ফরাসি ওপেন ফাইনালে দেখা যাবে না মহারথীদের দ্বৈরথ
ফরাসি ওপেনে পুরুষদের সিঙ্গলস ফাইনালের আগেই দুই মহারথীর বিদায় নিশ্চিত হয়ে গেল। এর কারণ ক্রীড়াসূচি। যেভাবে ক্রীড়াসূচি তৈরি হয়েছে তাতে দেখা যাচ্ছে, নোভাক জকোভিচ, রাফায়েল নাদাল ও রজার ফেডেরারের মধ্যে যে কোনও একজনই ফাইনালে উঠতে পারবেন। ফ্যান ডুয়েল স্পোর্টসবুক অনুযায়ী, এবার ফরাসি ওপেন সিঙ্গলস খেতাব জয়ের নিরিখে ফেভারিট রাফায়েল নাদাল ও ইগা সোয়াতেক।

দুই মহারথীর বিদায় আগেই
ক্রীড়াসূচির একই অর্ধে রাখা হয়েছে তিন মহারথীকে। ফলে ফাইনালের আগে দুই মহারথীর বিদায় নিশ্চিত। এই তিনজনের মধ্যে একজনই ফাইনালে উঠতে পারবেন। ফেডেরার ও নাদাল দুজনেই ২০টি করে গ্র্যান্ড স্ল্যাম খেতাব জিতেছেন। জকোভিচ ১৮বারের গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন। ফলে বাছাই যা-ই হোক না কেন, রোলাঁ গাঁরোর ট্র্যাক রেকর্ড অনুযায়ী ক্লে কোর্টের রাজা রাফায়েল নাদালই জকোভিচ ও ফেডেরারের চেয়ে এগিয়ে শুরু করবেন।

শেষ আটের সম্ভাব্য লড়াই
এবারের ফরাসি ওপেনে নাদালই শীর্ষবাছাই। নাদাল তৃতীয় বাছাই। গতবারের ফাইনালে জকোভিচকে হারিয়েই ত্রয়োদশ ফরাসি ওপেন খেতাব জিতেছিলেন রাফা। এবারের ক্রীড়াসূচি অনুযায়ী রাফা-জোকার দ্বৈরথ দেখা যেতে পারে সেমিফাইনালে। ক্রমতালিকায় ফেডেরার এখন আটে। ডান হাঁটুতে দুটি অস্ত্রোপচারের পর গত ১৫ মাসে মাত্র তিনটি ম্যাচ খেলেছেন ফেডেরার। সব কিছু ঠিকঠাক চললে কোয়ার্টার ফাইনালেই দেখা যাবে জকোভিচ-ফেডেরার দ্বৈরথ। অপর কোয়ার্টার ফাইনালে নাদালের বিরুদ্ধে খেলার সম্ভাবনা বিশ্বের সাত নম্বর আন্দ্রে রুবলেভের। ক্রীড়াসূচি অনুযায়ী, বিশ্বের দুই নম্বর তারকা ড্যানিল মেদভেদেভের কোয়ার্টার ফাইনালে সম্ভাব্য প্রতিপক্ষ বিশ্বের পাঁচ নম্বর স্তেফানো সিটসিপাস। বিশ্বের চার নম্বর ডমিনিক থিয়েম ও ছয় নম্বর আলেকজান্ডার জেরেভ পরস্পরের মুখোমুখি হতে পারেন ফ্রেঞ্চ ওপেনের কোয়ার্টার ফাইনালে।

সেরেনার সামনে
তিনবারের ফরাসি ওপেন চ্যাম্পিয়ন তথা ২৩টি গ্র্যান্ড স্ল্যাম জেতা সেরেনা উইলিয়ামস অভিযান শুরু করবেন বিশ্বের ৭৪ নম্বর ইরিনা-ক্যামেলিয়া বেগুর বিরুদ্ধে। তৃতীয় রাউন্ডে মুখোমুখি হতে পারেন তিনবার গ্র্যান্ড স্ল্যামজয়ী অ্যাঞ্জেলিক কেরবারের। চতুর্থ রাউন্ডে তাঁর সম্ভাব্য প্রতিপক্ষ দুইবারের উইম্বলডন চ্যাম্পিয়ন পেত্রা কিভিতোভা। সবকিছু ঠিকঠাক এগোলে কোয়ার্টার ফাইনালে সেরেনার সামনে পড়বেন দুইবারের অস্ট্রেলীয় ওপেন চ্যাম্পিয়ন ভিক্টোরিয়া আজারেঙ্কা অথবা তৃতীয় বাছাই আরিনা সাবালেঙ্কা।

মহিলা সিঙ্গলসে বাকিরা
মহিলা সিঙ্গলসের ক্রীড়াসূচি অনুযায়ী বিশ্বের এক নম্বর তারকা অ্যাশ বার্টিকে কোয়ার্টার ফাইনালে সামলাতে হতে পারে বিশ্বের পাঁচ নম্বর এলিনা সিভিতোলিনার। গতবারের ফরাসি ওপেন ফাইনালের পুনরাবৃত্তি হতে পারে এবারের কোয়ার্টার ফাইনালেই, কারণ ক্রীড়াসূচি অনুযায়ী সেমিফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হওয়ার সম্ভাবনা বিশ্বের চার নম্বর সোফিয়া কেনিন ও বিশ্বের আট নম্বর ইগা সোয়াতেকের। অপর কোয়ার্টার ফাইনালে বিশ্বের দুই নম্বর নাওমি ওসাকা ও ছয় নম্বর বিয়াঙ্কা আন্দ্রেস্কু পরস্পরের মুখোমুখি হতে পারেন সবকিছু ঠিকঠাক চললে। নজর থাকবে সোয়াতেকের প্রথম রাউন্ডের প্রতিপক্ষ কাজা জুবানের দিকে, তিনি গত বছর কেরবারকে ছিটকে দিয়ে অঘটন ঘটিয়েছিলেন। ভিক্টোরিয়া আজারেঙ্কা অভিযান শুরু করবেন শ্বেতলানা কুজনেৎসোভার বিরুদ্ধে। কেনিনের প্রথম রাউন্ডের প্রতিপক্ষ গত বছরের অস্ট্রেলীয় ওপেন ও ২০১৭ সালের ফরাসি ওপেনজয়ী ইয়েলেনা ওস্তাপেঙ্কো।












Click it and Unblock the Notifications