রায়নায় গুলিবিদ্ধ দুই TMC কর্মী! তৃণমূল-বিজেপি চাপানউতোর
রায়নায় গুলিবিদ্ধ দুই TMC কর্মী! তৃণমূল বিজেপি চাপানউতোর
পূর্ব বর্ধমানের রায়না এলাকার শুকুর গ্রামের বাজারে বুধবার গভীর রাতে গুলিবিদ্ধ দুই তৃণমূল কর্মী। তাঁদেরকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রায়না তৃণমূলের ব্লক সভাপতি বামদেব মণ্ডলের অভিযোগ আক্রমণকারীরা সকলেই প্রাক্তন বিজেপি কর্মী। বর্তমানে তারা সকলেই অন্য গোষ্ঠীর মদতপুষ্ট।

ঘটনাটি ঠিক কী
রায়নার নতুন গ্রাম পঞ্চায়েতের অধীন শুকুর গ্রামের বুধবার গভীর রাতে গুলিবিদ্ধ হন তৃণমূল কর্মী বাবা ও ছেলে। ছেলের নাম মৃগাঙ্ক সিং ওরফে লালন এবং তার বাবার নাম বাদল সিং। দুজনকেই উদ্ধার করে পুলিশ বর্ধমান মেডিকেল হাসপাতালে পাঠায়।

তৃণমূলের অভিযোগ
রায়না ১ এর তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি বামদেব মণ্ডল জানিয়েছেন, গত বিধানসভা নির্বাচনে বিজেপির ধারবাহিকা আক্রমণের মুখে এই মৃগাঙ্ক সিং দলের হয়ে লড়াই করেছিলেন। তাঁদের লড়াইতেই হিজলনা অঞ্চলে সংগঠন ধরে রাখা সম্ভব হয়। তার জেরেই এবারের বিধানসভার ভোটে জেতে শাসকদল। তাঁর অভিযোগ, সৌমেন রায় নামে এক ব্যক্তি এলাকায় দলের ক্ষতি করতে চাইছে। তিনি গত ভোটে বিজেপি প্রার্থীর হয়ে কাজ করেছিলেন। কিছুদিন আগে অজ্ঞাত কারও হাত ধরে তৃণমূলে যোগ দেয়।

২ তৃণমূল কর্মীর ওপরে গুলি
তাঁর অভিযোগ দলের সক্রিয় কর্মীদের বিরুদ্ধে ওই সৌমেন অপপ্রচার করে দলের ক্ষতি করছে। বুধবার সৌমেন রায়, হেমন্ত মাঝি, তরুণ রায়ের নেতৃত্বে মৃগাঙ্ক সিং-এর ওপরে হামলা হয়। তাঁকে মারধর করা হয়। এর পরে থানায় এফআইআর করা হয়। এরপরে রাতে শুকুর বাজারে ওষুধ কিনতে এলে তাঁদের ওপর গুলি চালানো হয়। এই ঘটনায় মৃগাঙ্ক সিং এবং তার বাবা বাদল সিং-এর পায়ে গুলি লাগে। তাঁদেরকে রাতেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত তাঁরা স্থিতিশীল বলেই জানা গিয়েছে।
বামদেব মণ্ডল জানিয়েছেন, এলাকায় শান্তি বজায় রেখে তারা কর্মীদের শান্ত রাখতে চাইছেন। দলের ওপর তাদের আস্থা আছে। তবে কে ওই আক্রমণকারীদের মদত করছেন তা এলাকার মানুষ জানেন। তৃণমূলের তরফে স্থানীয় বিজেপি নেতৃত্বের দিকেও নিশানা করা হয়েছে।

বিজেপির দাবি
স্থানীয় বিজেপি নেতৃত্বের তরফে দাবি করা হয়েছে, ঘটনাটি এলাকার তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বের। এব্যাপারে তাদের কোনও যোগসূত্র নেই। বর্তমানে যে পরিস্থিতি তাতে এই ধরনের আরও ঘটনা ঘটার আশঙ্কা প্রকাশও করা হয়েছে বিজেপির তরফে। বিধানসভার প্রধান বিরোধীদলের অভিযোগ, কাটমানি নিয়ে বিভিন্ন জায়গায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, তাতেই অশান্তি ছড়িয়ে পড়ছে বিভিন্ন জায়গায়।












Click it and Unblock the Notifications