অলিম্পিক অভিষেকে অনবদ্য লড়াই জিতে দ্বিতীয় রাউন্ডে সুতীর্থা, জিতলেন মনিকাও
নৈহাটির সুতীর্থা মুখোপাধ্যায় পরিচিত টেবিল টেনিসে জায়ান্ট কিলার হিসেবে। টোকিওয় অলিম্পিক অভিষেকেই অনবদ্য লড়াই উপহার দিয়ে দ্বিতীয় রাউন্ডে পৌঁছে গেলেন সুতীর্থা মুখোপাধ্যায়। সৌম্যদীপ রায়ের এই ছাত্রী প্রথম রাউন্ডে হারালেন সুইডেনের লিন্ডা বারিস্ট্রমকে, তাও আবার ১-৩ গেমে পিছিয়ে থাকা অবস্থা থেকে ঘুরে দাঁড়িয়ে। মনিকা বাত্রা অবশ্য এদিন জিতেছেন দাপট দেখিয়েই।

আজ শুরুতে মিক্সড ডাবলসের প্রথম রাউন্ডে হারের পর সিঙ্গলস খেলা ছিল মনিকার। প্রতিপক্ষকে তিনি দাঁড়াতেই দেননি। অলিম্পিক টেবিল টেনিসের মহিলাদের সিঙ্গলসের প্রথম রাউন্ডে গ্রেট ব্রিটেনের টিন-টিন হো-কে দাপটের সঙ্গে হারিয়ে দেন ভারতের ১ নম্বর প্যাডলার মনিকা বাত্রা। জেতেন ৪-০ ব্যবধানে। খেলার ফল ১১-৭, ১১-৬, ১২-১০ এবং ১১-৯। দ্বিতীয় রাউন্ডে তাঁর প্রতিপক্ষ ইউক্রেনের মার্গারেটা পেসোটস্কা। এই খেলাটি শুরু হবে ভারতীয় সময় সকাল ১১টা ১৫ মিনিটে।

মনিকার পরই খেলা ছিল সুতীর্থার। সুতীর্থা এবারই প্রথম অলিম্পিক খেলতে নেমেছেন। প্রথম রাউন্ডে তাঁর প্রতিপক্ষ ছিলেন সুইডেনের লিন্ডা বারিস্ট্রম। প্রথম গেম তিনি ১১-৫-এ জিতে নেওয়ার পর দ্বিতীয় গেম সুতীর্থা জিতে নেন ১১-৯-এ। আনফোর্সড এরর ভোগানোয় তৃতীয় গেমে গেম পয়েন্ট হাতছাড়া করে শেষে ১১-১৩ ব্যবধানে হার মানতে হয় সুতীর্থাকে। পরের গেম ১১-৯ ব্যবধানে জিতে নেন বারিস্ট্রম।

এরপরই সুতীর্থার অনবদ্য কামব্যাক। পরের তিনটি গেমই টানা জিতে নেন। ফল যথাক্রমে ১১-৩, ১১-৯, ১১-৫। ৪-৩ ব্যবধানে জেতায় দ্বিতীয় রাউন্ডে তিনি খেলবেন পর্তুগালের ফু ইউ-এর বিরুদ্ধে। সুতীর্থার ম্যাচ শুরু সোমবার বেলা ১২টায়।












Click it and Unblock the Notifications