বিধানসভার বাইরে এসএলএসটি চাকরি প্রার্থীদের বিক্ষোভ, চ্যাংদোলা করে তোলা হল প্রিজন ভ্যানে
বেনজির ঘটনা দেখা গেল রাজ্য বিধানসভা গেটের বাইরে। চাকরির দাবিতে প্রার্থীরা বিধানসভার বাইরে সামনে চলে এসেছিলেন। পুলিশের পক্ষ থেকে তাদের টেনেহিঁচড়ে সরিয়ে নিয়ে যাওয়া হল। চ্যাংদোলা করে তোলা হল প্রিজন ভ্যানে। ন্যায্য চাকরি চাইতে এসে আর কতদিন এভাবে পুলিশের জুলুমের সামনে পড়তে হবে? এই প্রশ্ন উঠল বিধানসভার সামনে।
সোমবার রাজ্য বিধানসভার এবারের অধিবেশন বসে। আজ প্রথম দিন মুলতবি প্রস্তাব পেশ হয় বিধানসভায়। সংসদ ভবনের হামলার ঘটনার পরে নিরাপত্তার ব্যবস্থা আরও জোরদার করা হয়েছিল রাজ্য বিধানসভায়। আরওববেশি মাত্রায় পুলিশ নিরাপত্তা রক্ষীদের মোতায়ন করা হয়েছিল। তারপরে এই ঘটনা সামনে এল।

জানা গিয়েছে, এসএলএসটি চাকরি প্রার্থীরা এদিন বিধানসভার কাছাকাছি পৌঁছে যান। একাধিক সংখ্যায় তারা এই কর্মসূচিতে সামিল হয়েছিলেন। তাদের হাতে প্ল্যাকার্ড ছিল। তারা দীর্ঘদিন ধরে বঞ্চিত। আদালতের দরজায় তারা ঘুরছেন। শুনানি হচ্ছে দীর্ঘ সময় ধরে। কিন্তু তাদের কোনও চাকরি হচ্ছে না। বিভিন্ন জায়গা থেকে কেবল প্রতিশ্রুতি পেয়ে যাচ্ছেন তারা বছর বছর।
আর কোনওভাবেই অপেক্ষা করা সম্ভব নয়। সে কারণেই এবার বিধানসভায় তারা পৌঁছেছিলেন এই বিষয়টি নিয়ে। বিধানসভা এলাকায় নিরাপত্তা ব্যবস্থার কড়াকড়ি থাকে প্রতিবার। এবার আরও বেশি নিরাপত্তা রয়েছে। কিন্তু তারপরেও চাকরি প্রার্থীরা পৌঁছে যান বিধানসভার গেটের প্রায় কাছাকাছি। পুলিশের সঙ্গে শুরু হয় বচসা।
চাকরি প্রার্থীরা তাদের দাবি জানাতে চান। সে কারণেই তারা বিধানসভার কাছে এসে পৌঁছেছেন। এবার তারা চাকরি চাইছেন। আর অপেক্ষা করতে রাজি নন। এমন কথাই চাকরিপ্রার্থীদের থেকে শোনা যাচ্ছিল। পুলিশ তাদের এলাকা থেকে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এরপরেই চাকরিপ্রার্থীদের অনেকে রাস্তায় বসে পড়েন। শুরু হয়ে যায় বিক্ষোভ ও আন্দোলন।
নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সামনে বিধানসভার গেটের বাইরের রাস্তায় তারা বসে পড়েন। চাকরির দাবিতে স্লোগান তোলা হয়। এরপর পুলিশ আরও কড়া মনোভাব নেয়। চাকরিপ্রার্থীদের সেখান থেকে তোলার চেষ্টা শুরু হয়। টেনেহিঁচড়ে নিয়ে যাওয়া হতে থাকে চাকরির প্রার্থীদের। ব্যাগপত্র আঁকড়ে ধরে চাকরিপ্রার্থীরা রাস্তায় পড়ে থাকেন। সেই অবস্থাতেই তাদের টেনেহিঁচড়ে নিয়ে যাওয়া হয়। গাড়িতে তোলা হয় তাদের।
চাকরিপ্রার্থীদের মধ্যে বহু সংখ্যায় মহিলা ছিলেন। তাদেরকেও রেয়াত করা হয়নি। মহিলা পুলিশ দিয়ে তাদের গাড়িতে তোলা হয়। রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় সোমবার দুপুরে বিধানসভা গেটের বাইরে।
চাকরি চাইতে এসে আর কতবার পুলিশি জুলুমের সামনে পড়তে হবে? কতবার তারা এভাবে শারীরিক ও মানসিক হেনস্থার শিকার হবেন? সেই প্রশ্ন তোলেন চাকরিপ্রার্থীরা। পুলিশের পক্ষ থেকে এই বিষয়ে কোনও কথা বলা হয়নি। বিধানসভা চত্বরে যথেষ্ট উত্তেজনা ছড়িয়ে পড়ে এই ঘটনায়।












Click it and Unblock the Notifications