করোনা পরিস্থিতিতে টোকিও অলিম্পিকে পদক প্রদান অনুষ্ঠানে বদল আনল আইওসি
করোনা আবহে ২৩ জুলাই থেকে আনুষ্ঠানিকভাবে শুরু টোকিও অলিম্পিক। গেমস ভিলেজের দরজা খুলে গিয়েছে। আনুষ্ঠানিক উদ্বোধনের আগে ফুটবল-সহ কয়েকটি ইভেন্ট শুরু হয়ে যাবে। এরই মধ্যে পদক প্রদান অনুষ্ঠানের ঐতিহ্যে উল্লেখযোগ্য পরিবর্তন আনার সিদ্ধান্ত নিল ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি।

বৈপ্লবিক বদল
আজ আইওসি প্রেসিডেন্ট থমাস বাখ অলিম্পিকের ৩৩৯টি ইভেন্টের পদক প্রদান অনুষ্ঠানে বৈপ্লবিক রদবদল আনার কথা জানিয়েছেন। করোনা পরিস্থিতিতে অ্যাথলিটদের সুরক্ষা নিশ্চিত করতেই এই পদক্ষেপ। সোনা, রুপো ও ব্রোঞ্জ যাঁরা পান তাঁরা থাকেন পোডিয়ামে, সংশ্লিষ্ট দেশের পতাকা উত্তোলনের পাশাপাশি বিজয়ীদের গলায় পরিয়ে দেওয়াই অলিম্পিকের রীতি। সেই নিয়মেই এবার বদল আসছে। আইওসি-র কোনও সদস্য বা শীর্ষ আধিকারিক আগের অলিম্পিক অবধি পদক পরিয়ে দিতেন অ্যাথলিটদের গলায়।

পরতে হবে নিজেদের
বাখ জানিয়েছেন, একটি ট্রে-তে সাজিয়ে পদকগুলি জয়ীদের সামনে নিয়ে যাওয়া হবে। যিনি ট্রে-গুলি নিয়ে যাবেন তিনি ডিসইনফেক্টেড গ্লাভস পরে ট্রে ধরবেন, যাতে অ্যাথলিটরা নিশ্চিত থাকেন পদকগুলি থেকে কোনও সংক্রমণ ছড়ানোর আশঙ্কা নেই। পদকগুলি অ্যাথলিটদের গলাতেও কেউ পরিয়ে দেবেন না। ট্রে থেকে তুলে নিয়ে পদকগুলি গলায় পরে নিতে হবে সংশ্লিষ্ট অ্যাথলিটদেরই।

করোনা পরিস্থিতির প্রভাব
আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে টসের সময় দেখা গিয়েছে কোনও ধারাভাষ্যকার মাঠে ছিলেন না। ক্যামেরার সামনে রাখা মাইক্রোফোন নিজেদের হাতে তুলে নিয়ে টসের পর বক্তব্য পেশ করেছিলেন দুই দলের অধিনায়ক বিরাট কোহলি ও কেন উইলিয়ামসন। ফাইনালের পরেও তেমনটাই হয়েছিল। একটি টেবিলের উপর মাইক্রোফোন রাখা ছিল দুই দলের অধিনায়কের জন্য। এমনকী পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সময় মেডেল ও ট্রফি নিজেরাই তুলে নিয়েছিলেন ক্রিকেটাররা। তবে ইউরো কাপ ফাইনালে উয়েফা প্রেসিডেন্ট আলেকসান্দার সেফেরিন ফুটবলারদের পদক পরিয়ে দেন। ইতালির গোলকিপার জিয়ানলুইজি দন্নারুম্মাকে ইউরো সেরার পুরস্কার তুলে দিয়ে তাঁর সঙ্গে হাতও মেলান সেফেরিন। তবে অলিম্পিকে পদক বিতরণের সময় কেউ হাত মেলাতে বা একে অপরকে জড়িয়ে ধরতে পারবেন না বলেও জানিয়ে দিয়েছেন বাথ। পদকজয়ীদের পাশাপাশি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যে আধিকারিকরা থাকবেন তাঁদের মাস্ক পরাও বাধ্যতামূলক।

টোকিওতে ভারতীয়রা
এদিকে, টোকিওতে পৌঁছে গিয়েছে ভারতের সেইলিং টিম। বরুণ ঠক্কর, গণপতি চেঙ্গাপ্পা, বিষ্ণু সর্বানন ও নেত্র কুমানান ও তাঁদের কোচেদের টোকিওর ছবি সাই সোশ্যাল সাইটে পোস্ট করেছে। ভারত থেকে অ্যাথলিটদের প্রথম দল রওনা দেবে ১৭ জুলাই। ভারত থেকে যাঁরা যাবেন তাঁদের গেমস ভিলেজে তিনদিন নিভৃতবাসে থাকতে হবে।












Click it and Unblock the Notifications