ইচ্ছা করেই অভিযানের চেহারা বদল! ভয় পাচ্ছেন কেন মমতা, প্রশ্ন সিপিএম-এর
চোর ধরো, জেলে ঢোকাও, নাটক বন্ধ কর। চিটফান্ড তদন্তে সিবিআই এবং পুলিশের যুদ্ধ নিয়ে এমনটাই প্রতিক্রিয়া সিপিএম-এর।
চোর ধরো, জেলে ঢোকাও, নাটক বন্ধ কর। চিটফান্ড তদন্তে সিবিআই এবং পুলিশের যুদ্ধ নিয়ে এমনটাই প্রতিক্রিয়া সিপিএম-এর। সিবিআই-এর রাজীব কুমারের বাড়ি যাওয়াকে ইচ্ছা করেই গ্রেফতার কিংবা হানা দেওয়ার চেহারা দেওয়া হয়েছে বলে অভিযোগ তুলেছে সিপিএম। সিপিএম নেতা মহঃ সেলিম জানিয়েছেন, রাজীব কুমার এই মামলায় অভিযুক্ত ছিলেন না, ছিলেন সাক্ষী মাত্র।

নাটক করা হচ্ছে। লোকসভা ভোটের আগে চলছে, পুলিশ পুলিশ খেলা। যাদের টাকা লুট হয়েছে, তারা চলে গিয়েছেন নজরের বাইরে। যারা চুরি করেছে, তারা নিজেদের গা বাঁচিয়ে নিয়েছে ইতিমধ্যেই। সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, চিটফান্ড তদন্ত নিয়ে সিবিআই পুলিশ টানাপোড়েন নিয়ে এমনটাই মন্তব্য করেছেন সিপিএম সাংসদ মহঃ সেলিম। তাঁর আরও কটাক্ষ, এখানে শুধুমাত্র পুলিশ আছে। কিন্তু সরে গিয়েছে চোরেরা।
সিপিএম নেতা মহঃ সেলিমের অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায় এখম শুধু রাজীব কুমারকে নয়, পুরো চিটফান্ড মামলাই বাঁচাতে উঠেপড়ে লেগেছেন। মোদী সিবিআইকে নিয়ে যা করছেন, রাজ্যে মমতা সিআইডিকে নিয়ে একই পরিস্থিতি তৈরি করছেন বলে অভিযোগ করেছেন তিনি। যদি কিছু নাই করে থাকেন, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় এত ভয় পাচ্ছেন কেন, প্রশ্ন তুলেছেন সিপিএম নেতা মহঃ সেলিম।












Click it and Unblock the Notifications