টোকিও থেকে ফিরেই বোনের মৃত্যু সংবাদে ভেঙে পড়লেন ভারতের অলিম্পিয়ান অ্যাথলিট
টোকিও থেকে ফিরেই বোনের মৃত্যু সংবাদে ভেঙে পড়লেন ভারতীয় অলিম্পিয়ান অ্যাথলিট
রঙিন আলোর রোশনাই ও আতসবাজির ফোয়ারাকে সঙ্গী করে শেষ হয়েছে বহুল চর্চিত টোকিও অলিম্পিক। যেখানে ভারতীয় অ্যাথলিটদের পারফরম্যান্স ছিল নজরকাড়া। অন্যান্য সব অলিম্পিকের তুলনায় টোকিওয় সেরা পারফরম্যান্স করেছে টিম ইন্ডিয়া। সর্বকালের সর্বাধিক পদক জিততে সক্ষম হয়েছেন নীরজ চোপড়ারা। এবার ঘরে ফেরার পালা। একে একে দেশে ফিরতে শুরু করেছেন ভারতীয় অ্যাথলিটরা। কেউ দেশে পৌঁছেছেন আগে তো কেউ টোকিও থেকে দিল্লিগামী বিমানের অপেক্ষায়। সেই হাসি-আবেগের আবহে দেশে ফিরে দুঃসংবাদ পেয়ে কান্নায় ভেঙে পড়লেন অ্যাথলিট ধনলক্ষ্মী শেখর।

টোকিও গেমসের ট্র্যাক অ্যান্ড ফিল্ডে যখন কড়া চ্যালেঞ্জ সামলাচ্ছেন ধনলক্ষ্মী, তখন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বোন। বড় মেয়ে দেশের হয়ে অলিম্পিকের যুদ্ধক্ষেত্রে থাকায় ধনলক্ষ্মীকে সে খবর জানাননি তাঁর মা। ফলে টোকিও থেকে দেশে ফিরে সেই দুঃসংবাদ পেয়ে প্রথমে হকচকিয়ে যান ধনলক্ষ্মী। তারপর তিনি কান্নায় ভেঙে পড়েন। মেয়েকে বোঝাতে এগিয়ে আসেন তাঁর আত্মীয়রা। জানান যে মনোসংযোগ যাতে বিঘ্নিত না হয়, তাই অলিম্পিক চলাকালীন তাঁকে এ খবর জানানো হয়নি।
তাতে আবেগ বাঁধ মানছে না ধনলক্ষ্মী শেখরের। যাঁর অনুপ্রেরণায় অলিম্পিকের অ্যাথলেটিক্সে দেশের হয়ে অংশ নেওয়ার সুযোগ, সেই বোনের এই আকস্মিক প্রয়াণ তিনি মেনে নিতে পারছেন না। তামিলনাড়ুর দরিদ্র পরিবার থেকে উঠে আসা ধনলক্ষ্মী অনেক ছোট বয়সে তাঁর বাবাকে হারান। মা উষা ও বোনের সঙ্গে তিল তিল করে সংসার গড়ে তোলেন ধনলক্ষ্মী। খো খো দিয়ে ক্রীড়া কেরিয়ার শুরু করলেও অ্যাথলেটিক্সের দিকে মোড় নেন শেখর।
টোকিও অলিম্পিকে ভারতের ৪x৪০০ রিলে বিভাগের সদস্য ছিলেন ধনলক্ষ্মী। সেই দলে রিজার্ভ হিসেবে ছিলেন শেখর। চলতি বছর পাতিয়ালায় হওয়া ইন্ডিয়ান গ্রাঁ পি থেকে যোগ্যতা অর্জন করে তিনি টোকিওর বিমান ধরার ছাড়পত্র পেয়েছিলেন। যদিও ব্যর্থ হয়েছে ভারতের ওই মহিলা দল। তবু দেশের হয়ে অলিম্পিকে যোগ্যতা অর্জন করার সম্মান যে অন্যরকম, তা টের পাওয়ার আগেই বোনের মৃত্যু সংবাদ ধনলক্ষ্মী জীবন ওলোট-পালোট করে দিয়েছে।
সতীর্থ অ্যাথলিট শুভা ভেঙ্কটারামনের সঙ্গে দেশে ফেরেন ধনলক্ষ্মী শেখর। গ্রামে ফিরে তিনি স্তম্ভিত হয়ে যান। বোনের আকস্মিক মৃত্যু সংবাদে তিনি ভেঙে পড়েন। টোকিও রওনা হওয়ার আগেই অসুস্থতায় ভুগছিলেন ধনলক্ষ্মীর বোন। তা বলে যে এভাবে সব শেষ হয়ে যাবে, তা কল্পনার মধ্যেই আনতে পারেননি শেখর।












Click it and Unblock the Notifications