বর্ষার বিদায়ের অপেক্ষা, রাজ্যে এখনও বিক্ষিপ্ত বৃষ্টির ইঙ্গিত
দুর্গাপুজোর পর থেকেই বঙ্গবাসীর মনে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে এবার কি তবে বিদায় নেবে বর্ষা? আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ রাজ্যজুড়েই এখনও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যদিও তা বিক্ষিপ্তভাবে হতে পারে।

আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, বুধবার উত্তরবঙ্গের ৮ জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা আছে। বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি ও কোচবিহারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি হতে পারে। ওই ৩ জেলায় জারি হয়েছে হলুদ সতর্কতা। আগামী সোমবার পর্যন্ত উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে, তবে ভারী বৃষ্টির আশঙ্কা নেই।
দক্ষিণবঙ্গেও বুধবার হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। কলকাতা, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান ও নদিয়ায় বজ্রসহ বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়া বইতে পারে। বৃহস্পতিবারও কিছু এলাকায় হলুদ সতর্কতা জারি থাকবে। তবে ৩ থেকে ৪ দিনের মধ্যে বৃষ্টি কমে আসবে বলে ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দপ্তর।
এদিকে বর্ষা বিদায়ের সময়সীমা নিয়ে নতুন করে হিসাব কষছে আবহাওয়া দপ্তর। পশ্চিম ভারতে বর্ষা বিদায়ের প্রক্রিয়া কিছুদিন থমকে থাকলেও তা ফের শুরু হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যে গুজরাট ও মধ্যপ্রদেশ থেকে বর্ষা বিদায় নিলে, পরবর্তী ধাপে পশ্চিমবঙ্গ থেকেও তার প্রক্রিয়া শুরু হবে।
তবে আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, ১০ অক্টোবরের মধ্যে রাজ্য থেকে বর্ষা পুরোপুরি বিদায় নেওয়ার সম্ভাবনা কম। ঝাড়খণ্ডের উপর তৈরি হওয়া নিম্নচাপের ঘূর্ণাবর্তের প্রভাবে আরও কয়েকদিন রাজ্যে বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কাও রয়েছে।
যদিও এবার ভারী বৃষ্টির আশঙ্কা নেই, তবু আগামী কিছুদিন আকাশ মেঘলা থাকবে, মাঝে মাঝে হালকা বৃষ্টির দেখা মিলবে। ফলে বলা যায় বর্ষা বিদায়ের কাউন্টডাউন শুরু হলেও, এখনও পুরোপুরি বিদায় নিচ্ছে না।












Click it and Unblock the Notifications