উদয়নের মন্তব্যের জন্য ক্ষমা প্রার্থনা শুভেন্দুর! 'ভাতাজীবী'দের কটাক্ষ করে বিএসএফকে দিলেন 'শর্ত'
উদয়নের মন্তব্যের জন্য ক্ষমা প্রার্থনা শুভেন্দুর! 'ভাতাজীবী'দের কটাক্ষ করে বিএসএফকে দিলেন 'শর্ত'
বিএসএফ (BSF) দেশের গৌরব। ১৬ নভেম্বর পশ্চিমবঙ্গ বিধানসভায় (Assembly) বিএসএফ সম্পর্কে যে মন্তব্য করা হয়েছে, তার জন্য ক্ষমা চাইতেই আসা। নিউটাউনের বিএসএফ কার্যালয়ে গিয়ে এমনটাই মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এদিন তাঁর সঙ্গে ছিলেন বিজেপির বিধায়কদলও। তাঁরা বিএসএফ জওয়ানদের হাতে ফুলের তোড়া তুলে দেন।

বিধানসভায় বিএসএফ নিয়ে উদয়ন গুহ
১৬ নভেম্বর বিধানসভায় বিএসএফ-এর কাজের এলাকা বৃদ্ধি নিয়ে কেন্দ্রের আদেশের বিরুদ্ধে প্রস্তাব পাশ করানো হয়। প্রস্তাবের স্বপক্ষে বলতে উঠে দিনহাটার তৃণমূল বিধায়ক অভিযোগ করেন, সীমান্ত এলাকার বিএসএফএ-র জওয়ানরা মহিলাদের তল্লাশি করার নামে তাঁদের গোপন অঙ্গে হাত দেয়। সেই বক্তব্য নিয়ে প্রতিবাদ করেন বিজেপির বিধায়করা। প্রতিবাদ করেছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীও। তিনি বলেছিলেন, দুএক-জনের জন্য সবাইকে বদনাম দেওয়া উচিত নয়।

বিএসএফ-এর তরফে ব্যাখ্যা
এতসব বিতর্কের মধ্যেই কলকাতার বিএসএফ-এর তরফে সাংবাদিক সম্মেলন করে জানানো হয়, বিএসএফ-এর এফআইআর দায়ের করার ক্ষমতা নেই, কাউকে ধরলেও তাঁকে তুলে দিতে হয় স্থানীয় থানার হাতে। স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় রক্ষা কররেই তাদের চলতে হয়। তৃণমূল বিধায়কের অভিযোগ প্রসঙ্গে বিএসএফ-এর তরফে বলা হয়, বিএসএফ-এর মহিলারক্ষীরাই মহিলাদের তল্লাশি করেন।

বিএসএফ-এর প্রশংসায় শুভেন্দু অধিকারী
এদিন বিএসএফ-এর দফতরের গিয়ে শুভেন্দু অধিকারী বিএসএফ-এর প্রশংসা করেন। তিনি বলেন, সীমান্তে উন্নয়নমূলক এবং কল্যাণমূলক কাজের সঙ্গে যুক্ত বিএসএফ। তিনি বলেন, কোচবিহার হোক কিংবা অন্য সীমান্ত তাঁর দলের মহিলা বিধায়করা রয়েছেন। তাঁদের কাছে উদয়ন গুহ যে অভিযোগ করেছেন, সেই অভিযোগ আসেনি। তিনি বলেছেন, ১১ অক্টোবর যে আদেশ স্বরাষ্ট্রমন্ত্রক পাশ করিয়েছে, তার জন্যও অভিনন্দন জানাতে আসা। তিনি মনে করেন, এবার সীমান্ত এলাকায় অনৈতিক কাজ বন্ধ হবে। তিনি বলেছেন, বিধানসভায় যে প্রস্তাব পাশ করানো হয়েছে, আইনত তার কোনও বৈধতা নেই।

'ভাতাজীবী'দের নিশানা
কেন্দ্রীয় সরকার বিএসএফকে নিয়ে নতুন আদেশ দেওয়ার পরে দিন কয়েক আগে কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে সিদ্ধান্তের নিন্দা করেছিলেন চিত্র পরিচালক অপর্ণা সেন। যা নিয়ে এদিন শুভেন্দু অধিকারী, তাঁকে ভাতাজীবী বলে কটাক্ষ করেন। তিনি বলেছেন, বিএসএফ-এর কাজ সম্পর্কে না জেনেই কথা বলেছেন তিনি। পাশাপাশি এই ধরনের লোকেরা রাজ্য সরকারের পে-রোলে আছে কিনা তা নিয়েও তিনি প্রশ্ন তোলেন।

শুভেন্দু অধিকারীর 'শর্ত'
শুভেন্দু অধিকারী বলেন, বিএসএফ-এর উচিত সীমান্ত এলাকায় গোশালা তৈরি করা। তিনি বলেন, গরু পাচারে বাংলা বিখ্যাত হয়ে উঠেছে, এটা বন্ধ করতে হবে। তিনি বলেছেন, সীমান্ত থেকে ১৫ কিমির বাইরে অন্তত ১৫০ টি গরুর হাট রয়েছে। সেই গরুর হাটগুলিকে বন্ধ করার জন্য তিনি দাবি তুলেছেন বিএসএফ-এর আইজির কাছে।












Click it and Unblock the Notifications