তৃণমূল কংগ্রেস এখন লিমিডেট কোম্পানি! মুকুলের বিশ্ববাংলা-বাণে বিদ্ধ অভিষেক
তৃণমূল কংগ্রেস এখন লিমিডেট কোম্পানিতে পরিণত হয়েছে।বিশ্ববাংলা কোনও ব্র্যান্ড নয়, বিশ্ববাংলা আদতে একটা কোম্পানি। যে কোম্পানির মালিক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
তৃণমূল কংগ্রেস এখন লিমিডেট কোম্পানিতে পরিণত হয়েছে। হাতের ফাইল খুলে একে একে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে 'বজ্র-বাণ' হানলেন সদ্য দল ছাড়া মুকুল রায়। সরাসরি তৃণমূল যুব কংগ্রেস সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোপ দেগে মুকুল রায় দাবি করলেন, বিশ্ববাংলা কোনও ব্র্যান্ড নয়, বিশ্ববাংলা আদতে একটা কোম্পানি। যে কোম্পানির মালিক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

শুক্রবার ধর্মতলায় বিজেপির সমাবেশ থেকে মুকুল রায় অভিষেককে নিশানা করে আরও বলেন, 'যে জাগো বাংলাকে সবাই জানে তৃণমূল কংগ্রেসের মুখপত্র হিসেবে, আসলে তা-ও একটি কেম্পানি। এই কোম্পানির মালিকানাও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে।' এ প্রসঙ্গেই মুকুল রায় ব্যাখ্যা করেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পার্টি আদতে লিমিটেড কোম্পানিতে পরিণত হয়েছে।
তিনি আরও বলেন, সম্প্রতি বিশ্ববাংলার ব্যানারে বিশ্বকাপ অনুষ্ঠিত হল। সেই বিশ্ববাংলা ব্র্যান্ডটি আদতে একটা ব্যক্তিগত মালিকানা। সরকারের ব্র্যান্ড হিসেবে ব্যবহার করা হচ্ছে মুখ্যমন্ত্রীর নিকট আত্মীয়ের একটি কোম্পানিকে। তা আবার তুলে ধরা হচ্ছে বিশ্বের দরবারে। এ লজ্জার।
রাজ্য সরকারের পক্ষ থেকে মুকুল রায়ের এই দাবিকে সমূলে উৎখাত করেন স্বরাষ্ট্র সচিব অত্রি ভট্টাচার্য। তিনি পরিষ্কার জানিয়ে দেন, 'বিশ্ববাংলা ব্র্যান্ডকে সরকারি সংস্থা নয় বলে যে অভিযোগ তোলা হয়েছে, তা সর্বৈব মিথ্যা। বিশ্ববাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সৃষ্টি। তিনি বিনা শর্তে তা পশ্চিমবঙ্গ সরকারকে দিয়েছেন। ওই ব্র্যান্ড রাজ্য সরকারের রেজিস্ট্রিকৃত ব্র্যান্ড ও লোগো। কারও ব্যক্তিগত সম্পত্তি নয় বিশ্ববাংলা। বিশ্ববাংলার কপিরাইট কারও নামে নেই, তা পশ্চিমবঙ্গ সরকারের।'
এদিন শুধু বিশ্ববাংলা নিয়ে অভিষেককে কাঠগড়ায় তুলেই ক্ষান্ত থাকেননি মুকুল রায়, তিনি নাকতলা উদয়নের পুজোর বিজ্ঞাপনে চিটফান্ড যোগের কথাও তুলে ধরেন। এ প্রসঙ্গে 'বাচ্চা ছেলে' পার্থ চট্টোপাধ্যায়ের নামও জড়িয়ে দেন চিটফান্ড দুর্নীতির সঙ্গে। নাকতলা উদয়নের পুজোর বিজ্ঞাপনেও পার্থ চট্টোপাধ্যায়ের পাশে চিটফান্ড কর্তার ছবি দেখিয়ে তিনি দুর্নীতির অভিযোগ তোলেন।












Click it and Unblock the Notifications