Suvendu Adhikari: আরও এক মামলায় হাইকোর্টে স্বস্তি শুভেন্দু অধিকারীর! আদালতে হাজিরার নির্দেশ খারিজ
ফের আদালতে স্বস্তি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। কলকাতার নগরপাল বিনীত গোয়েলের দায়ের করা মামলায় স্বস্তি পেলেন শুভেন্দু অধিকারী। আগামী ২০ মে ব্যাঙ্কশাল আদালতে হাজিরার নির্দেশ এদিন খারিজ করে দেন বিচারপতি বিবেক চৌধুরী।
গত ১৭ এপ্রিল একটি টুইট করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানে একটি বাসের ছবি দিয়ে শুভেন্দু অধিকারী অভিযোগ করেছিলেন বিনীত গোয়েল পুলিশ পাহারা দিয়ে বাসটিকে পটুয়াপাড়া থেকে বের করেছেন। ওই বাসে মনে হয় টাকা ছিল, বলেছিলেন শুভেন্দু অধিকারী। তিনি ইডি সিবিআইকে উদ্দেশ্য করে বলেছিলেন এলাকার সিসিটিভি দেখার জন্য।

আরও একটি টুইটে শুভেন্দু অধিকারী মহারাষ্ট্রের প্লেট লাগানো একটি বাসের ছবি টিইট করেন। কলকাতার পুলিশ কমিশনারকে ট্যাগ করে তিনি প্রশ্ন করেন, পুলিশকর্মীরা সেই বাসটিকে পটুয়াপাড়া থেকে এসকর্ট করে নিয়ে কোথা যাচ্ছে?
অপর একটি টুইটে বিরোধী দলনেতা লেখেন, কয়লা, নিয়োগ দুর্নীতির টাকা, নথি হয়তো কারও অফিস থেকে পাচার করা হচ্ছে। এরপরেই টুইটের বিষয়টি নিয়ে এলাকার ডিসিকে তদন্ত করতে বলেন পুলিশ কমিশনার বিনীত গোয়েল।
পুলিশের তরফে সেই সময় জানানো হয়েছিল বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। পরে পুলিশের তরফে দাবি করা হয় ওই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। কলকাতা পুলিশের তরফে বলা হয় পুলিশ এবং পুলিশ কমিশনারের ভাবমূর্তি নষ্ট করতেই এই ধরনের অভিযোগ করা হয়েছে।

পুলিশের তরফে বলা হয় রাজনৈতিক কর্মসূচির জন্য ওই বাসটিকে নিয়ে আসা হয়েছিল। জেড প্লাস নিরাপত্তা পান এমন একজনের জন্য সেই বাসটিকে আনা হয়েছিল। ১৬ এপ্রিল রাত থেকে ১২১ কালীঘাট রোডে বাসটিকে রাখা ছিল। সেই কারণে বাসটিকে এসকর্ট করে নিয়ে যাওয়া-আসার কোনও প্রশ্ন নেই। পাশাপাশি জানানো হয়, ট্রাফিক ম্যানেজমেন্টের জন্য পুলিশ মোতায়েন ছিল।
তারই প্রেক্ষিতে নগর দায়েরা আদালতের প্রধান বিচারকের বেঞ্চে ক্রিমিনাল ডিফামেশনের মামলা দায়ের করা হয়। কলকাতার পুলিশ কমিশনারের হয়ে সেই মামলা দায়ের করে রাজ্য সরকার। পুলিশের রিপোর্ট এবং সিসিটিভি ফুটেজ জমা দেওয়া হয় আদালতে। মামলাটি করা হয়েছিল ২৮ এপ্রিল।
গত ৩ মে বিচারক তাঁর নির্দেশে বলেছিলেন, শুভেন্দু অধিকারীকে ২০ মে বিচার ভবনে মউখ্য বিচারকের এজলাসে সশরীরে হাজির থাকতে হবে। যা নিয়ে প্রশ্ন করা হলে, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছিেলন, তিনি বুঝে নেবেন। অনেকগুলি হয়ে গেল, গোটা পঞ্চাশেক তো হবেই বলেছিলেন বিরোধী দলনেতা। এদিন সেই মামলাতে স্বস্তি পেলেন তিনি।












Click it and Unblock the Notifications