পদক জয়ের চাপ সরিয়ে টোকিওয় প্যারালিম্পিয়ানদের থেকে পূর্ণ সমর্পণ চাইলেন প্রধানমন্ত্রী মোদী
টোকিও প্যারালিম্পিকে অংশ নিতে চলা ভারতীয় অ্যাথলিটদের সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
টোকিও প্যারিলিম্পিকে ভারতীয় অ্যাথলিটরা সবচেয়ে ভাল পারফরম্যান্স করবেন বলে বিশ্বাস করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রতিকূলতা হারিয়ে আগামী গেমসে অংশ নিতে চলা ভারতীয় অ্যাথলিটদের দেশের গর্ব বলেও সম্বোধন করেছেন দেশের প্রশাসনিক প্রধান। তিনি মনে করেন, দেশের মানুষের শুভেচ্ছা ও ভালোবাসে সঙ্গে নিয়ে এবার ইতিহাস রচনা করবেন প্যারালিম্পিয়ানরা।

ইতিহাস রচনা করবেন প্যারালিম্পিয়ানরা
আগামী ২৪ অগাস্ট থেকে টোকিও শুরু হবে প্যারালিম্পিক। ৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে গেমস। যেখানে ভারত থেকে মোট ৫৪ জন অ্যাথলিট অংশ নিতে চলেছেন। এর আগের কোনও প্যারালিম্পিকে ভারত এত সংখ্যক অ্যাথলিট পাঠাতে পারেনি। ২০১৬ সালের রিও গেমসে ভারতের থেকে অংশ নিয়েছিলেন ১৯ জন প্যারালিম্পিয়ান। দুটি সোনা, একটি রুপো এবং ব্রোঞ্জ নিয়ে ওই অলিম্পিক অভিযান শেষ করেছিল দেশ। ২০১২ সালের লন্ডন প্যারালিম্পিকে ভারত থেকে মোট ১০ জন অ্যাথলিট প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। ওই প্রতিযোগিতা থেকে মাত্র ১টি রুপো জিততে সক্ষম হয়েছিল দেশ। টোকিও প্যারালিম্পিকে মোট ৫৪ জন ভারতীয় অ্যাথলিট ৯টি ক্রীড়া ইভেন্টে অংশ নেবেন। ফলে এবার দেশে অন্যান্য বারের থেকে বেশি পদক আসবে বলে আশা প্রকাশ করছেন প্রধানমন্ত্রী। উল্লেখ্য সদ্য শেষ হওয়া টোকিও অলিম্পিকে যত সংখ্যক ভারতীয় অ্যাথলিট অংশ নিয়েছিলেন, তা নজিরবিহীন। ওই গেমসে থেকে সাতটি পদক জিতে সর্বকালের রেকর্ডও গড়েছে টিম ইন্ডিয়া। একই ভাবে টোকিও প্যারালিম্পিকেও ইতিহাস রচিত হবে বলে বিশ্বাস করেন প্রধানমন্ত্রী।

প্যারা অ্যাথলিটরাই অনুপ্রেরণা
তুমুল প্রতিবন্ধকতার পাহাড় ডিঙিয়ে কেরিয়ারের এই মহালগ্নে এসে পৌঁছেছেন ভারতের প্যারা-অ্যাথলিটরা। জেতা-হারার উর্ধ্বে উঠে তাঁদেরই দেশের অনুপ্রেরণা বলে আখ্যা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর কথায়, শারীরিক প্রতিবন্ধকতা যাঁদের জীবনের অন্তরায় হয়ে দাঁড়ায়নি, করোনা ভাইরাস যাঁদের হারাতে পারেনি, তাঁদের কাছে প্যারালিম্পিক থেকে পদক নিয়ে আসাও কঠিন কাজ হবে না। সঙ্গে মোদী এও জানিয়েছেন নিউ ইন্ডিয়া বা নতুন ভারত এই অ্যাথলিটদের পাশে রয়েছে। অযথা প্রত্যাশার চাপ না নিয়ে দেশের প্যারালিম্পিয়ানদের টোকিওয় নিজেদের সেরাটা উজাড় করে দেওয়ার আবেদন জানিয়েছেন মোদী।

মোদীর সঙ্গে কথা বললেন প্যারা অ্যাথলিটরা
টোকিওগামী প্যারা অ্যাথলিটদের সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যেখানে ছিলেন জ্যোতি বলিয়ান, রাকেশ কুমার, দেবেন্দ্র ঝাঝারিয়া, মারিয়াপ্পান থাঙ্গাভেলু, পলক কোহলি, পারুল পারমার, প্রাচী যাদব, সাকিনা খাতুনের মতো লড়াকু ও সম্ভাবনাময় অ্যাথলিটরা। কেউ প্যারালিম্পিকে অংশ নিতে চলেছেন প্রথমবার, কেউ গেমস থেকে পদক জেতার নজির গড়ে ফেলেছেন। কেউ শৈশব থেকেই প্রতিবন্ধী, কেউ অঙ্গ হারিয়েছেন দুর্ঘটনায়। তাঁদের মধ্যে যেটা সবচেয়ে সাধারণ, তা হল লড়াই করার মানসিকতা। যার বলে বলিয়ান হয়ে টোকিও প্যারালিম্পিকে অংশ নিতে চলেছেন দেশের প্যারা অ্যাথলিটরা। তাঁদের সাহস, ভাবনা এবং ইচ্ছাশক্তির প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

অ্যাথলিটদের অনুভূতি
২০০৪ সালের প্যারালিম্পিকে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করছেন দুর্ঘটনায় বাম হাত হারানো ৪০ বছরের দেবন্দ্র ঝাঝারিয়া। এথেন্সে হওয়া ওই গেমসের জ্যাভলিন থ্রো ইভেন্টে তিনি সোনা জিতেছিলেন। ২০১৬ সালের রিও প্যারালিম্পিকেও সোনা জিতে তিনি দেশকে গর্বিত করেছিলেন। যাঁকে শৈশবে বলা হয়েছিল খেলা ছেড়ে লেখাপড়ায় মন দিতে। সে কথা শোনেননি দেবেন্দ্র। হার মানেননি সীমাহীন প্রতিকূলতার সামনে। তাই আরও একবার দেশের মুখ উজ্জ্বল করার লক্ষ্যে টোকিও রওনা হওয়ার সংকল্প নিচ্ছেন ভাররত্ন, পদ্মশ্রী ও অর্জুন পুরস্কারজয়ী অ্যাথলিট। জম্মুর ছেলে রাকেশ কুমার ১৩ বছর আগের এক দুর্ঘটনায় কার্যত বিকলাঙ্গ হয়ে গিয়েছিলেন। আর সেখান থেকেই শুরু হয়েছিল তাঁর লড়াই। মনের জোরে সব প্রতিকূলতাকে জয় করে টোকিও প্যারালিম্পিকের তিরন্দাজি ইভেন্ট থেকে দেশকে পদক এনে দিতে বদ্ধপরিকর রাকেশ। জন্ম থেকেই শারীরিক সমস্যার সঙ্গে লড়াই করা পলক কোহলি, প্রাচী যাদবদের গোটা দেশের অনুপ্রেরণা বলে সম্বোধন করেছেন নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর কথায়, ইচ্ছা থাকলে প্রত্যন্ত এলাকা থেকেও উঠে যে দেশকে আলোকিত করা যায়, এই অ্যাথলিটরা তার প্রমাণ। একই সঙ্গে প্যারালিম্পিয়ানদের দেশের রোল মডেল বলেও সম্বোধন করেছেন মোদী। এদিনের অনুষ্ঠানে হাজির ছিলেন দেশের ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর, আইনমন্ত্রী কিরেণ রিজিজু, দেশের প্যারালিম্পিক অ্যাসোসিয়েশনের প্রধান দীপা মালিক সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।












Click it and Unblock the Notifications