Minakshi Mukherjee: ছাত্র-যুবরাই পশ্চিমবঙ্গের ভবিষ্যত ঠিক করবে! ইনসাফ যাত্রা থেকে তৃণমূলকে নিশানা মীনাক্ষীর
Minakshi Mukherjee: এত দিন পাড়ার বখাটে ছেলেরা চুরি করতো, দুর্নীতির সঙ্গে যুক্ত থাকতো। আর এখন তো খোদ মন্ত্রীরা যুক্ত। এই জং কোথায় কোথায় লেগেছে বোঝা যাচ্ছে না। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে রাজ্যে একাধিক দুর্নীতির ঘটনায় যুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানালেন বাম যুব নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়।
রাজ্য জুড়ে ডিওয়াইএফআই-র 'ইনসাফ যাত্রা'র ৩০ তম দিনে শনিবার বাঁকুড়ায় পৌঁছেছে। শহরের পাঁচবাগা মোড়ে পদযাত্রা শুরুর আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি একথা বলেন।

মীনাক্ষী এদিন আরও বলেন, রাজ্যে অপদার্থ সরকার চলছে, এসরকার আর দায়িত্ব নিতে পারবে না। তাই ইনসাফ যাত্রা চলছে। সারা পৃথিবীতে যা হয়ে এসেছে এরাজ্যেও তাই হবে। ছাত্র যুবরাই পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ ঠিক করবে।
একই সঙ্গে এরাজ্যে এযাবৎ প্রকাশ্যে আসা সব দুর্নীতির 'স্পনসর্ড' মুখ্যমন্ত্রী দাবি করে মীনাক্ষী মুখোপাধ্যায় বলেন, আগামী লোকসভা নির্বাচনে ফলাফল কী হবে ইনসাফ যাত্রা নিয়ে মানুষের উন্মাদনাই সে কথা আগাম বলে দিচ্ছে।
এদিন বাঁকুড়া শহরের পাঁচবাগা মোড় থেকে 'যৌবনের ডাকে জনগণের অধিকার বুঝে নিতে ইনসাফ যাত্রা' লেখা বিশাল ফেস্টুন হাতে মিছিল শুরু হয়। নেতৃত্বে ছিলেন বাম যুব নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। মিছিল যত সামনের দিকে এগিয়েছে মিছিলে যোগদানকারীদের সংখ্যা ঠিক ততটাই বেড়েছে বলে ডিওয়াইএফআই সূত্রে দাবি করা হয়েছে।
গত ত্রিশ দিন ধরে এই ইনসাফ যাত্রা চলেছে। মীনাক্ষী মুখোপাধ্যায় জানিয়েছেন, কাজ ও শিক্ষার দাবিতে এই যাত্রা। তিনি বলেছেন, এই যাত্রা করতে গিয়ে বিভিন্ন জেলায় দেখা গিয়েছে তৃণমূল সরকার রাজ্য থেকে শান্তি, সংস্কৃতি এবং ভবিষ্যতকে লুট করেছে। লুটের বিরুদ্ধে যা হয় সেটাই হচ্ছে ইনসাফ। সেই যাত্রায় শুধু ছাত্র-যুবরাই নন, শ্রমিক, কৃষক থেকে শুরু করে সাধারণ মানুষ পা মেলাচ্ছেন বলে জানিয়েছেন তিনি।
তিন নভেম্বর কোচবিহার থেকে এই যাত্রা শুরু হয়েছে। রাজ্যের সবকটি জেলা ঘুরে আগামী সাতই জানুয়ারি ব্রিগেডের জনসভার মাধ্যমে এই কর্মসূচি সমাপ্ত হবে।












Click it and Unblock the Notifications