উন্নয়নের বালাই নেই! মমতার সরকারের বিরুদ্ধে বেফাঁস দলেরই বিধায়ক, বাড়ল জল্পনা
তৃণমূল কংগ্রেস বিধায়ক রবিরঞ্জন চট্টোপাধ্যায় বিধানসভায় বাজেট অধিবেশনে বেফাঁস মন্তব্য করে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের অস্বস্তি বাড়ালেন।
মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যখন উন্নয়নকেই হাতিয়ার করেছে আসন্ন পঞ্চায়েত যুদ্ধে, তখন সেই উন্নয়নের ধারাকেই প্রশ্নের মুখে ফেলে দিলেন শাসক দলেরই এক বিধায়ক। তৃণমূল কংগ্রেস বিধায়ক রবিরঞ্জন চট্টোপাধ্যায় বিধানসভায় বাজেট অধিবেশনে বেফাঁস মন্তব্য করে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের অস্বস্তি বাড়ালেন।

বিধানসভায় বাজেট নিয়ে আলোচনার সময় বর্ধমান দক্ষিণ কেন্দ্রের তৃণমূল বিধায়ক রবিরঞ্জন চট্টোপাধ্যায় বলেন, 'উচ্চশিক্ষার জন্য টাকা এলেও রাজ্যের সরকার কাজ করে না। বিধানসভায় তাঁর এই বেফাঁস মন্তব্য নিয়ে শোরগোল পড়ে যায়। বিধানসভায় রাজ্য সরকারের বিরুদ্ধে বিরোধীরা যখন সুর চড়াচ্ছে সবেমাত্র, তখনই শাসক দলের বিধায়ক তাঁদের সুরেই সুর মেলালেন।'
রবিরঞ্জনবাবুর মুখে এই ধরনের কথা শুনে অবাক সকলেই। সবাই-ই হকচকিয়ে যান শাসক দলের বিধায়কের সরকার-বিরোধী কথায়। তিনি বলেন, 'কিছু কিছু সময় এমন কিছু খারাপ ঘটনা শিক্ষাক্ষেত্রে ঘটে, তাতে আমাদের দুঃখ হয়। এসব গুরুত্ব সহকারে সরকারের দেখা উচিত। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই তা দেখা হয় না।' এ প্রসঙ্গেই তিনি বলেন, 'উচ্চশিক্ষার টাকা আসে, তবু সেই টাকায় সরকার উচ্চশিক্ষার উন্নয়নে কাজ করে না।'

রবিরঞ্জনবাবু আরও বলেন, 'কোয়ালিটি এডুকেশনের জন্য রাজ্যে সরকারের কোনও প্রচেষ্টাই চোখে পড়ছে না। যা কিছু করার করছে ন্যাক। কিন্তু রাজ্য সরকার কি কিছু করছে? শুধু টাকা খরচ করাটাই সরকারের কাজ নয়। সেই টাকায় কী কাজ হচ্ছে, উচ্চশিক্ষার মান উন্নয়ন হচ্ছে কি না, সেদিকে বিশেষ দৃষ্টি দেওয়া দরকার। উচ্চশিক্ষার মান উন্নয়ন না করা গেলে, সেই কাজের কোনও মূল্য নেই।'
তিনি বলেন, 'প্রেসিডেন্সি তৈরি হয়েছিল শিক্ষণের জন্য আর কলকাতা বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছিল গবেষণার জন্য। এখন তার মান অনেকটাই কমেছে। শিক্ষামন্ত্রী যে উন্নয়নের চেষ্টা করছেন না, তা বলছি না। তিনি চেষ্টা করছেন, কিন্তু তার কোনও সুফল আমরা পাচ্ছি না।' তাঁর এই বিস্ফোরক মন্তব্যে অস্বস্তি বাড়ল সরকারের। তাঁর মন্তব্যকে ঘিরে নয়া জল্পনাও তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। তাঁর ইঙ্গিত নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর জল্পনা।












Click it and Unblock the Notifications