Jyotipriya Mallick: কাকুর পথেই কি জ্যোতিপ্রিয় মল্লিক? কোন রোগে কার্ডিওলজি বিভাগের কেবিনে মন্ত্রী?
বুকের কোনও সমস্যাই নেই মন্ত্রীর। তারপরেও তিনি কার্ডিওলজি বিভাগে ভর্তি হয়েছেন। এসএসকেএমের ৫ নম্বর কেবিন নিয়েই এখন চলছে চর্চা। ইডি আধিকারিকরাও এসএসকেএম হাসপাতালে রয়েছেন এই খবর লেখার সময়। প্রশ্ন একটাই জ্যোতিপ্রিয় মল্লিকের হল কী?
প্রেসিডেন্সি জেলে কি মন্ত্রী আবার ফিরে যাবেন? না কি অন্যান্যদের মতোই হাসপাতাল হয়ে গেল আপাতত অস্থায়ী ঠিকানা? মঙ্গলবার বিকেলের পর রাজ্যের বনমন্ত্রীর শারীরিক সমস্যা বাড়তে থাকে। তাকে প্রথমে জেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে পরে সোজা এসএসকেএম হাসপাতাল। রাতে জানা গিয়েছে, মন্ত্রী হাসপাতালে ভর্তি হয়েছেন।

কিন্তু কী কী শারীরিক সমস্যা হয়েছে মন্ত্রীর? কতটা উদ্বেগ রয়েছে জ্যোতিপ্রিয় মল্লিকের শরীরে? রাত পর্যন্ত মন্ত্রীর একাধিক শারীরিক পরীক্ষা হয়েছিল। কিন্তু তেমন কোনও বড় ধরনের শারীরিক অসুস্থতার কথা শোনা যায়নি। জানা গিয়েছে, প্রাথমিকভাবে জ্যোতিপ্রিয় মল্লিকের রক্তে শর্করার ওঠানামার সমস্যা হয়। ওষুধ দেওয়ার পর সেই অবস্থা অনেকটাই স্থিতিশীল হয়ে যায়।
কিন্তু আর কোন সমস্যা রয়েছে মন্ত্রীর? হার্টের কি তেমন কোনও গুরুতর সমস্যা দেখা দিয়েছে তার? না হলে কেন তাকে তড়িঘড়ি কার্ডিওলজি বিভাগে ভর্তি করা হল? শুধু তাই নয়, সেখানে মেডিসিন বিভাগের চিকিৎসকরা জ্যোতিপ্রিয় মল্লিককে দেখছেন।
আপাতত কার্ডিওলজি বিভাগের পাঁচ নম্বর কেবিনে রয়েছেন রাজ্যের বনমন্ত্রী। দেখা গিয়েছে, তার শরীরে নার্ভের কিছু সমস্যা রয়েছে। মন্ত্রী নিজেও আশঙ্কা করছিলেন, তার পক্ষাঘাত হতে পারে। বাঁ হাত সহ বামদিক তেমনভাবে কাজ করছে না।
কিন্তু প্রশ্ন হল, কার্ডিওলজি বিভাগের কেবিনে থেকে নার্ভের চিকিৎসা করার কি খুব প্রয়োজন? মন্ত্রী কি গুরুতর অসুস্থ? তার শারীরিক অবস্থার কথা জানতে ইডিও হাসপাতালে। চিকিৎসকদের সঙ্গে কথা বলছেন ইডি আধিকারিকরা।
কার্ডিওলজি বিভাগের ১ নম্বর কেবিনে ভর্তি আছেন সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু। এবার ওই বিভাগেই ভর্তি হলেন জ্যোতিপ্রিয়। তাহলে কি কাকুর পথেই হাঁটছেন রেশন বণ্টন দুর্নীতিতে অন্যতম অভিযুক্ত জ্যোতিপ্রিয় মল্লিক?
ঘটনায় রাজনৈতিক মহলেও চাপানউতোড় তৈরি হয়েছে। দিলীপ ঘোষ থেকে সুকান্ত মজুমদার, বিজেপি নেতারা খোঁচা দিয়ে কথা বলছেন। আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী বলেন, উডবার্ন ওয়ার্ডে চিকিৎসা হয় না কী? সেভ জোন, জলের মতো পরিষ্কার।












Click it and Unblock the Notifications