পঞ্চম ভারতীয় মহিলা হিসেবে গ্র্যান্ড স্লামের মূলপর্বে এই টেনিস খেলোয়াড়
পঞ্চম ভারতীয় মহিলা হিসেবে গ্র্যান্ড স্লামের মূলপর্বে এই টেনিস খেলোয়াড়
কাল থেকে অস্ট্রেলিয়ার মেলবোর্নে শুরু হচ্ছে অস্ট্রেলীয় ওপেন (Australian Open)। পুরুষদের সিঙ্গলসে সুমিত নাগাল কিংবা ডাবলসে রোহন বোপান্না, দ্বিজ শরণের পাশাপাশি মহিলাদের ডাবলসে আরেক টেনিস খেলোয়াড়ের দিকে থাকবে ভারতীয়দের নজর। তিনি হলেন অঙ্কিতা রায়না (Ankita Raina)।

পঞ্চম ভারতীয় মহিলা টেনিস খেলোয়াড় হিসেবে আজই অঙ্কিতা অস্ট্রেলীয় ওপেনের ডাবলস খেলার ছা়ড়পত্র আদায় করে নিয়েছেন। অঙ্কিতার আগে ভারতীয় মহিলা টেনিস খেলোয়াড় হিসেবে কোনও গ্র্যান্ড স্লামের মূলপর্বে খেলার নজির রয়েছে নিরুপমা মানকড়, শিখা ওবেরয়, সানিয়া মির্জা ও নিরুপমা বৈদ্যনাথনের। নিরুপমা ১৯৯৮ সালে অস্ট্রেলিয়ান ওপেন খেলেছিলেন। ১৯৭১ সালে আনন্দ অমৃতরাজের সঙ্গে জুটি বেঁধে উইম্বলডন মিক্সড ডাবলস খেলেন নিরুপমা মানকড়। ২০০৪ সালে ইউ এস ওপেনের দ্বিতীয় রাউন্ড অবধি পৌঁছেছিলেন শিখা ওবেরয়।
এ ছাড়া সিঙ্গলসে গ্র্যান্ড স্লাম জয়ের কৃতিত্ব না থাকলেও ডাবলসে ছটি গ্র্যান্ড স্লাম জিতেছেন সানিয়া মির্জা। সানিয়ার পর অঙ্কিতাই দ্বিতীয় ভারতীয় যিনি কোনও গ্র্যান্ড স্লামে ডাবলসে নামবেন। সিঙ্গলসে খেলার ছাড়পত্র আদায় করতে না পারলেও অঙ্কিতা অস্ট্রেলিয়ান ওপেনের ডাবলসে নামবেন রোমানিয়ার মিশেলা বুজারনেকুর সঙ্গে জুটি বেঁধে।
ভারতীয় দলের হয়ে ফেড কাপে ভালো পারফরম্যান্স উপহার দিয়েছেন অঙ্কিতা। এবার গ্র্যান্ড স্লাম খেলার সুযোগ পেয়ে স্বাভাবিকভাবেই খুশি তিনি। তাঁর কথায়, সিঙ্গলসে না হলেও এই প্রথম গ্র্যান্ড স্লামে ডাবলসে কোর্টে নামব এটাও আমার কাছে অনেক। বছরের পর বছর ধরে কঠোর অনুশীলনের ফলেই এই জায়গায় তিনি আসতে পেরেছেন বলে মনে করেন অঙ্কিতা। তিনি বলেন, বহু মানুষের কাছ থেকে আশীর্বাদ ও ভালোবাসা পেয়েছি, তা আমাকে এই জায়গায় নিয়ে এসেছে, এটা ভুলব না কোনওদিন।
ডাবলস হলেও তো একজন ভারতীয় হিসেবেই তো খেলব। দেশের হয়ে খেলতে পারা সব সময় উজ্জ্বীবিত করে। আশা করি, এরপর অনেকের মনেই এই বিশ্বাস জন্মাবে যে, আমরাও পারি। যাঁরা পেশাদার টেনিস খেলেন সকলেরই লক্ষ্য থাকে গ্র্যান্ড স্লামে নামার। ডাবলসে নিজের সেরাটাই দিতে আমি প্রস্তুত। এবার ডাবলসে ভালো খেলার লক্ষ্যপূরণের পাশাপাশি পরের টার্গেটও স্থির করে ফেলেছেন অঙ্কিতা।
তিনি বলেন, হয়তো সামনেই আবার আমি গ্র্যান্ড স্লাম সিঙ্গলসে খেলার যোগ্যতা অর্জন করতে পারব। এতদিনের কঠোর পরিশ্রমের পুরস্কার ডাবলস খেলার সুযোগ। আমি নিশ্চিত, গ্র্যান্ড স্লামের সিঙ্গলসেও খেলব। অঙ্কিতা আরও জানিয়েছেন, প্রথমে নিজের নাম ক্রীড়াসূচিতে না দেখতে পেরে হতাশ হয়ে পড়েছিলেন। অনুশীলনের পর তালিকায় নিজের নাম দেখতে না পেলেও পরে তাঁকে আশ্বস্ত করেন কোচ। বলেন, তাঁর নাম তালিকায় রয়েছে এবং তিনি গ্র্যান্ড স্লামের ডাবলস খেলছেন। অঙ্কিতার রোমানিয়ান সঙ্গী সিঙ্গলসের ক্রমতালিকায় ৫০-এর মধ্যেও ছিলেন। তবে চোটের কারণে সেই স্থান ধরে রাখতে পারেননি। অঙ্কিতা তাঁর রোমানিয়ান সঙ্গীকে নিয়ে অস্ট্রেলীয় অভিযান শুরু করবেন ওয়াইল্ড কার্ড এন্ট্রি পাওয়া অলিভিয়া গাডেকি-বেলিন্ডা উলকক জুটির বিরুদ্ধে। অঙ্কিতা জানান, মিশেলা পার্টনার খুঁজছিলেন জেনে তাঁর সঙ্গে কথা বলি। তিনি আমার সঙ্গে খেলতে রাজি হয়ে যাই। আমাদের যা অভিজ্ঞতা তাতে জুটি বেঁধে খেলতে অসুবিধা হবে না, যতই আমরা একে অন্যের সঙ্গে জুটি বেঁধে আগে না খেলে থাকি।
ভারতের সুমিত নাগাল প্রথম রাউন্ডে পুরুষদের সিঙ্গলস ম্যাচ খেলবেন লিথিয়ানিয়ার রিকার্ডস বেরাঙ্কিসের বিরুদ্ধে। জাপানি সঙ্গী বেন ম্যাকলাখানকে নিয়ে পুরুষদের ডাবলস অভিযানে নামবেন রোহন বোপান্না। স্লোভাকিয়ার পার্টনার ইগর জেলেনেকে নিয়ে পুরুষদের ডাবলসে নামবেন দ্বিজ শরণ। এদিকে, কোর্টে অনুশীলনে নামলেও রাফায়েল নাদালকে ভাবাচ্ছে তাঁর চোট।












Click it and Unblock the Notifications