PKL-11: পাটনাকে উড়িয়ে প্লে-অফের কাছে ইউ মুম্বা, ইউপি যোদ্ধাস চূর্ণ করল গুজরাত জায়ান্টসকে
PKL-11: প্রো কবাডি লিগে হরিয়ানা স্টিলার্সের পর প্লে-অফ পাকা করে ফেলেছে পাটনা পাইরেটস, ইউপি যোদ্ধাস ও দাবাং দিল্লি কেসি। প্লে-অফের আরও কাছে পৌঁছে গেল ইউ মুম্বা।
পুণের বালেওয়াড়ি স্পোর্টস কমপ্লেক্সের ব্যাডমিন্টন হলে আজ ইউ মুম্বা হারাল পাটনা পাইরেটসকে। অপর ম্যাচে ইউপি যোদ্ধাস বড় জয় ছিনিয়ে নিল গুজরাত জায়ান্টসের বিরুদ্ধে।

আজকের প্রথম ম্যাচটি ছিল গুজরাত ও ইউপি-র মধ্যে। ইউপি যোদ্ধাস জিতল ৫৯-২৩ ব্যবধানে। ইউপির রাইট রেইডার গগন গৌড়া ১৯, রেইডার ভবানী রাজপুত ১১ পয়েন্ট নিশ্চিত করেন। অধিনায়ক তথা ডিফেন্ডার সুমিতের সংগ্রহ ৫ পয়েন্ট।
ডিফেন্ডার আশু সিং ও মহেন্দর সিং চার পয়েন্ট করে নিশ্চিত করেন। গুজরাত জায়ান্টসের অধিনায়ক গুমন সিং সাত পয়েন্ট সংগ্রহ করেন। অলরাউন্ডার জিতেন্দর যাদব ৬ ও রেইডার রাকেশের সংগ্রহে ৫ পয়েন্ট।
এদিনের অপর দ্বৈরথে ইউ মুম্বা ৪৩-৩৭ ব্যবধানে হারাল পাটনা পাইরেটসকে। ইউ মুম্বার লেফট রেইডার অজিত চৌহান একাই ১৫ পয়েন্ট আদায় করেন। অধিনায়ক তথা ডিফেন্ডার সুশীল কুমার পান ৫ পয়েন্ট। ৪ পয়েন্ট করে আদায় করেন ডিফেন্ডার পরবেশ ভৈঁসওয়াল, রেইডার মনজিৎ ও অলরাউন্ডার রোহিত রাঘব।
পাটনা পাইরেটসের হয়ে সবচেয়ে বেশি ১২ পয়েন্ট সংগ্রহ করেন রেইডার দেবাঙ্ক। লেফট রেইডার অয়ন পান ৭ পয়েন্ট। লেফট রেইডার এম সুধাকর ৫ এবং ডিফেন্ডার দীপক ও শুভম শিন্ডে চার পয়েন্ট করে সংগ্রহ করেছেন।
পয়েন্ট তালিকায় হরিয়ার পরেই এখন পাটনা পাইরেটস। ২১ ম্যাচে তাদের ঝুলিতে ৭৪ পয়েন্ট, হরিয়ানার থেকে ৫ পয়েন্টের ব্যবধান। ইউপি যোদ্ধাস ২১ ম্যাচে ৭৪ পয়েন্ট নিয়েই রয়েছে তিনে। ২০ ম্যাচে ৬৪ পয়েন্ট সংগ্রহ করে প্লে-অফের দোরগোড়ায় ইউ মুম্বা। ২০ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে একাদশ স্থানে গুজরাত।
কাল জয়পুর পিঙ্ক প্যান্থার্স খেলবে বেঙ্গল ওয়ারিয়রজের বিরুদ্ধে। অপর ম্যাচে পুণেরি পল্টনের সামনে তেলুগু টাইটান্স।












Click it and Unblock the Notifications