Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

CWG 2022: বাংলার প্রণতির বিদায়ে সৌরভকে ঘিরে পদকের প্রত্যাশা, হকিতে ড্র ভারতের, দাপট বক্সিংয়েও

কমনওয়েথ গেমসের চতুর্থ দিনে এখনও অবধি দুটি পদক নিশ্চিত হয়েছে ভারতের। জুডোয় রুপো জিতেছেন সুশীলা দেবী এবং ব্রোঞ্জ জয় করেছেন বিজয় যাদব। তাঁদের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-সহ বিভিন্ন জগতের বিশিষ্ট ব্যক্তিত্বরা। এরই মধ্যে আজ অন্য উল্লেখযোগ্য ইভেন্টগুলিতে ভারত কেমন ফল করল চলুন দেখে নেওয়া যাক।

প্রণতি পঞ্চম

প্রণতি পঞ্চম

বাংলার প্রণতি নায়েকের দিকে ছিল সকলের নজর। প্রণতি আর্টিস্টিক জিমন্যাস্টিক্সের ভল্ট ফাইনালে নেমেছিলেন। ২০১৯ ও ২০২২ সালের এশিয়ান চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জজয়ী বাংলার এই জিমন্যাস্ট আজ গেমস অভিযান শেষ করলেন পঞ্চম স্থানে থেকে। প্রথম ভল্টে তিনি স্কোর করে ১৩.৬৩৩, দ্বিতীয় ভল্টে স্কোর করেন ১১.৭৬৬। ফলে গড় দাঁড়ায় ১২.৬৯৯। যা তাঁর প্রথম তিনে থাকার পক্ষে যথেষ্ট ছিল না। যোগ্যতা অর্জন পর্বে প্রণতি ১৩.২৭৫ স্কোর করেছিলেন। কিন্তু এদিন অ্যারেনা বার্মিংহ্যামে হওয়া ফাইনালে প্রথম ও দ্বিতীয় প্রয়াসে তাঁর ০.১ ও ০.৩ পেনাল্টি হয়। অস্ট্রেলিয়ার জর্জিয়া গডউইন সোনা জেতেন ১৩.২৩৩ স্কোর করে। কানাডার লরি ডেনোমি ১৩.২৩৩ ও স্কটল্যান্ডের শ্যানন আর্চার ১৩.০৮৩ স্কোর নিয়ে যথাক্রমে রুপো ও ব্রোঞ্জ জেতেন।

হকিতে ড্র

কমনওয়েলথ গেমসে পুরুষদের হকিতে ঘানাকে ১১-০ ব্যবধানে হারিয়ে অভিযান শুরু করা ভারত আজ ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় কোয়ার্টার অবধি দুরন্ত পারফরম্যান্স উপহার দিলেও শেষ ১৫ মিনিটে তিন গোল হজম করে জয় ছিনিয়ে নিতে পারল না। এই ম্যাচটি ৪-৪ গোলে অমীমাংসিতভাবে শেষ হয়েছে। ভারত একটা সময় ৩-০, এমনকী ৪-১ ব্যবধানে এগিয়ে ছিল। কিন্তু সব হিসেব গোলমাল হয়ে গেল চতুর্থ কোয়ার্টারে। ললিত কুমার উপাধ্যায় তিন মিনিটে গোল করেন। এরপর মনদীপ সিং ১২ ও ২২ মিনিটে গোল করে ব্যবধান বাড়ান। ৪২ মিনিটে ইংল্যান্ডের প্রথম গোলটি করেন লিয়াম আনসেল। ৪৬ মিনিটে ভারতকে ৪-১ ব্যবধানে এগিয়ে দেন হরমনপ্রীত সিং। যদিও ৪৭ ও ৫৩ মিনিটে করা নিকোলাস বান্ডুরাক ও ৫০ মিনিটে করা ফিলিপ রোপারের গোলে ম্যাচ ড্র করতে সক্ষম হয় ইংল্যান্ড। শেষের দিকে ভারতকে ৯ বা ১০ জনেও কিছুটা সময় খেলতে হয়। সেই সুযোগ কাজে লাগায় পুল বি-র শীর্ষে থাকা ইংল্যান্ড। ভারতের পরের ম্যাচ বুধবার কানাডার বিরুদ্ধে।

সৌরভ শেষ চারে

স্কোয়াশে বাঙালি সৌরভ ঘোষালকে ঘিরে রয়েছে পদকের আশা। পুরুষদের সিঙ্গলস কোয়ার্টার ফাইনালে তিনি হারালেন স্কটল্যান্ডের গ্রেগ লোব্বানকে। খেলার ফল ১১-৫, ৮-১১, ১১-৭, ১১-৩। যদিও সেমিফাইনালে উঠতে পারেননি জোশনা চিনাপ্পা (Joshna Chinappa)। কোয়ার্টার ফাইনালে তাঁকে তিনটি গেমেই হারিয়ে দেন কানাডার হলি নটন। চিনাপ্পা পরাস্ত হন ৯-১১, ৫-১১, ১৩-১৫ ব্যবধানে।

বক্সিংয়ে দাপট

বক্সিংয়ে ভারতের পদকের আশা জিইয়ে রাখলেন মহম্মদ হুসামুদ্দিন ও অমিত পাঙ্ঘাল। ২০১৮ সালে গোল্ড কোস্টে কমনওয়েলথ গেমসে ব্রোঞ্জ জিতেছিলেন হুসামুদ্দিন। আজ পুরুষদের ফেদারওয়েট ক্যাটেগরির রাউন্ড অব সিক্সটিনে তিনি জয় ছিনিয়ে নিলেন দাপট দেখিয়েইয হুসামুদ্দিন বাংলাদেশের সেলিম হোসেনকে সর্বসম্মত ৫-০ ফলাফলে হারিয়েছেন। মঙ্গলবার কোয়ার্টার ফাইনালে তাঁর সামনে নামিবিয়ার ট্রাইএগেইন মর্নিং নভেলো। আগের কমনওয়েলথ গেমসে রুপোজয়ী তারকা বক্সার অমিত পঙ্ঘল ৫১ কেজি বিভাগের ফ্লাইওয়েট কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছেন। তিনিও সর্বসম্মত রায়ে উড়িয়ে দেন ভানুয়াতুর নামরি বেরিকে। টোকিও অলিম্পিকে হতাশাজনক পারফরম্যান্সের পর অমিত এই প্রথম কোনও বড় ইভেন্টে নেমেছেন। তবে তিনটি রাউন্ডেই তাঁকে আত্মবিশ্বাসী দেখিয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+