Paris Olympics 2024: প্যারেড অব নেশনসের শুরুতেই কেন গ্রিস? ভারত কত নম্বরে? ক্রীড়াবিদদের দেওয়া হবে কোন খাবার?
Paris Olympics 2024: প্যারিস অলিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠান আজ ভারতীয় সময় রাত ১১টা থেকে। প্রায় ঘণ্টা চারেক ধরে চলবে এই অভিনব অনুষ্ঠান।
স্টেডিয়াম নয়, এই প্রথম অলিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠান হবে নদীর বুকে। স্যেন নদীতে হবে প্যারেড অব নেশনসে।

জানা যাচ্ছে, স্যেন নদীর পূর্ব থেকে পশ্চিম অবধি চলবে ৬ কিলোমিটার প্যারেড। বোটে করে নিয়ে যাওয়া হবে ক্রীড়াবিদদের। ৯৪টি বোট থাকবে। জার্ডিন দেস প্ল্যান্টেসের কাছে অস্তারলিজ ব্রিজ থেকে শুরু হবে প্যারেড। ইলে সেন্ট লুইস ও ইলে দে লা সাইট এলাকা দিয়েই এই অনুষ্ঠান হবে।
নদীপথে পড়বে বেশ কিছু ঐতিহ্যশালী ব্রিজ ও গেটওয়ে। সেখানে আয়োজন করা হচ্ছে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। অলিম্পিক্সের খেলাগুলি যে স্টেডিয়ামগুলিতে হচ্ছে তার কয়েকটি পড়বে এই যাত্রাপথে। জানা যাচ্ছে, প্যারেড অব নেশনসে থাকছে ২০৫টি দেশ।
১৯০৮ সালে লন্ডন অলিম্পিক গেমস থেকেই শুরু হয় প্যারেড অব নেশনস। গ্রিসেই জন্ম অলিম্পিক্সের। ১৮৯৬ সালে এথেন্সে অলিম্পিক্স হয়েছিল প্রথম। সে কথা স্মরণ করেই প্যারেড অব নেশনসে প্রথম দেশ হিসেবে থাকবে গ্রিস। দ্বিতীয় বোটে থাকবে উদ্বাস্তু অলিম্পিক্স টিম।
প্যারেড অব নেশনসে এরপর বর্ণানুক্রমিক হিসেবে একে একে আসবেন বিভিন্ন দেশের ক্রীড়াবিদরা। ভারত এই নিরিখে থাকবে ৮৪ নম্বরে। আয়োজক দেশ ফ্রান্স আসবে সকলের শেষে। তার ঠিক আগে থাকবে মার্কিন যুক্তরাষ্ট্র, কেন না পরের অলিম্পিক্সের আসর বসছে লস অ্যাঞ্জেলেসে।
২০৩২ সালের অলিম্পিক্স হবে অস্ট্রেলিয়ায়। সে কারণে অস্ট্রেলিয়া প্যারেড অব নেশনসে থাকবে ২০৩ নম্বর দেশ হিসেবে। জানা যাচ্ছে, ক্রীড়াবিদদের বোটে থাকতে হবে মিনিট পঁয়তাল্লিশ। তার আগে স্থানীয় সময় বিকেলে গেমস ভিলেজ থেকে বের হবেন ক্রীড়াবিদরা। ফিরতে অনেকটাই রাত হয়ে যাবে।
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি, ভারতের ক্রীড়াবিদদের ৯৪০ মিটার থেকে ২৩০০ মিটার হাঁটতে হতে পারে। কিন্তু দাঁড়িয়ে থাকতে হবে ৫ ঘণ্টা ২৭ মিনিট। ক্রীড়াবিদদের লাইফ জ্যাকেটের পাশাপাশি খাওয়ার জন্য দেওয়া হবে ক্র্যাকার, মুসেলি বার, ফল ও বাদাম। ৯৪টি বোটে অবশ্য হাজার সাতেক অ্যাথলিটকে ঘোরানোর পরিকল্পনা রয়েছে।
যাত্রাপথে পড়বে নোতর দাম দ্য পারি ক্যাথিড্রাল, ল্যুভর মিউজিয়াম, প্লেস দে লা কনকর্দে, গ্র্যান্ড পালাইস, লেস ইনভালিদ, মুসি ডি'অরসে। আইফেল টাওয়ারের পাদদেশ পন্ট ডি'লেনায় গিয়ে প্যারেড শেষ হবে বলে জানা যাচ্ছে।












Click it and Unblock the Notifications