গার্ডেনরিচে বৃদ্ধার মৃতদেহ উদ্ধার ঘিরে উত্তেজনা
কলকাতা, ২৫ ডিসেম্বর :বাড়ি থেকে বৃদ্ধার রহস্যজনক দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল কলকাতার গার্ডেন রিচ এলাকায়। পুলিশের অনুমান সম্পত্তির বিবাদের জেরে খুন করা হয়েছে ওই বৃদ্ধাকে।
পুলিশ সূত্রে জানানো হয়েছে মৃতের বয়স ৫৫ বছরের কাছাকাছি। গতকাল রাতে নাতনিকে নিয়ে শোয়ার ঘরে শুয়েছিলেন ওই বৃদ্ধা। এই একই অ্যাপার্টমেন্টে মৃতার কয়েকজন আত্মীয় থাকতেন। সকালবেলা তারা তাঁকে ডাকতে এলে তিনি সাড়া দেননি।

বেশ কিছুক্ষণ সাড়া না পেয়ে পুলিশে খবর দেয় আত্মীয়রা। এর পরে দরজা ভেঙে ভিতরে ঢুকলে দেখা যায় রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে রয়েছেন ওই মহিলা ও তাঁর নাতনি। এরপর দুজনকেই হাসপাতালে নিয়ে যাওয়া হলে বৃদ্ধার মৃত্যু হয়। নাতনির অবস্থাও আশঙ্কাজনক।
পুলিশের অনুমান সম্পত্তিজনিত বিবাদের জেরেই এই ঘটনা। বৃদ্ধা বাড়িতে একাই থাকতেন। তার সুযোগ নিয়েই এই ঘটনা ঘটানো হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।












Click it and Unblock the Notifications