Abhishek Banerjee: অভিষেক তীব্র কটাক্ষে বিঁধলেন ইডিকে, 'বাংলার বিজেপি নেতা'দের খোঁচা দিয়ে কোন ইঙ্গিত?
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায় তীব্র কটাক্ষ করলেন ইডিকে। একইসঙ্গে সংবাদমাধ্যম ও বাংলার বিজেপি নেতাদেরও নিশানা করলেন। গতকাল নিউ ইয়র্ক থেকে নিজের ছবি পোস্ট করেছিলেন। আজ সকালেই করলেন টুইট।
চোখের চিকিৎসা করাতে এই মুহূর্তে মার্কিন মুলুকে রয়েছেন অভিষেক। নিয়োগ দুর্নীতিকাণ্ডে ইডি-র চার্জশিটে তাঁর নাম থাকার জল্পনা নিয়ে শোরগোল পড়েছে। সেই আবহে অভিষেকের আজকের টুইট যথেষ্টই তাৎপর্যপূর্ণ।

অভিষেকের বিদেশ যাত্রায় অনুমতি দিতে গড়িমসি করছিল ইডি। যদিও পরে শর্তাধীনভাবে তাঁকে অনুমতি দেওয়া হয়। আদালতে মামলা চলার মধ্যেই অভিষেক দুবাই হয়ে নিউ ইয়র্কে গিয়েছেন। আজ তিনি টুইটে লেখেন, এটা ভাবলে খুবই খারাপ লাগে যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অযোগ্য ও অকর্মণ্য লোকে ভরে গিয়েছে। রাজনৈতিক প্রভুদের খুশি রাখতে যাঁদের কাজ মনগড়া গল্প সপ্তাহে ২ বার সংবাদমাধ্যমে জানানো।
অভিষেক আরও লিখেছেন, বছরের পর বছর ধরে জনগণের করের টাকায় তদন্ত চলছে। কিন্তু ইডি আদালতে পর্যাপ্ত প্রমাণ পেশ করতে পারছে না, যা খেদের বিষয়। এতে দেশসেবার কর্তব্য পালনে ইডি-র তদন্তকারীদের গাফিলতিই যে প্রকট হচ্ছে, সেই অভিযোগও করেছেন অভিষেক। এরপরই ইডির পাশাপাশি সংবাদমাধ্যম ও বাংলার বিজেপি নেতাদের কটাক্ষ করেছেন ডায়মন্ড হারবারের সাংসদ।

অভিষেকের কথায়, আমার বিরুদ্ধে নানা অভিযোগ করা হলেও বাংলার বিজেপি নেতাদের মতোই আমাকে অভিযুক্ত করার সাহস বা আত্মবিশ্বাস দেখাতে পারছে না ইডি ও সংবাদমাধ্যম। এই অভাগা ও হতাশ আত্মাদের প্রতি করুণা ছাড়া আর কী-ই বা প্রকাশ করতে পারি! ইডি-র তদন্তে সাফল্যের হার যে কেন ০.৫ শতাংশের মতো, তা বুঝতে অসুবিধা হয় না বলেও অভিযোগ অভিষেকের।
রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে অভিষেকের এই টুইটে। মার্কিন মুলুকে আগামী বছর টি ২০ বিশ্বকাপ। তার আগে অভিষেক নিউ ইয়র্ক থেকে কেন হঠাৎ ইডি-র বিরুদ্ধে সপাটে ব্যাটিং শুরু করলেন তা নিয়ে চলছে চর্চা। গতকালই অভিষেকের স্ত্রী রুজিরা তারকেশ্বরে পুজো দিয়েছিলেন। তারপরই অভিষেক নিজের ছবি পোস্ট করেন। যাতে বোঝা যায়, অভিষেকের সঙ্গে মার্কিন মুলুকে নেই রুজিরা।
TRUTH is MIGHTY and will PREVAIL. 💪🏻 pic.twitter.com/d4jff2T3cq
— Abhishek Banerjee (@abhishekaitc) August 7, 2023
অভিষেক উল্লেখ করেছেন বাংলার বিজেপি নেতাদের কথা। এই বাংলা শব্দটিতে রাজনৈতিক বিশ্লেষকরা জোর দিচ্ছেন। বাম-কংগ্রেস নেতাদের কটাক্ষ, এই বক্তব্যের জেরে দিল্লির বিজেপি নেতাদের তৃণমূলের সেটিংয়ের তত্ত্বই সামনে আসছে। তিনি শুধু বিজেপি লিখলে, সেটিংয়ে তার প্রভাব পড়ত। তাই দিল্লি ও বাংলার বিজেপি নেতাদের মধ্যে বিভাজন তৈরির চেষ্টা করছেন।
রাজনৈতিক মহলের এমন দাবি, অভিষেকের সঙ্গে তলায় তলায় সুসম্পর্ক রয়েছে অমিত শাহর। নরেন্দ্র মোদীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সেটিং তত্ত্বের নমুনাও বারবার প্রকাশ্যে এসেছে। সে কারণেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির তদন্ত নিয়ে সংশয় দেখা যাচ্ছে। সরব হচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তবু অভিষেকের বিদেশ সফর কীভাবে মসৃণ হচ্ছে, তা নিয়ে সংশয়ের অবকাশ তো থাকেই।
সম্প্রতি নিয়োগ দুর্নীতির টাকা রুশ বান্ধবীর মাধ্যমে বিদেশে পাচার হয়েছে বলে ইডি সূত্রে জানা গিয়েছিল। শুভেন্দু বলেছিলেন, রুশ বান্ধবী ভাইপোর। যদিও আদালতে তদন্তকারী ইডি ও সিবিআইকে ভর্ৎসনার মুখে পড়তে হচ্ছে। আদালতে পর্যাপ্ত প্রমাণ জমা দিতে না পারার জন্য ইডি-কে খোঁচা যেন কাটা ঘায়ে নুনের ছিঁটে!












Click it and Unblock the Notifications