দেবীপক্ষেও প্রতিবাদের সুর, গঙ্গার ঘাটেও 'উই নিড জাস্টিস' স্লোগান
দেবীপক্ষ শুরু হল৷ মহালয়ার সকালে গঙ্গার ঘাটগুলিতে তর্পণ। এবার বাঙালির পুজোয় যেন অচেনা আবহ। আরজি কর হাসপাতালের নির্যাতিতার বিচার চাই। মহালয়ার সকালে গঙ্গার ঘাটেও এই স্লোগান শোনা গিয়েছে।
নির্যাতিতার পরিবারের দাবি, দেবীপক্ষ শুরু হয়েছে। এবার অসুর নিধন হবেই৷ আরজি কর কাণ্ডে শাস্তির দাবিতে মুখিয়ে আছে পরিবার। তাদের বাড়িতে দুই বছর আগে দুর্গাপুজো শুরু হয়েছিল। এবার তৃতীয় বছর পুজো হওয়ার কথা ছিল। সব যেন গোলমাল হয়ে গেল৷

এত হইহই করে আয়োজন পুজোর বাড়িতে। মেয়ের হুজুগেই দুর্গাপুজো শুরু হয়। আর দুর্গা পুজো করবেন কী না, সে কথা জানা নেই। এই বছর বাড়িতে উৎসবের কোনও আলো জ্বলবে না। গোটা বাড়ি ম্লান হয়ে রয়েছে। একমাত্র মেয়ে চলে গিয়েছেন তাদের ছেড়ে।
নির্যাতিতার মায়ের দাবি, শাস্তি পেতেই হবে। এবারের পুজো আলাদা। আলো নিভে গিয়েছে আগেই। আমার দুর্গার বিসর্জন হয়ে গিয়েছে। আমার দুর্গার বিচার এখনও বাকি৷ দেবীপক্ষের শুরু হয়ে গিয়েছে। বিচারের লড়াইও শুরু। অসুর নিধন হবেই।
গতকাল মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শ্রীভূমি পুজোর উদ্বোধন করেছেন। উৎসবের ফেরার বার্তা বারবার দিয়েছেন মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেতৃত্ব। এদিকে রাজ্যের একাংশের মানুষ চাইছেন প্রতিবাদ চলুক। উৎসবের দিনেও প্রতিবাদ যেন থমকে না থাকে। মহালয়ার সকালেও প্রতিবাদ হয়েছে। আরজি কর কাণ্ডে দোষীদের স্বাস্থ্যের দাবি তোলা হয়েছে। গতকাল রাতেও কলকাতা ও শহরতলির একাধিক জায়গায় রাত জাগা কর্মসূচি পালন করা হয়।
গঙ্গার ঘাটগুলিতে তর্পণের জন্য বহু মানুষের সমাগম হয়। সেখানেও আরজি কর কাণ্ডে দোষীদের শাস্তির দাবি তোলা হয়েছে। 'উই নিড জাস্টিস' স্লোগান উঠেছে গঙ্গার ঘাটে। গতকাল সন্ধ্যায় কলকাতায় মহামিছিল হয়েছে। হাজার হাজার মানুষ সেই মিছিলে পা মিলিয়েছিলেন। পুজোর দিনেও একই ভাবে বিক্ষোভ, আন্দোলন চলবে৷ প্রতিবাদীদের তরফ থেকে জানানো হয়েছে৷












Click it and Unblock the Notifications