Indonesia Open: ইন্দোনেশিয়া ওপেনে ইতিহাস, সাত্ত্বিক-চিরাগের খেতাব জয়
Indonesian Open: ইন্দোনেশিয়ান ওপেনে ইতিহাস। মালয়েশিয়ার প্রতিপক্ষকে হারিয়ে পুরুষদের ডাবলস খেতাব জিতল সাত্ত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডি ও চিরাগ শেট্টির জুটি। এর আগে আটবার কখনোই মালয়েশিয়ার এই জুটিকে তাঁরা হারাতে পারেননি।
ভারতের প্রথম জুটি হিসেবে সুপার ১০০০ ব্যাডমিন্টন খেতাব জয় চিরাগ-সাত্ত্বিকের। খেলার ফল ২১-১৭, ২১-১৮।

চিরাগ-সাত্ত্বিক এই মুহূর্তে বিশ্বের ৬ নম্বরে থাকা জুটি। এর আগে ভারতের কোনও জুটি সুপার ১০০০ ইভেন্টে জিততে পারেনি। জাকার্তার জয় তাই নিশ্চিতভাবেই ভারতীয় জুটির সাফল্যের মুকুটে যোগ করল নতুন পালক। কমনওয়েলথ গেমসে ভারতের এই জুটি জিতেছিল সোনা। গত বছর বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জও জেতে।
ফাইনালে চিরাগ-সাত্ত্বিকের দ্বৈরথ ছিল মালয়েশিয়ার অ্যারন চিয়া ও সোহ উহ ওয়াইকার বিরুদ্ধে। যাঁরা এশিয়া ও বিশ্ব চ্যাম্পিয়ন। সেই হেভিওয়েট জুটিকে চিরাগ-সাত্ত্বিক উড়িয়ে দিলেন মাত্র ৪৩ মিনিটে। স্ট্রেট গেমে। প্রথম গেমে শুরুটা ভারতীয় জুটির ভালো না হলেও ১১-৯ জুটির লিড ধরে রাখে বিরতির সময়।

দ্বিতীয় গেমে আবার ভারতীয়রাই দাপট দেখিয়ে শুরু করেছিল। যদিও মালয়েশীয় জুটি পরের দিকে মরিয়া লড়াই চালাতে থাকে। কিন্তু শেষরক্ষা হয়নি। ভারতীয় জুটির দখলেই আসে খেতাব। বিডব্লিউএফ ট্যুরের ছয় রকমের পর্যায় আছে। ওয়ার্ল্ড ট্যুর ফাইনালস, চারটি সুপার ১০০০, ৬টি সুপার ৭৫০, ৭টি সুপার ৫০০, ১১টি সুপার ৩০০।
এর পাশাপাশি রয়েছে বিডব্লিউএফ ট্যুর সুপার ১০০ লেভেল, এতেও র্যাঙ্কিং পয়েন্ট থাকে। র্যাঙ্কিং পয়েন্ট একেকটির ক্ষেত্রে একেকরকমের। সুপার ১০০০ ইভেন্টে সবচেয়ে বেশি পয়েন্ট ও প্রাইজমানি মেলে। একমাত্র চিরাগ-সাত্ত্বিকের ট্রফি ক্যাবিনেটে অলিম্পিক পদকই বাকি।

বিশ্ব চ্যাম্পিয়নশিপ, থমাস কাপ, কমনওয়েলথ গেমস এবং বিডব্লিউএফ ট্যুরের ৩০০ থেকে ১০০০ অবধি লেভেলের পদক তাঁদের ঝুলিতে চলে এসেছে। খারাপ সময় কাটিয়ে চলতি বছরেই ভারতের এই জুটি ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপ জিতেছিল।
সিঙ্গাপুর ওপেনে প্রথম রাউন্ডে বিদায় নিতে হয়। তাইল্যান্ড ওপেন থেকে চিরাগ ও সাত্ত্বিক ছিটকে যান দ্বিতীয় রাউন্ড থেকেই। সুদিরমান কাপেও সাফল্য আসেনি। যদিও নবম সাক্ষাতে অ্যারন চিয়া-সোহ উহ ওয়াইকা জুটির বিরুদ্ধে প্রথম জয়ের সঙ্গে সঙ্গেই ঐতিহাসিক সাফল্য সুনিশ্চিত হলো ভারতীয় জুটির।
সেমিফাইনালে পিছিয়ে পড়েও দুরন্ত জয় ছিনিয়ে নিয়েছিলেন চিরাগ ও সাত্ত্বিক। কোরিয়ার কাং মিন হিউক ও সিও সিউং জায়ের বিরুদ্ধে খেলতে নেমে প্রথম গেমে ১৭-২১ ব্যবধানে পিছিয়ে পড়ে। পরের দুটি গেম অবশ্য জিতে নেন ২১-১৯, ২১-১৮ ব্যবধানে।












Click it and Unblock the Notifications