রেলের চাকরি খোয়াতে পারেন খুনে অভিযুক্ত সুশীল, তদন্ত শেষের অপেক্ষায় ফেডারেশন
রেলের চাকরি হারাতে পারেন খুনে অভিযুক্ত সুশীল
২৩ বছরের সাগর রানা খুনের ঘটনায় গ্রেফতার সুশীল কুমার ভারতীয় রেলের নিরাপদ চাকরি খোয়াতে পারেন বলে খবর। অলিম্পিকে জোড়া পদকজয়ী ভারতীয় কুস্তিগীরকে বরখাস্ত করা হতে পারে বলে জানানো হয়েছে। অন্যদিকে সুশীল কুমারকে নিয়ে এখনই কোনও হঠকারি সিদ্ধান্ত নিতে রাজি নয় ভারতীয় কুস্তি ফেডারেশন। তদন্ত শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে চায় ওই সংস্থা।

রেলের চাকরি হারাতে পারেন সুশীল কুমার
কুস্তিগীর সাগর রানা খুনের ঘটনায় নাম জড়িয়ে যাওয়া এবং গ্রেফতার হওয়া সুশীল কুমার তাঁর নিরাপদ সরকারি চাকরি খোয়াতে চলেছেন। কমনওয়েলথ গেমসে সোনাজয়ী ভারতীয় কুস্তিগীর নর্দান রেলওয়ের সিনিয়র কমার্শিয়াল ম্যানেজারের পদে কর্মরত। দিল্লি সরকারের তরফে সুশীলকে বিদ্যালয় স্তর থেকে ক্রীড়ার মানোন্নয়নের জন্য ছত্রসল স্টেডিয়ামে স্পেশাল ডিউটি অফিসার বা ওএসডি হিসেবেও নিযুক্ত করা হয়েছিল। খুনের মামলায় নাম জড়িয়ে যাওয়ায় ভারতীয় কুস্তিগীরকে সব সরকারি পদ ছাড়তে হতে পারে বলে খবর।

ফেডারেশনের সিদ্ধান্ত এখনই নয়
সুশীল কুমার ভারতীয় কুস্তি ফেডারেশনের এ গ্রেড তালিকায় রয়েছেন। সাগর রানা হত্যাকাণ্ডে নাম জড়িয়ে যাওয়ায় অলিম্পিয়ানের সঙ্গে ফেডারেশনের সেই চুক্তি টিকে থাকবে কিনা, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু হয়েছে। যদিও সুশীলকে নিয়ে এখনই তাঁরা কোনও বড় সিদ্ধান্ত নিতে চাইছেন না বলে জানিয়েছেন ফেডারেশনের সহকারি সচিব বিনোদ তোমর। তাঁরা সাগর রানা হত্যাকাণ্ডের তদন্ত শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে চান বলেও জানিয়েছেন তোমর। বক্তব্য, এ ব্যাপারে খুব শীঘ্র বৈঠক ডাকবেন ভারতীয় কুস্তি ফেডারেশনের প্রধান।

ক্রাইম ব্রাঞ্চের সামনে সুশীল
২৩ বছরের প্রাক্তন জাতীয় জুনিয়র কুস্তি চ্যাম্পিয়ন সাগর রানা হত্যাকাণ্ডের তদন্তে নেমে পড়ল দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। সোমবার অপরাধদমন শাখার কর্তাদের হাতে মামলার ফাইল তুলে দিয়েছে দিল্লির উত্তর-পশ্চিম জেলার পুলিশ।

সরব মৃত সাগরের পরিবার
অলিম্পিকে জোড়া পদকজয়ী সুশীল কুমারের ফাঁসির দাবিতে সরব হয়েছেন ছত্রসল স্টেডিয়ামে খুন হওয়া সাগর রানার পরিবারের সদস্যরা। খেলোয়াড় জীবনে অলিম্পিক সহ বিভিন্ন আন্তর্জাতিক ইভেন্ট থেকে অর্জন করা পদক ও স্বীকৃতি সুশীলের কাছ থেকে কেড়ে নেওয়ার দাবিতেও সরব হয়েছেন মৃত কুস্তিগীরের বাবা ও মা। রাজনৈতিক প্রভাব খাটিয়ে পুলিশি তদন্তে বাধাদান করতে পারেন আশঙ্কায় কমনওয়েলথ সোনাজয়ী ভারতীয় কুস্তিগীরের বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্ত দাবি করেছে সাগরের পরিবার। বক্তব্য, মৃত ২৩ বছরের কুস্তিগীর ৩৭ বছরের সুশীল কুমারকে নিজের মেন্টর বা গুরু হিসেবে মানতেন। অলিম্পিকে জোড়া পদকজয়ী কুস্তিগীরের স্ত্রী-র নামে থাকা বাড়িতে থেকেই সাগর তালিম নিতেন বলে জানিয়েছে তাঁর পরিবার। কিন্তু ৪ মে-র ঘটনার পর গুরু হওয়ার যোগ্যতা সুশীল হারিয়েছে বলে মনে করে মৃত কুস্তিগীরের পরিবার।












Click it and Unblock the Notifications