নীরজ চোপড়া জ্যাভলিনে বিশ্বের ১ নম্বর, পিটার্সকে সরিয়ে প্রথম ভারতীয় হিসেবে গড়লেন ইতিহাস
নীরজ চোপড়া টোকিও অলিম্পিকে সোনা জিতে ইতিহাস গড়েছিলেন। এরপর ডায়মন্ড লিগ খেতাব জেতেন। প্রথম ভারতীয় হিসেবে তিনি আরও একবার নিজের নাম স্বর্ণাক্ষরে লেখালেন ইতিহাসের পাতায়। দোহায় ডায়মন্ড লিগ অভিযান দারুণভাবে শুরু করেছেন।
সেখানে তিনি শীর্ষস্থান দখল করেন। এবার জ্যাভলিনের ক্রমতালিকায় বিশ্বের ১ নম্বর জ্যাভলিন থ্রোয়ারের সিংহাসনটির দখল নিলেন নীরজ। এক নম্বর জায়গা থেকে সরিয়ে দিলেন অ্যান্ডারসন পিটার্সকে।

প্রথম ভারতীয় হিসেবে অ্যাথলেটিক্সে অলিম্পিকের আসর থেকে দেশকে সোনা এনে দেন নীরজ চোপড়া। ২০২১ সালে টোকিও অলিম্পিকে ৮৭.৫৮ মিটার দূরত্বে জ্যাভলিন পাঠিয়ে তিনি এই সোনা জিতে ইতিহাস গড়েন। এরপর জুরিখে ডায়মন্ড লিগে সোনা জেতেন, সেখানে তিনি বর্শা পাঠান ৮৯.৬৩ মিটার।

দোহা ডায়মন্ড লিগে নামার আগে নীরজ জানিয়েছিলেন তিনি ৯০ মিটারের মাইলফলক স্পর্শ করতে চান। যদিও সেটা করতে পারেননি। তাতে অবশ্য দোহা ডায়মন্ড লিগ ইভেন্টে তাঁর চ্যাম্পিয়ন হওয়া আটকায়নি। ৮৮.৬৭ মিটারের থ্রো তাঁকে বাকিদের চেয়ে এগিয়ে দিয়েছিল। এই সাফল্যই তাঁকে এবার বিশ্বের ১ নম্বরে নিয়ে গেল।

দোহায় ডায়মন্ড লিগের ইভেন্টে টোকিও অলিম্পিকে রুপোজয়ী জাকুব ভালদেচ ৮৮.৬৩ মিটারের থ্রোয়ের সৌজন্যে দ্বিতীয় স্থান পেয়েছিলেন। গত বছর দোহায় অ্যান্ডারসন পিটার্স ৯৩ মিটারের বেশি দূরত্বে বর্শা পাঠান। কিন্তু এবার তাঁর সেরা থ্রো ছিল ৮৫.৮৮ মিটারের। তাঁকে তৃতীয় স্থান নিয়েই সন্তুষ্ট থাকতে হয়। এবার হারালেন সিংহাসন।
নীরজ চোপড়া দোহায় ডায়মন্ড লিগ ইভেন্টে সেরার শিরোপা পেয়ে সাংবাদিকদের জানিয়েছিলেন, ২০২৪ সালের প্যারিস অলিম্পিকেও তিনি সাফল্যের ধারা অব্যাহত রাখতে চান। দোহায় কষ্টার্জিত সাফল্য পেলেও এই জয়ের ধারা তিনি আগামী টুর্নামেন্টগুলিতেও অব্যাহত রাখতে চান। দোহায় নিজের পারফরম্যান্স নিয়েও সন্তুষ্ট নীরজ।












Click it and Unblock the Notifications