কলকাতায় এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সেনার অনুষ্ঠানে যোগ দেবেন সোমবার
রবিবার সন্ধ্যায় কলকাতায় এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দু'দিনের সফরে এদিন রবিবার তিনি কলকাতায় পৌঁছে রাজভবনে উঠেছেন। এই সফরে তিনি ১৬তম সম্মিলিত কমান্ডার্স সম্মেলনের উদ্বোধন করবেন। আগামী বছর বিধানসভা নির্বাচনের আগে এক মাসেরও কম সময়ের মধ্যে এটি প্রধানমন্ত্রী মোদীর দ্বিতীয় রাজ্য সফর।
বিমানবন্দর থেকে সরাসরি এদিন রাজভবনে যান প্রধানমন্ত্রী। সেখানেই তিনি রাত্রিযাপন করবেন। সোমবার থেকে শুরু হতে যাওয়া এই সম্মেলনে যোগ দিতে কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও শহরে এসেছেন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান এবং প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিংও এই সম্মেলনে উপস্থিত থাকবেন।

প্রধানমন্ত্রী বিজয় দুর্গ-এর ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ড সদর দফতরে এই সম্মেলনের উদ্বোধন করবেন। সম্মিলিত কমান্ডার্স সম্মেলন হল সশস্ত্র বাহিনীর শীর্ষস্থানীয় চিন্তাভাবনার ফোরাম, যেখানে দেশের শীর্ষ বেসামরিক ও সামরিক নেতৃত্ব ধারণা ও কৌশলগত স্তরে মতামত আদান-প্রদান করতে একত্রিত হন।
আধিকারিকেরা জানিয়েছেন, প্রধানমন্ত্রী মোদী সোমবার দুপুরে কলকাতা থেকে বিহারের পূর্ণিয়ার উদ্দেশে রওনা দেবেন। এর আগে ২২ আগস্ট তাঁর শেষ কলকাতা সফরে প্রধানমন্ত্রী মোদী একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করেন এবং দমদমে একটি জনসভায় ভাষণ দিয়ে নানা ইস্যুতে রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকারকে কড়া রাজনৈতিক আক্রমণ করেন। সেবার মেট্রোর পথ উদ্বোধনে এসেছিলেন প্রধানমন্ত্রী মোদী।












Click it and Unblock the Notifications