এসএসকেএম ছাড়লেন মদন, গেলেন সেই জেলেই
কলকাতা, ২৮ ডিসেম্বর: এসএসকেএম হাসপাতাল থেকে আলিপুর জেলে নিয়ে আসা হল পরিবহণ মন্ত্রী মদন মিত্রকে। আপাতত তিনি জেল হাসপাতালে এসে উঠেছেন। খুব শীঘ্রই তাঁকে জেলের সেলে পাঠানো হবে বলে খবর।
আরও পড়ুন: সারদা-কাণ্ডে গ্রেফতার পরিবহণ মন্ত্রী মদন মিত্র
সারদা-কাণ্ডে গত ১২ ডিসেম্বর গ্রেফতার করা হয়েছিল মদন মিত্রকে। তার কয়েকদিন পরই অসুস্থতার কথা বলে এসএসকেএমে ভর্তি হন তিনি। অভিযোগ, তাঁর শরীরে তেমন কোনও রোগ না থাকলেও চিকিৎসকদের ভয় দেখিয়ে হাসপাতালে থাকার ব্যবস্থা করে নিচ্ছিলেন মন্ত্রী। এ নিয়ে বিস্তর হইচই শুরু হলে মদনবাবু শেষ পর্যন্ত জেলে ফিরে যাওয়ার বিষয়টি মনস্থ করেন।

রবিবার সকাল সাড়ে সাতটা নাগাদ এসএসকেএম থেকে বেরিয়ে তিনি রওনা হন আলিপুর জেলের উদ্দেশে। তাঁকে ভর্তি করা হয় জেল হাসপাতালে। অভিযোগ, মন্ত্রী যে সেলে থাকবেন, সেখানে এখন রং করার কাজ চলছে। শীতে যাতে তাঁর কষ্ট না হয়, সেই জন্য ভালো বিছানা থেকে শুরু করে লেপ, তোশক ইত্যাদি আনার ব্যবস্থা হয়েছে। মেঝেতে বসে মন্ত্রীর খেতে কষ্ট হবে, তাই ব্যবস্থা করা হয়েছে চেয়ার-টেবিলের। সব মিলিয়ে এলাহি আয়োজন। বিরোধীদের অভিযোগ, কুণাল ঘোষ রাজ্য সরকারের বিরুদ্ধে মুখ খোলায় তাঁকে কষ্টে থাকতে হচ্ছে জেলের ভিতর। অথচ মদনবাবু মুখ্যমন্ত্রীর প্রিয়পাত্র হওয়ায় তাঁকে রাজার হালে রাখার ব্যবস্থা হয়েছে।












Click it and Unblock the Notifications