি, মমতাকে নিশানা অধীরের
বিরোধীরা বিধানসভাকে মর্যাদা দিচ্ছেন না। এদিন এমনটাই অভিযোগ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এব্যাপারে প্রশ্ন করা হলে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী অভিযোগ করে বলেন, বাংলার মুখ্যমন্ত্রী সরকার ও দলকে ব্যবহার করে, বলপ্রয়োগ করে, এই বাংলায় কংগ্রেস ও বামকে হারিয়েছেন। শূন্যে নামিয়েছেন। কিন্তু এর পরিণামে সব থেকে বেশি লাভবান হয়েছে বিজেপি। পশ্চিমবঙ্গ বিধানসভা এখন আর বন্দেমাতরম কিংবা ইনক্লাব জিন্দাবাদ নয়, শোনা যাবে জয় শ্রী রাম। মমতা বন্দ্যোপাধ্যায় যা পছন্দ করেন, তাই এই বাংলায় হয়েছে। তিনি বলেন, বিধানসভায় আজ যাঁরা বিরোধী আসনে রয়েছে, তারা কতটা যোগ্য তা নিয়ে প্রশ্ন আছে। কেননা তারা কখনই পরিষদীয় রাজনীতি করেনি। পরিষদীয় রাজনীতিতে বিরোধী ভূমিকা দক্ষভাবে পালন করে এসেছে কংগ্রেস ও বামেরা, বলেছেন তিনি।

তৃণমূল ও বিজেপিকে নিশানা
কটাক্ষ করে তিনি বলেন, সেই কারণে কংগ্রেস বিধানসভায় ভাঙচুরও করে না, আবার অধিবেশনে যোগ না দিয়ে বাইরে বেরিয়েও আসে না। তিনি বলেন, বিধানসভা ভাঙচুর করাটা রাজনীতি নয়। আবার অভিমান করে বিধানসভায় আসব না বলাটাও রাজনীতি নয়। তিনি বলেন এটা শিশু সুলভ। প্রতিবাদ করতে হবে, বিধানসভা কিংবা পার্লামেন্টের মধ্যে। কেননা যাঁরা সেখানে গিয়েছেন, তাঁরা মানুষের দয়ায় গিয়েছেন। তাই সেখানে না যাওয়া মানুষকে অপমান করা।

পশ্চিমবঙ্গের নজিরের তুলনা বাংলাদেশের সঙ্গে
অধীর চৌধুরী কটাক্ষ করতে গিয়ে বলেছেন, পশ্চিমবঙ্গের বিধানসভায় বিজেপি যে নজির তৈরি করছে, তা বাংলাদেশের সঙ্গে তুলনীয়। প্রতিবেশী দেশে শেখ হাসিনার সরকার থাকলে পার্লামেন্টে যায় না খালেদা জিয়ার দল। আবার খালেদা জিয়ার সরকার থাকলে পার্লামেন্টে যায় না শেখ হাসিনার দল।

শিল্প আনতে রাজ্যপালকে আমন্ত্রণ জানানোকে কটাক্ষ
এদিন অধীর চৌধুরী রাজ্যের শিল্পায়নে রাজ্যপালকে আমন্ত্রণ জানানোকে কটাক্ষ করেন। তিনি বলেন, এমন করে শিল্প আসেন না। শিল্প আনার কতগুলি প্রক্রিয়া আছে। কিন্তু রাজ্যে সেই প্রক্রিয়া নেই। তাই শিল্প আসে না। তিনি বলেন, শিল্পের জন্য পশ্চিমবঙ্গ সরকারের ভিশন-মিশন কিছুই নেই। তবে অধীর চৌধুরী মনে করেন, পশ্চিমবঙ্গে শিল্পের সব সম্ভাবনা আছে। তিনি প্রশ্ন করেন, আগের শিল্প সম্মেলনগুলিতে মুখ্যমন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতি কোথায় গেল? কটাক্ষ করে তিনি বলেছেন, বাংলার মানুষের কাছে একটাই শিল্প, তা হল পরিযায়ী শিল্প।












Click it and Unblock the Notifications