ভারতে ২০৩০ সালে কমনওয়েলথ গেমসের আসর বসার সম্ভাবনা উজ্জ্বল, বড় পদক্ষেপ আইওএ-র
ভারতে ২০৩৬ সালে অলিম্পিক আয়োজনের উদ্যোগ নিয়েছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগে ২০৩০ সালে কমনওয়েলথ গেমস এ দেশে হওয়ার সম্ভাবনা উজ্জ্বল। কানাডা গেমস আয়োজনের দৌড় থেকে সরে দাঁড়িয়েছে। এবার গেমস আয়োজনের জন্য বিড জমা দিতে অনুমোদন দিয়ে দিল ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন। আজ দিল্লিতে আইওএ-র বিশেষ সাধারণ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গেমস আয়োজনের জন্য বিড জমার সময়সীমা রয়েছে ৩১ অগাস্ট। ২০১০ সালে দিল্লিতে শেষবার হয়েছিল কমনওয়েলথ গেমস। তবে এবার গেমস আয়োজনের দায়িত্ব ভারত পেলে তা হবে আমেদাবাদে।

সম্প্রতি আমেদাবাদে পরিকাঠামো দেখে গিয়েছে কমনওয়েলথ স্পোর্টের এক প্রতিনিধিদল। এসেছিলেন ডিরেক্টর অব গেমস ড্যারেন হল। গুজরাতে সরকারি আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন তাঁরা। আরেকটি বড় প্রতিনিধিদলের চলতি মাসেই ফের আসার কথা। গ্লাসগো থেকে কমনওয়েলথ স্পোর্টের জেনারেল অ্যাসেম্বলি নভেম্বরে ঘোষণা করবে কোন দেশ পাঁচ বছর পর গেমস আয়োজন করবে। ভারত দায়িত্ব পেলে তা অলিম্পিক গেমস আয়োজনের জন্য ভারতের দাবিকে জোরালো করবে।












Click it and Unblock the Notifications