যুবভারতীর ঘটনায় তদন্ত কমিটির প্রাথমিক রিপোর্ট পেশ! ‘সিট’ গড়ার সুপারিশ, নিষিদ্ধ সামগ্রী ঢোকা নিয়ে তদন্তের দাবি
যুবভারতীতে মেসির সফর ঘিরে যে বিশৃঙ্খলা তৈরি হয়েছিল, তার প্রাথমিক তদন্তে বড়সড় গাফিলতির ইঙ্গিত পাওয়া গেছে। মুখ্যমন্ত্রীর গড়ে দেওয়া তদন্ত কমিটির প্রধান, অবসরপ্রাপ্ত বিচারপতি অসীমকুমার রায় আজ সাংবাদিক বৈঠকে জানিয়েছেন যে, ঘটনায় নজরদারির অভাব স্পষ্ট।

গত রবিবার তদন্ত কমিটির সদস্যরা স্টেডিয়ামের মাঠ এবং গ্যালারির বিভিন্ন অংশ ঘুরে দেখেছেন। তদন্তে উঠে এসেছে যে, নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও মাঠের ভিতরে খাবার এবং জলের বোতল ঢুকে পড়েছিল। ভাঙা চেয়ার, গেট এবং বোতল ছড়িয়ে পড়ে থাকার মত ঘটনাও সামনে এসেছে।
অবসরপ্রাপ্ত বিচারপতির দাবি, "আমি যতটা জানি, মাঠের মধ্যে জলের বোতল ঢুকতে দেওয়া হয় না। কিন্তু মাঠে একাধিন ভাঙা চেয়ার, ভাঙা গেট, জল এবং ঠান্ডা পানীয়ের বোতল পড়েছিল। এই অনুষ্ঠানের দায়িত্বপ্রাপ্তদের আমরা প্রশ্ন করে জানতে পেরেছি যে, স্টেডিয়ামের ভিতরে স্টল লাগানো হয়েছিল। তবে এখনও এই বিষয়টির তদন্ত চলছে। সে দিন যাঁরা এই অনুষ্ঠানটির দায়িত্বে ছিলেন,তাঁদেরই এই বিষয়টা পুরোপুরিভাবে দেখা উচিত ছিল। তাই সরকারের কাছে আমার বলেছি যে, ওঁদের বিরুদ্ধে যেন বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়।"
গতকাল রাতেই তদন্ত কমিটির প্রাথমিক রিপোর্ট জমা পড়েছে। সেখানে জানানো হয়েছে যে, মেসির কলকাতা সফরের নিরাপত্তা এবং ব্যবস্থাপনার দায়িত্ব মূলত পুলিশ এবং ক্রীড়া দফতরের হাতে ছিল। আর এই দুই দফতরের কাছেই বিস্তারিত রিপোর্ট চাওয়া হয়েছে এবং ২৪ ঘণ্টার সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছে। করা কারা এর দায়িত্বে ছিলেন ও কী পরিকল্পনা করা হয়েছিল, সবটাই স্পষ্ট করতে বলা হয়েছে।
এছাড়াও, সম্পূর্ণ ঘটনাতীর গভীরভাবে তদন্তের জন্য একটি বিশেষ তদন্তকারী দল গঠনের প্রস্তাবও দিয়েছে কমিটি। তদন্তের নিরপেক্ষতা বজায় রাখার জন্যেই এই উদ্যোগ বলে জানানো হয়েছে। তদন্তের সময় স্টেডিয়ামে পরে থাকা ভাঙা চেয়ারগুলো পরীক্ষা করে দেখা হয়েছে। পাশাপাশি সেগুলি কতটা সহজে ভাঙা বা ছোড়া যায়, সমস্ত দিকই খতিয়ে দেখা হচ্ছে।
বিশৃঙ্খলা শুরু হওয়ার পর পুলিশ কেন দ্রুত কোনও পদক্ষেপ নেয়নি, গেটের তল্লাশিতে কোনও গাফিলতি ছিল কি না, এই সমস্ত প্রশ্নগুলির উত্তর এখনও পাওয়া যায়নি। বিচারপতি রায় জানিয়েছেন যে, প্রমাণ ছাড়া কাউকে দোষী সাব্যস্ত করা যাবে না। সব রিপোর্ট হাতে পাওয়ার পরেই চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছনো যাবে।
এদিকে, যাঁরা মোটা টাকা দিয়ে টিকিট কেটেও মাঠে মেসিকে দেখতে পাননি, তাঁদের টাকা ফেরত দেওয়া যায় কি না, সেই বিষয়টিও পরবর্তী পর্যায়ে সুপারিশ করা হবে বলে জানিয়েছে তদন্ত কমিটি।












Click it and Unblock the Notifications