Paris Olympics 2024: অলিম্পিক্স অভিষেকের অপেক্ষায় নিখাত, উপর্যুপরি পদক চান লাভলিনা! প্রধান প্রতিপক্ষ কারা?
Paris Olympics 2024: প্যারিস অলিম্পিক্সের উদ্বোধন শুক্রবার। আজ থেকে শুরু হয়ে গেল ফুটবল ও রাগবি। ভারতীয়দের চ্যালেঞ্জ শুরু কাল তিরন্দাজি দিয়ে।
ভারত এবার অন্তত তিনটি পদক প্রত্যাশা করছে বক্সিং থেকে। নিদেনপক্ষে ২টি। নিখাত জারিন ও লাভলিনা বরগোঁহাই বক্সিংয়ে পদকের বড় দাবিদার।

নিখাত জারিন নামতে চলেছেন কেরিয়ারের প্রথম অলিম্পিক্সে। তিনি দু-বারের বিশ্বচ্যাম্পিয়ন। স্বাভাবিকভাবেই তিনি বিগত ২ বছর ধরে দেশের সেরা বক্সার। তবে পদক জয়ের লক্ষ্যে নিখাতের সবচেয়ে বড় প্রতিপক্ষ হতে চলেছেন তুরস্কের এক বক্সার।
নিখাত নিজেও স্বীকার করেছেন তুরস্কের বুসে নাজ চাকিরোগলুই তাঁর কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ২০২২ সালে নিখাত স্ট্র্যান্ডজা মেমোরিয়ালে চাকিরোগলুর মুখোমুখি হয়েছিলেন এবং ৪-১ ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছিলেন।
বিশ্ব বক্সিংয়ে তুরস্কের এই বক্সারের বেশ কয়েকটি পদক রয়েছে। টোকিও অলিম্পিক্সে তিনি রুপো জিতেছিলেন। নিখাত প্যারিস অলিম্পিক্সে নামবেন অবাছাই হিসেবে। ফলে প্রথম দিকের রাউন্ডেই চাকিরোগলুর বিরুদ্ধে তাঁর দ্বৈরথের সম্ভাবনা রয়েছে।
লাভলিনা বরগোঁহাই টোকিও অলিম্পিক্সে জিতেছিলেন ব্রোঞ্জ। প্রথম ভারতীয় বক্সার হিসেবে তাঁর সামনে পরপর ২টি অলিম্পিক্স থেকে পদক জেতার হাতছানি রয়েছে। ৭৫ কেজি বিভাগে লাভলিনা ইতিমধ্যেই বিশ্ব চ্যাম্পিয়ন। গত বছর দিল্লিতে তিনি সোনা জিতেছিলেন।
প্যারিসে পদক জয়ের পথে লাভলিনার সবচেয়ে শক্ত প্রতিপক্ষ হতে পারেন চিনের লি কিয়ান। যাঁর সঙ্গে তাঁর কোয়ার্টার ফাইনালে দেখা হতে পারে। গত বছর বিশ্ব বক্সিংয়ের সেমিফাইনালে কিয়ানকে হারিয়েছিলেন লাভলিনা। যদিও এরপর দুটি বাউটে তিনি কিয়ানের কাছে হেরে যান।
এশিয়ান গেমসের ফাইনালেও কিয়ান হারিয়ে দিয়েছিলেন লাভলিনাকে। কিয়ানের ঝুলিতেও রয়েছে অলিম্পিক্সের বেশ কিছু পদক। তিনি রিও অলিম্পিক্সে ব্রোঞ্জ জিতেছিলেন। টোকিও অলিম্পিক্সে জেতেন রুপো। ফলে টোকিও অলিম্পিক্সের দুই রুপোজয়ীই ভারতের সেরা মহিলা বক্সারদের শক্ত চ্যালেঞ্জের মুখে ফেলে দিতে পারেন।












Click it and Unblock the Notifications