Asian Games 2023: রাজ্যবাসীকে পদক উৎসর্গ রোশিবিনার, উশুতে রুপো জিতেও মন ভালো নেই মণিপুরের মেয়ের
Asian Games 2023: বিতর্কের উশুতে পদক জয় ভারতের। মহিলাদের ৬০ কেজি বিভাগে ফাইনালে রুপো জিতলেন রোশিবিনা দেবী। উশুর দুইটি রাউন্ডেই চিনের শিয়াওয়ের কাছে হারেন মণিপুরী কন্যা। এটা রোশিবিনার দ্বিতীয় এশিয়ান গেমস পদক। ২০১৮ সালে জাকার্তা এশিয়ান গেমসে মহিলাদের ৬০ কেজি বিভাগে উশুতে সান্দায় ব্রোঞ্জ পেয়েছিলেন রোশিবিনা দেবী। এ বার চিনে পদকের রঙ বদলে ফেললেন।
দেশের হয়ে পদক জিতে কান্নায় ভেঙে পড়েন মণিপুরের ক্রীড়াবিদ। মণিপুরে হিংসার জেরে মে মাস থেকে বাড়ি ফেরেননি রোশিবিনা। এমনকি অনুশীলনে যাতে কোনও ব্যাঘাত না ঘটে তার জন্য পরিবারের লোকেদের সঙ্গে তাঁর কথা বলাও নিষেধ ছিল। পদক জিতে অবশেষে পরিবারের সঙ্গে কথা হয় রোশিবিনার। তার পরেই কান্নায় ভেঙে পড়েন মণিপুরের মেয়ে।

ভারতবাসী উশুতে সোনার আশা করেছিল। কিন্তু এশিয়ান গেমসে মহিলাদের ৬০ কেজি বিভাগে উশুতে গত বারের চ্যাম্পিয়ন চিনের প্রতিপক্ষ কার্যত উড়িয়ে দিলেন ভারতের রোশিবিনা দেবীকে। অল্প সময়ের মধ্যেই তাঁদের ফাইনাল বাউট শেষ হয়ে যায়।
চলতি এশিয়ান গেমসে ভারতীয় উশু দলকে নিয়ে বিতর্ক কম হয়নি। অরুণাচলের বাসিন্দা বলে তিন উশু খেলোয়াড়কে ভিসা দেয়নি চিন, যা নিয়ে বেজিং-দিল্লির কূটনৈতিক লড়াই তুঙ্গে। এরইমধ্যে রোশিবিনার এই সাফল্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

ভারতের অরুণাচল প্রদেশের বাসিন্দা তিন মহিলা উশু খেলোয়াড় নেইমান ওয়াংসু, ওনিলু তেগা এবং মেপুং লামগুকে ভিসা দেয়নি চিন। ১১ জনের উশু দলের এশিয়ান গেমস খেলতে যাওয়ার কথা ছিল। সাত জন পুরুষ এবং চার জন মহিলা খেলোয়াড় ছিলেন সেই দলে। দলের সঙ্গেই চিন যাওয়ার কথা ছিল তাঁদের। কিন্তু ওই তিন খেলোয়াড় তাঁদের ছাড়পত্র পাননি।
রোশিবিনা বলেছেন, 'আমি আনার রাজ্যবাসীকে এই পদক উৎসর্গ করছি। যে তিন সতীর্থকে এখানে পেলাম না, তাঁদের জন্য খারাপ লাগছে। আমি সব সময় ওনিলুর সঙ্গে থাকি। একসঙ্গে অনুশীলন করি। আমরা খুব ভাল বন্ধু। এ ধরনের বড় প্রতিযোগিতায় পাশে পরিচিত কাউকে পেলে ভাল লাগে।'

মণিপুর মানেই ফুটবল, বক্সিংয়ের রাজ্য। সেখানে উশুকে কেন বেছে নিলেন? এই প্রসঙ্গে রোশিবিনা বলেন, 'ছোটবেলা থেকেই এই খেলাটাকে ভালো লাগত। মণিপুরে উশুর ভালো সংস্কৃতি আছে। আমি প্রথম জেলা স্তরের একটি প্রতিযোগিতা দেখি। তখন থেকেই খেলাটাকে ভালোবেসে ফেলি।আমি বক্সিংও জানি, তবে উশু অনেক বেশি পছন্দ করি।'
Our dedicated and talented Roshibina Devi Naorem has won a Silver Medal in Wushu, Women’s Sanda 60 kg. She has showcased extraordinary talent and relentless pursuit of excellence. Her discipline and determination are also admirable. Congratulations to her. pic.twitter.com/CYiT8Mjyq2
— Narendra Modi (@narendramodi) September 28, 2023
তবে চিনকে হারিয়ে সাফল্য সোনা জিতলে ভারতের জবাবটা আরও যোগ্য হত। কিন্তু রুপো নিয়েই সন্তুষ্ট থাকতে হল ভারতকে।রোশিবিনাকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমমন্ত্রী নরেন্দ্র মোদী।












Click it and Unblock the Notifications