Asian Games: নীরজ-কিশোরের সঙ্গে চিনের অফিসিয়ালদের অন্যায় নিয়ে সরব অঞ্জু, অসন্তুষ্ট সোনার ছেলেও
Asian Games: ভারতীয় অ্যাথলিটদের সঙ্গে অন্যায় হচ্ছে এশিয়ান গেমসে। পদক আটকানোর চেষ্টা চালাচ্ছেন চিনের আধিকারিকরা। এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠে এলো।
মহিলাদের ১০০ মিটার হার্ডলসে জ্যোতি ইয়ারাজির পর আজ জ্যাভলিন ইভেন্টে অফিসিয়ালদের বড় ভুলের মাশুল দিতে হতো নীরজ চোপড়া, কিশোর জেনাদের। নীরজ তবু সোনা জিতেছেন, কিশোর রুপো জিতে পেয়েছেন প্যারিস অলিম্পিকের টিকিট।

জ্যাভলিন ইভেন্ট পরিচালনার দায়িত্বে ছিলেন চিনের অফিসিয়ালরা। সোনা জয়ের বিষয়ে প্রথম থেকেই ফেভারিট ছিলেন নীরজ। তাঁর প্রথম থ্রো-র পর নজিরবিহীন ঘটনা ঘটে। উপস্থিত সকলেই দেখেছিলেন নীরজ যে ক্লিন থ্রো করেছেন তা ৮৫ মিটারের বেশি দূরত্বই পার করেছে। যদিও বেশ কিছুক্ষণ পর যা ঘটল তাতে সকলে অবাক।
নীরজ দীর্ঘক্ষণ অপেক্ষার পর কথা বলতে যান অফিসিয়ালদের সঙ্গে। তখন নীরজকে জানানো হয়, যান্ত্রিক ত্রুটির কারণে তাঁর প্রথম থ্রো-টির পরিমাপ করা যায়নি। ফলে আবার তাঁকে বর্শা নিক্ষেপ করতে হবে। এমন ঘটনা তাজ্জব করে দেয় নীরজকে। যদিও তিনি ফের বর্শা নিক্ষেপ করেন। ৮৮.৮৮ মিটারের চতুর্থ থ্রো নীরজের সোনা নিশ্চিত করে।
এখানেই শেষ নয়। কিশোর জেনার দ্বিতীয় থ্রো-টির পর সেটিকে ফাউল বলে ঘোষণা করে দেন রেফারি। যদিও উপস্থিত সকলেই দেখেন সেটি ক্লিন থ্রো। রিপ্লে দেখার পর সেটাই প্রমাণিত হয়। কিশোরের এই থ্রোটি ছিল ৭৯.৭৬ মিটারের। তাঁর চতুর্থ থ্রো ছিল ৮৭.৫৪ মিটারের, যা তাঁর ব্যক্তিগত সেরা। এই পারফরম্যান্স তাঁর রুপো নিশ্চিত করে।

অঞ্জু ববি জর্জ এরপর বলেন, আমার মনে হচ্ছে পরিকল্পনা করেই এ সব করা হচ্ছে। আমাদের সঙ্গে প্রতারণার চেষ্টা চলছে। নীরজ অলিম্পিক চ্যাম্পিয়ন। ফলে তাঁকে নিয়ে প্রথম থেকেই আমরা আত্মবিশ্বাসী ছিলাম। কিন্তু আমরা এটাও জানি চিন থেকে পদক জেতা সহজ হবে না। তার কারণ নানাবিধ কুকর্ম করছেন আধিকারিকরা।
উল্লেখ্য, এর আগে ১০০ মিটার হার্ডলসে জ্যোতি ইয়ারাজিকে ফলস স্টার্টের জন্য বাতিল করে দেওয়া হয়েছিল। তবুও তিনি দৌড়ান। পরে রিপ্লেতে দেখা যায় জ্যোতি নন, ফলস স্টার্টের ফাঁদে জড়িয়ে পড়েছেন চিনের উ ইয়ান্নি। ফলে শেষমেশ তাঁর পারফরম্যান্স বাতিল হয়, জ্যোতি রুপো জেতেন।
গুরুত্বপূর্ণ ইভেন্টে ভারতীয় ক্রীড়াবিদদের মনোবলে ধাক্কা দেওয়ার এই প্রয়াস নিন্দনীয়। তারপরেও ভারত এবারের এশিয়াডে পদক জয়ের সর্বকালীন রেকর্ড গড়েছেন। নীরজ সোনি স্পোর্টসে বলেন, আমি ৯০ মিটার থ্রোয়ের কথা ভাবছিলাম। কিন্তু এই পরিস্থিতিতে আর কী করা যায়। প্রথম থ্রো-র পর নানা সমস্যার সম্মুখীন হলাম।
নীরজ বলেন, আমার প্রথম থ্রো রেকর্ড করা হলো না, এটা মোটেই ভালো বিষয় নয়। যদিও সেই সমস্যা জয় করে দেশকে পদক এনে দিতে পেরে ভালো লাগছে। ৮৮.৮৮ মিটার ভালো থ্রো। কিশোর নিজের তৃতীয় থ্রো-এ ৮৬.৭৭ মিটার দূরত্বে বর্শা নিক্ষেপ করে সোনা জেতার পজিশনে ছিলেন। এরপর তাঁর থ্রো ছিল ৮৭.৫৪ মিটারের। তাঁর পারফরম্যান্সেরও প্রশংসা করেছেন নীরজ।












Click it and Unblock the Notifications