এবার করোনা আক্রান্ত টোকিও গেমসের দুই খেলোয়াড় সহ ১০, তবু আশাবাদী আইওসি প্রধান
এবার করোনা আক্রান্ত টোকিও গেমসের স্বেচ্ছাসেবক, তবু আশাবাদী আইওসি প্রধান
এবার করোনা ভাইরাসে আক্রান্ত হলেন টোকিও অলিম্পিকের ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত এক স্বেচ্ছাসেবক ও সাত ঠিকাদার। মেক্সিকোর দুই বেসবল খেলোয়াড়েরও কোভিড ১৯ টেস্ট পজিটিভ এসেছে বলে খবর। সবমিলিয়ে গেমসের সঙ্গে জড়িয়ে থাকা ব্যক্তিদের মধ্যে করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিদিনই বেড়ে চলেছে। অলিম্পিক শুরুর তিন দিন আগে তা নিয়ে কিছুটা হলেও উদ্বিগ্ন জাপান প্রশাসন। তবে আশাবাদী ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির প্রধান থমাস বাচ দিলেন ইতিবাচক বার্তা।

করোনা আক্রান্ত আরও ১০
অলিম্পিকে অংশ নিতে টোকিও পৌঁছনো মেক্সিকো বেসবল দলের দুই খেলোয়াড় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। গত ১৮ জুলাই হেক্টর ভেলাজকুয়েজ ও সামি সোলিসের কোভিড ১৯ টেস্ট পজিটিভ এসেছে। তাঁদের সেলফ আইসোলেশনে রাখা হয়েছে। মেক্সিকো বেসবল দলের বাকি সদস্যদের আরও একবার করে কোভিড ১৯ টেস্ট করা হয়েছে। অন্যদিকে টোকিও অলিম্পিকের ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত থাকা কোনও স্বেচ্ছাসেবক এই প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত হলেন। মঙ্গলবার গেমসের আয়োজক কমিটির তরফে এই খবর জানানো হয়েছে। কোভিড ১৯ আক্রান্ত ব্যক্তিকে আইসোলেশনে রাখা হয়েছে। একই সঙ্গে গেমেসের ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত থাকা আরও সাত ঠিকাদারের কোভিড ১৯ রিপোর্ট পজিটিভ এসেছে বলে জানানো হয়েছে। তাঁদেরও কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

সবমিলিয়ে আক্রান্ত ৬৭
আগামী ২৩ জুলাই থেকে টোকিওতে শুরু হচ্ছে অলিম্পিক। তার আগে গেমসের সঙ্গে সম্পর্কযুক্ত অ্যাথলিট, কর্মকর্তা, স্বেচ্ছাসেবক সহ মোট ৬৭ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ইতিমধ্যে সাত অ্যাথলিটের কোভিড ১৯ টেস্ট পজিটিভ এসেছে। তার মধ্যে পাঁচ জন গেমস ভিলেজ থেকে সংক্রমিত হয়েছেন বলে জানানো হয়েছে। রবিবার নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন চেক প্রজাতন্ত্রের এক বিচ ভলিবল খেলোয়াড় ও এক মার্কিন জিমন্যাস্ট। আঁটোসাঁটো বিধি ব্যবস্থা সত্ত্বেও করোনা সংক্রমণ না ঠেকাতে পারা নিয়ে চিন্তায় রয়েছে জাপান সরকার।

ঠিকাদারের সংখ্যা বেশি
টোকিও অলিম্পিকের সঙ্গে সম্পর্কিত যে যে ব্যক্তি এখনও পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন, তার মধ্যে অধিকাংশই ঠিকাদার বলে জানানো হয়েছে। এখনও পর্যন্ত গেমসের ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত থাকা ৩৬ জন ঠিকাদার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এই পরিস্থিতিতে আগামী ২৩ জুলাই থেকে গেমস শুরু করা যে বেশ ঝুঁকিপূর্ণ, তা মেনে নিচ্ছে জাপান নাগারিকদের একটা অংশ।

কী বললেন বাচ
অতিমারী পরিস্থিতিতেই শুরু হতে চলেছে টোকিও অলিম্পিক। এই যুদ্ধে সঙ্গ দেওয়ার জন্য জাপানের স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ জানিয়েছেন আইওসি সভাপতি থমাস বাচ। তাঁর আশা, এবারের অলিম্পিক ইতিহাস রচনা করতে চলেছে। টোকিও গেমসের মাধ্যমে মানুষের কাছে শান্তি ও ঐক্যের বার্তা পৌঁছবে বলেও মনে করেন বাচ। সব চ্যালেঞ্জকে অতিক্রম করে এবারের অলিম্পিক ইতিহাসের সফলতম গেমস হবে বলেও মনে করেন আইওসি প্রধান।












Click it and Unblock the Notifications