Amit Shah: লোকসভা ভোটের ইস্যু CAA! ধর্মতলার সভা থেকে মমতাকে চ্যালেঞ্জ অমিত শাহের
Amit Shah:দিন তিনেক আগে ঠাকুরনগরে গিয়ে মতুয়াদের সিএএ নিয়ে আশ্বাস দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় কুমার মিশ্র টেনি। আর এদিন ধর্মতলার সভা থেকে সিএএ নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
অমিত শাহ এদিন ঘোষণা করেন, কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার নাগরিকত্ব সংশোধনী আইন কার্যকর করবে। এটিকে কেউ আটকাতে পারবে না। অমিত শাহ এদিন ধর্মতলার সভা থেকে লোকসভা ভোটের দামাম বাজিয়ে দেন। তিনি বলেন, ২০২৬-এ বিজেপিকে ক্ষমতায় আনতে গেলে ২০২৪-এ নরেন্দ্র মোদীকে জেতাতে হবে এবং এই রাজ্য থেকে যত বেশি সম্ভব আসন দিতে হবে।

দলের পক্ষে রাজ্যে লোকসভা ভোটের প্রচার শুরু করে অমিত শাহ বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে অনুপ্রবেশ বন্ধ করতে অক্ষম। তিনি অভিযোগ করেন, রাজ্যে অনুপ্রবেশকারীদের কাছে অবৈধভাবে ভোটার কার্ড ও আধার কার্ড বিতরণ করা হচ্ছে।
তিনি বলেন, যে রাজ্যে এত অনুপ্রবেশ, সেখানে উন্নয়ন হবে কী করে। তাই মমতা বন্দ্যোপাধ্যায় সিএএ-র বিরোধিতা করছেন। এব্যাপারে তিনি বলেন, সিএএ দেশের আইন, এটি কেউ আটকাতে পারবে না। বিজেপি সরকার এটাকে বাস্তবায়ন করবে বলেও মন্তব্য করেন তিনি।
ধর্মতলার সমাবেশে সমবেত জনতার সংখ্যা নিয়ে আনন্দপ্রকাশ করে তিনি বলেন, এটা জনগণের মেজাজের বহিপ্রকাশ। তিনি দাবি করেন, ২০২৬-এর নির্বাচনে বিজেপি রাজ্যে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসবে।
প্রসঙ্গত সিএএ ২০১৯-তে সংসদে পাশ করানো হয়। যা আফগানিস্তান, পাকিস্তান ও বাংলাদেশ থেকে ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের আগে আগত সেইসব দেশের সংখ্যালঘুদের নাগরিকত্ব প্রদানে সাহায্য করবে। তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই সিএএকে অসাংবিধানিক বলেছে।
কেন্দ্রীয় সরকার এর আগে বলেছিল সিএএ-র জন্য আইন প্রণয়ন প্রক্রিয়াধীন রয়েছে। রবিবার ঠাকুরনগরে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় কুমার মিশ্র বলেছেন ২০২৪-এর ৩০ মার্চের মধ্যে সিএএ-র নিয়ম তৈরি হয়ে যাবে। এর মাস তিনেক আগে ধূপগুড়ি বিধানসভার উপনির্বাচনে বিজেপি প্রার্থী তাপসী রায়ের হয়ে প্রচারে লোকসভা নির্বাচনের আগে সিএএ নিয়ে আশ্বাস দিয়েছিলেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর।












Click it and Unblock the Notifications